Skip to content

Amar Bangla Boi chapter 20: Kitten

বিড়াল ছানা

  • Amar Bangla Boi
  • Textbook pages 40-42
  • 1 source
  • 2,844 characters of context

Textbook (verbatim transcription): Kitten

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents7

Printed page 40

পাঠ ২০

বিড়াল ছানা

ঝিলি ও মিলি দুই বোন। তারা দেখতে একই রকম। সবাই ডাকে ঝিলিমিলি।
দুজনের দুটি বিড়াল। ঝিলির বিড়াল সাদা। মিলির বিড়াল কালো।

বিড়াল দুটির খুব বন্ধুত্ব। এক সাথে ঘুরে বেড়ায়। দুষ্টুমি করে। ঝিলি-মিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে। ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে। ঝিলি-মিলি মাছ খেতে দেয়। বাটিতে করে দুধ দেয়। বিড়াল দুটি মজা করে খায়।

একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। ঝিলি-মিলির ভীষণ মন খারাপ। এ-বাড়ি ও-বাড়ি খোঁজ করে। কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে। মিলি কাঁদে। ভাবে, কোথায় হারিয়ে গেল বিড়ালটি?

দুদিন পর। সন্ধ্যাবেলা। হঠাৎ শোনা গেল, মিঁউ মিঁউ। ঝিলি-মিলি দৌড়ে এলো। দেখে, বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। দুজন কী খুশি! সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এ কি! কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন?

মিলি কোলে নিয়ে দেখে বিড়ালটার পায়ে ক্ষত। হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে! বাবা বললেন, চিন্তা কোরো না। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি।

Printed page 41

কয়েক দিন পর পা ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে। ঝিলি-মিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়—

মিষ্টি বিড়াল ছানা
দুষ্টুমি তার মানা।
ঘরের ভেতর নাচে গায়,
তাই রে না না না না।

শব্দ শিখি

উধাও – হারিয়ে যাওয়া। ক্ষত – ঘা, আঘাতের দাগ।

বলি

১. গল্পের দুই বোনের নাম কী?

২. ঝিলি-মিলির মন খারাপ হয়েছিল কেন?

৩. কালো বিড়ালের কী হয়েছিল?

৪. কালো বিড়ালের পা কীভাবে ঠিক হলো?

৫. পশুপাখির সাথে আমরা কেমন আচরণ করব?

জেনে রাখি

কিছু পশুপাখি বাড়িতে থাকে। যেমন : গরু, ছাগল, হাঁস, মুরগি। এরা আমাদের অনেক কাজে লাগে। এরা কী কী কাজে লাগে তা বলি।

Printed page 42

টিক চিহ্ন দিই

কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে?

Figure

লেবেল: হরিণ, গরু, শিয়াল, হাঁস, কুকুর, বাঘ

হরিণ
গরু
শিয়াল
হাঁস
কুকুর
বাঘ

বর্ণনা: শিয়াল, গরু, বাঘ, হরিণ, কুকুর ও হাঁসের ছবি; প্রতিটি প্রাণীর পাশে একটি ফাঁকা ঘর আছে যেখানে টিক চিহ্ন দিতে হবে।

লিখি

১. ঝিলি-মিলি বিড়াল দুটিকে কী খেতে দেয়?

২. মিলি কাঁদছিল কেন?

৩. কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিলেন?

সাজিয়ে লিখি

খুব দুটির বিড়াল বন্ধুত্ব।বিড়াল দুটির খুব বন্ধুত্ব।
ছিল দেশে এক রাখাল এক।
চাষ গ্রামে হয় ফসলের।
মার আমি যাব মেলায় সাথে।
হবে সাথে দেখা বন্ধুদের আবার।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.