Skip to content

Bangla Sahityapath chapter 39: Samyabadi

সাম্যবাদী

  • Bangla Sahityapath
  • Textbook pages 266-269
  • 1 source
  • 6,690 characters of context

Textbook (verbatim transcription): Samyabadi

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents5

Printed page 266

সাম্যবাদী

কাজী নজরুল ইসলাম

কবি-পরিচিতি : 'বিদ্রোহী' কবিতা অংশে দ্রষ্টব্য ।

গাহি সাম্যের গান—
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান।
গাহি সাম্যের গান!

কে তুমি?—পার্সি? জৈন? ইহুদি? সাঁওতাল, ভীল, গারো?
কন্‌ফুসিয়াস্? চার্বাক—চেলা? বলে যাও, বল আরও!
বন্ধু, যা খুশি হও,
পেটে-পিঠে, কাঁধে-মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও,
কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক—
জেন্দাবেস্তা-গ্রন্থ-সাহেব পড়ে যাও যত সখ, –
কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শূল?
দোকানে কেন এ দর-কষাকষি? —পথে ফোটে তাজা ফুল!

তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ!
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের দেবতার।
কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত-পুঁথি-কঙ্কালে?
হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!

বন্ধু, বলিনি ঝুট,
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট
এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,
বুদ্ধ-গয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা-ভবন,
মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
এই রণ-ভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা-গীতা,

Printed page 267

এই মাঠে হলো মেষের রাখাল নবিরা খোদার মিতা।
এই হৃদয়ের ধ্যান-গুহা মাঝে বসিয়া শাক্যমুনি
ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি।
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহ্বান,
এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সাম-গান!
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই।

শব্দার্থ ও টীকা

শব্দঅর্থ
সাম্যসমদর্শিতা। সমতা।
সাম্যবাদজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এই মতবাদ।
পার্সিপারস্যদেশের বা ইরানের নাগরিক।
জৈনজিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বী জাতি।
ইহুদিপ্রাচীন হিব্রু বা জু-জাতি ও ধর্ম-সম্প্রদায়ের মানুষ।
সাঁওতাল, ভীলভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠীবিশেষ।
গারোগারো পর্বত অঞ্চলের অধিবাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীবিশেষ।
কন্‌ফুসিয়াসচীনা দার্শনিক। এখানে তাঁর অনুসারীদের বোঝানো হয়েছে।
চার্বাকএকজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না।
জেন্দাবেস্তাপারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ 'আবেস্তা' এবং তার ভাষা জেন্দা।
সকল শাস্ত্র ... দেখ নিজ প্রাণইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ 'কোরান শরিফ', হিন্দুদের 'বেদ', খ্রিষ্টান সম্প্রদায়ের 'বাইবেল'—এভাবে পৃথিবীর নানা জাতির নানা ধর্মগ্রন্থ। কবি এখানে বলতে চেয়েছেন সকল ধর্মগ্রন্থের মূলমন্ত্র মানুষের হৃদয়ের মধ্যেই সংকলিত আছে তা হচ্ছে মানবতাবোধ, সমতার দৃষ্টিভঙ্গি।
যুগাবতারবিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতার।
দেউলদেবালয়। মন্দির।
ঝুটমিথ্যা।
নীলাচলজগন্নাথক্ষেত্র। নীলবর্ণযুক্ত পাহাড়। যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না।
কাশী, মথুরা, বৃন্দাবন, গয়াহিন্দুদের ধর্মীয় কয়েকটি পবিত্র স্থান।
জেরুজালেমবায়তুল-মোকাদ্দাস। ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটি মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের নিকট সমভাবে পুণ্যস্থান।

Printed page 268

শব্দঅর্থ
মসজিদ এই ... এই হৃদয়মানুষের হৃদয়ই মসজিদ, মন্দির গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র।
বাঁশির কিশোর গাহিলেন
মহা-গীতাহিন্দুধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণীই শ্রীমদ্ভগবদ্‌গীতা।
শাক্যমুনিশাকবংশে জন্ম যার। বুদ্ধদেব।
কন্দরেপর্বতের গুহা। (হৃদয়ের) গভীর গোপন স্থান।
আরব-দুলালআরব সন্তান। এখানে হজরত মুহম্মদ (স) কে বোঝানো হয়েছে।
কোরানের সাম-গানপবিত্র কোরানের সাম্যের বাণী।

পাঠ-পরিচিতি

আবদুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলি'র প্রথম খণ্ড থেকে 'সাম্যবাদী' কবিতাটি সংকলন করা হয়েছে। ১৯২৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত 'সাম্যবাদী' কাব্যের অন্তর্ভুক্ত এ কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কবি এই 'সাম্যের গান' গেয়েই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। কবির বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি সত্যিকার মানুষের জীবনপথের প্রেরণা। কিন্তু মানুষ এখনও সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে। ধর্ম-বর্ণ-গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন : “মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর”। তাই তিনি জোর দেন অন্তর-ধর্মের ওপর। ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষ আহরণ করতে পারে, তাকে যথোপযুক্তভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন প্রগাঢ় মানবিকতাবোধ। মানুষের হৃদয়ের চেয়ে যে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই, এই প্রতীতি কবির স্বোপার্জিত অনুভব। এ কারণেই কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সংগীত পরিবেশন করতে আগ্রহী। এ গানে মানুষে মানুষে সব ব্যবধান ঘুচে যাবে। মানবতার সুবাস ছড়ানো আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব, এই মর্মবাণীকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কবিতায় নজরুলের অন্বিষ্ট।

বহুনির্বাচনি প্রশ্ন

১. 'জেন্দা' একটি—
ক. গ্রন্থ
খ. জাতি
গ. ব্যক্তি
ঘ. ভাষা

২. মৃত পুঁথি-কঙ্কাল কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. পুরনো বই পুস্তক
খ. মানুষের কঙ্কাল
গ. অতীত ইতিহাস
ঘ. পুরনো ধ্যান-ধারণা

Printed page 269

নিচের কবিতাংশটি পড়ে ৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে
যবে মিলি পরস্পরে
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন
আমাদের কুঁড়ে ঘরে।

৩. উদ্দীপকে 'সাম্যবাদী' কবিতার যে দিকটি উচ্চারিত হয়েছে তা হলো—
i. সৌহার্দ ও সম্প্রীতির বাণী
ii. অসাম্প্রদায়িকতার বাণী
iii. পারস্পরিক ভালোবাসার বাণী

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৪ । কাজী নজরুল ইসলামকে সাম্যবাদী কবি বলা হয়, কারণ তিনি—
i. নারী-পুরুষের সমতা চেয়েছেন
ii. ধনী-গরিবের সমতায় বিশ্বাসী ছিলেন
iii. ধর্মীয় বিভেদ ভুলে যেতে বলেছেন

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

চাষা বলে কর ঘৃণা!
দেখো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
তারাই আনিল অমর বাণী— যা আছে রবে চিরকাল।
দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারি ও ভিখারিনী,
তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্ঠি দিলে,
দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।

ক. 'যুগাবতার' শব্দের অর্থ কী?
খ. কবি কেন সাম্যের গান করেন?
গ. উদ্দীপকে 'সাম্যবাদী' কবিতার কোন বিশেষ প্রসঙ্গটি প্রতিফলিত হয়েছে?
ঘ. "মানুষের মাঝেই সৃষ্টিকর্তা বিরাজ করেন।"—উদ্দীপক ও 'সাম্যবাদী' কবিতার আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.