নববর্ষ
বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন হলো পহেলা বৈশাখ। এদিন আমাদের নববর্ষ। নববর্ষে অনেক মেলা হয়, অনেক খেলাধুলা হয়, অনেক গানবাজনা হয়, শোভাযাত্রা হয়, অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। সেদিন অনেক মজা হয়। আমাদের খুব ভালো লাগে।
নববর্ষের সময় দোকানে দোকানে হালখাতা হয়। সেদিন সুন্দর করে দোকান সাজানো হয়। হালখাতা হলো পুরনো বছরের সব দেনা-পাওনা মিটিয়ে দেওয়ার অনুষ্ঠান। হালখাতা অনুষ্ঠানে মিষ্টান্ন ও ফলমূল দিয়ে আপ্যায়ন করা হয়।
নববর্ষে নদী, হাওড় ও বিলে নৌকাবাইচ হয়। নৌকাবাইচ হলো নৌকা চালানোর প্রতিযোগিতা। নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায়।
নববর্ষে গ্রাম ও শহরে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। অনেক রঙের ঘুড়ি আকাশে ওড়ে। দেখতে খুব সুন্দর লাগে।
Printed page 49
কোথাও ফুটবল, ক্রিকেট, হাডুডু, দাঁড়িয়াবান্ধা বা লাঠি খেলার আয়োজন হয়। অনেক মানুষ ভিড় করে খেলা দেখে।
নদীর ধারে, হাট-বাজারের পাশে ও বড়ো গাছের নিচে মেলা বসে। মেলায় অনেক পণ্যের পসরা বসে। মাটির তৈরি পুতুল, হাতি, ঘোড়া ও ফলমূল পাওয়া যায়। বাঁশ ও বেতের তৈরি জিনিস পাওয়া যায়। অনেক রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায়।
নববর্ষের মেলার অন্যতম আকর্ষণ নাগরদোলা। ছোটো-বড়ো সবাই নাগরদোলায় চড়ে। নাগরদোলায় চড়তে খুব মজা।