সবাই মিলে কাজ করি
বহুদিন আগের কথা। মহানবি হজরত মুহম্মদ (স) তখন মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন, শত্রুরা মদিনায় হামলা করবে। তিনি সবাইকে ডেকে বললেন, শহরের চারপাশে পরিখা খুঁড়তে হবে। এতে শত্রুরা শহরে আসতে পারবে না।
অনেকেই বলল, এ কাজে তো অনেক সময় লাগবে।
মহানবি (স) বললেন, সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয়।
দশজন দশজন করে দল গড়া হলো। কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো। তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। মহানবি (স) দেখলেন, একটি দলে নয় জন কাজ করছে। তিনি বললেন, আমি এই দলের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও।
Printed page 55
সবাই বলল, আপনি কেন এ কাজ করবেন?
নবিজি (স) বললেন, তোমরা কাজ করবে, আর আমি বসে থাকব?
তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন।
কয়েক দিনের মধ্যে পরিখা খোঁড়া শেষ হলো। সবাই বুঝল, একসাথে করলে কাজ সহজ হয়।
শব্দ শিখি
মদিনা – আরবের একটি শহর। হামলা – আক্রমণ। পরিখা – খাল।
বিরাম চিহ্ন বসাই
বহুদিন আগের কথা □
সবাই বলল □ আপনি কেন এ কাজ করবেন □
সবাই বুঝল □ একসাথে করলে কাজ সহজ হয় □
সবাই মিলে করি
সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করি।