Skip to content

Bangla Sahityapath chapter 53: Picture

ছবি

  • Bangla Sahityapath
  • Textbook pages 324-327
  • 1 source
  • 7,452 characters of context

Textbook (verbatim transcription): Picture

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 324

ছবি

আবু হেনা মোস্তফা কামাল

কবি-পরিচিতি

আবু হেনা মোস্তফা কামাল ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১২ই মার্চ সিরাজগঞ্জ (তৎকালীন পাবনা) জেলার অন্তর্গত উল্লাপাড়ার গোবিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম এম. শাহজাহান আলী, মাতা খালেকুননেসা। বিশিষ্ট রোমান্টিক কবি আবু হেনা মোস্তফা কামাল ছিলেন একই সঙ্গে খ্যাতিমান অধ্যাপক, সফল গীতিকার, সম্মোহনক্ষম বাগ্মী ও মননশীল সাহিত্য-সমালোচক। সমগ্র শিক্ষাজীবনে তিনি সুপরিচিত ছিলেন কৃতী ছাত্র হিসেবে। ১৯৫৯ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ খ্রিষ্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পাবনার এডওয়ার্ড কলেজে অধ্যাপনা দিয়ে শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। তিনি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক থাকাকালে তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। আবু হেনা মোস্তফা কামালের রোমান্টিক কবিস্বভাব তাঁর কবিতাকে করেছে নন্দনশোভন। শব্দের বহুমুখী দ্যোতনা ও চিত্রধর্মিতা তাঁর কবিতার প্রধান সম্পদ। তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে— কাব্যগ্রন্থ: 'আপন যৌবন বৈরী', 'যেহেতু জন্মান্ধ', 'আক্রান্ত গজল'; গীতি-সংকলন: 'আমি সাগরের নীল'; প্রবন্ধগ্রন্থ: 'শিল্পীর রূপান্তর', 'কথা ও কবিতা'। সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন 'আলাওল সাহিত্য পুরস্কার' ও বাংলাদেশ সরকার প্রদত্ত 'একুশে পদক'।

কবি আবু হেনা মোস্তফা কামাল ১৯৮৯ খ্রিষ্টাব্দের ২৩শে সেপ্টেম্বর ৫৩ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন।

আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ
ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান।
অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই,
কিন্তু তাতে কিছু আসে যায় না— আপনার স্ফীত সঞ্চয় থেকে
উপচে-পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন
ডাল্লাস অথবা মেফিস অথবা কালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ!

আসুন, ছবির মতো এই দেশে বেড়িয়ে যান
রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা
আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না, বস্তুত শিল্প মানেই নকল নয় কি?
অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ
অকৃত্রিম;
আপনাকে আরও খুলে বলি : এটা, অর্থাৎ আমাদের এই দেশ,

Printed page 325

এবং আমি যার পর্যটন দফতরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি,
সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে
সম্প্রতি সাজানো হয়েছে।
খাঁটি আর্যবংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর
দীর্ঘ ন'টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি।
এখনো অনেক জায়গায় রং কাঁচা— কিন্তু কী আশ্চর্য গাঢ় দেখেছেন?
ভ্যান গগ—যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে
ব্যবহার করতেন— কখনো, শপথ করে বলতে পারি,
এমন গাঢ়তা দ্যাখেন নি!
আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার— ওর ভেতরেও
একটা গভীর সাজেশান আছে— আসলে ওটাই এই ছবির— অর্থাৎ
এই ছবির মতো দেশের— থিম!

শব্দার্থ ও টীকা

মনোহারী স্পট – চিত্তাকর্ষক পর্যটনস্থল।
স্ফীত সঞ্চয় – ফুলে ফেঁপে ওঠা সঞ্চিত অর্থ।
ডলার – আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সরকারি মুদ্রার নাম।
মার্ক – বিভিন্ন জাতিরাষ্ট্রের মুদ্রার নাম বা হিসাবের একক। সোনা ও রুপার ওজন পরিমাপে মার্ক হিসাবের একক হয়ে কাজ করে।
স্টার্লিং – পাউন্ড স্টার্লিং। পাউন্ড নামে বিশেষভাবে পরিচিত যুক্তরাজ্যের সরকারি মুদ্রা।
ডাল্লাস – মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অন্যতম জনাকীর্ণ নগর।
মেফিস – মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য টেনিসির একটি নগর। নগরটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত।
কালিফোর্নিয়া – আয়তনের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম অঙ্গরাজ্য।
শিল্প মানেই নকল নয় কি? – বহু তাত্ত্বিক বলেছেন, সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ। এ অর্থেই সম্ভবত কবি শিল্পকে 'নকল' বলেছেন।
খাঁটি আর্যবংশ সম্ভূত – আর্য মানে Aryan। মানবজাতিবিশেষ।শব্দটির এক অর্থ শ্রেষ্ঠ। এখানে এ অর্থেই ব্যবহৃত হয়েছে।
ত্রিশ লক্ষ কারিগর – বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহিদ।

Printed page 326

ভ্যান গগ – বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলেম ভ্যান গগ (১৮৫৩-১৮৯০)। ইনি পোস্ট-ইম্প্রেশনিস্ট শিল্পী হিসেবে সমধিক পরিচিত। আবেগের সততা, রূঢ় সৌন্দর্য ও গাঢ় রং ব্যবহারের কুশলতায় বিশ শতকের চিত্রশিল্পে প্রভূত প্রভাব বিস্তার করেছিলেন তিনি। The Potato Eaters, self portraits, wheat fields এবং sunflowers তাঁর অন্যতম বিখ্যাত ছবি।
নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার – বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী অসংখ্য শহিদের কথা বলা হয়েছে।
সাজেশান – একটি বিশেষ চিন্তা যা নতুন কিছুর উন্মেষ ঘটায়।
থিম্ – আঁকা ছবিতে সঞ্চারিত বিশেষ কোনো চিন্তা বা বাণীকেই চিত্রশিল্পে থিম্ বলা হয়। সাধারণত ওই বাণী জীবন, সমাজ ও মানবীয় প্রকৃতিকে অবলম্বন করে প্রকাশ পেয়ে থাকে। থিম্-এর মাধ্যমে একটি ছবির মৌলিক ও বিশ্বজনীন মূল্য প্রতিভাত হয়।

পাঠ-পরিচিতি

'ছবি' কবিতাটি আবু হেনা মোস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ 'আপন যৌবন বৈরী' থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় রোমান্টিক কবি নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। কবি নিপুণ শব্দের ছবি এঁকে বুঝিয়ে দেন ত্রিশ লক্ষ খাঁটি বাঙালি-শিল্পী তথা শহিদের দীর্ঘ নয় মাসের শ্রমে-আত্মদানে সৃজিত হয়েছে এই ছবি। তাঁর নিশ্চিত ধারণা, রঙের জাদুকর শিল্পী ভ্যান গগও ছবিটিতে ছড়ানো রঙের আশ্চর্য গাঢ়তা কখনো দেখেননি। কবি মনে করেন, ছবিটিতে ব্যবহৃত অসংখ্য নরমুণ্ডের ব্যবহার ত্রিশ লক্ষ শহিদের আত্মদানের সংগ্রামী চেতনাকে ধারণ করে আছে, যা এই ছবির মতো দেশটির গৌরবময় স্মারক। ত্রিশ লক্ষ শহিদের রক্তস্নাত সুন্দর এই দেশ পরিদর্শনের জন্য কবি বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন কবিতায়।

কবিতাটি গদ্যছন্দে রচিত। গদ্যছন্দে কোনো সুনির্দিষ্ট পর্ব ও মাত্রাসাম্য থাকে না।

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোনটি আবু হেনা মোস্তফা কামালের গীতি সংকলন?
ক. আক্রান্ত গজল
খ. আমি সাগরের নীল
গ. যেহেতু জন্মান্ধ
ঘ. শিল্পীর রূপান্তর

২. "মেফিস অথবা কালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ" বলতে বোঝানো হয়েছে—
i. এদেশের অতুলনীয় সৌন্দর্য
ii. দেশের প্রতি কবির মমত্ববোধ
iii. মেফিস, কালিফোর্নিয়ার সৌন্দর্য শিশুদের উপযোগী

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

Printed page 327

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

এসেছি আবার ফিরে... রাতজাগা নির্বাসন শেষে
এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে

৩. উদ্দীপকে 'ছবি' কবিতার যে ভাবগুলো প্রকাশিত হয়েছে তা হলো—
i. সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম
ii. যুদ্ধকালীন মানুষের বিপর্যস্ত জীবন
iii. বাঙালির স্বাধীনতা অর্জন

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. উক্ত ভাবকে কবি আবু হেনা মোস্তফা কামাল 'নতুন একটি ছবি' হিসেবে কল্পনা করেছেন কেন?
ক. ছবির মতো সুন্দর দেশ বলে
খ. খাঁটি বাঙালি শিল্পীর আঁকা বলে
গ. অকৃত্রিম রঙ ব্যবহৃত হয়েছে বলে
ঘ. ত্রিশ লক্ষ কারিগরের রক্তে রঞ্জিত বলে

সৃজনশীল প্রশ্ন

শহিদের পুণ্য রক্তে সাত কোটি
বাঙালির প্রাণের আবেগ আজ
পুষ্পিত সৌরভ। বাংলার নগর, বন্দর
গঞ্জ, বাষট্টি হাজার গ্রাম
ধ্বংসস্তূপের থেকে সাত কোটি ফুল
হয়ে ফোটে। প্রাণময় মহৎ কবিতা
আর কোথাও দেখি না এর চেয়ে।

ক. কবি আবু হেনা মোস্তফা কামাল এদেশকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
খ. কবি নিজেকে 'এদেশের পর্যটন দফতরের অন্যতম প্রধান' বলেছেন কেন?
গ. উদ্দীপকে বাঙালির প্রাণের আবেগ পুষ্পিত হবার বিষয়টি 'ছবি' কবিতায় কীভাবে বাঙ্ময় হয়ে উঠেছে ব্যাখ্যা করো।
ঘ. "বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'ছবি' কবিতা যেন একই সূত্রে গাঁথা।"— উক্তিটি মূল্যায়ন করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.