Skip to content

Amar Bangla Boi chapter 7: Story of Grasshopper and Ant

ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প

  • Amar Bangla Boi
  • Textbook pages 20-22
  • 1 source
  • 2,660 characters of context

Textbook (verbatim transcription): Story of Grasshopper and Ant

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 20

পাঠ ৭

ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প

শরতের এক দুপুর। চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিড়িং বিড়িং করে খেলা করছিল।

ঘাসফড়িংটি দেখতে পেল, একটি পিঁপড়া রোদের মধ্যে বড়ো একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে।

সে পিঁপড়াকে জিজ্ঞাসা করল, কী সুন্দর দুপুর! আলোয় চারদিক ঝলমল করছে। এমন সময় কী করছ তুমি? এসো, আমরা খেলা করি।

পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ।

ঘাসফড়িং বলল, কী কাজ তোমার?

Printed page 21

পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে। আমি তখন ঘর থেকে বের হতে পারব না। তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি।

ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেকদিন বাকি আছে। এসো, আমরা খেলা করি।

পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো, আর আমি আমার কাজ করি।

ঘাসফড়িং ভাবল, পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিড়িং বিড়িং করে খেলা করতে লাগল।

দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল। চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। খেলতেও পারে না।

তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমাকে একটু খাবার দেবে?

পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করোনি কেন?

ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেড়িয়েছি।

পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও। সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে।

শব্দ শিখি

শরৎকাল — ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু

শীতকাল — পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু

সঞ্চয় — জমা

Figure

বর্ণনা: একটি হলুদ ঢাকনাওয়ালা কাঠের বাক্সের ভেতরে খাবারের দানা ভরা; একটি পিঁপড়া বাক্সের কাছে আর একটি ঘাসফড়িং পাথরের ওপর বসে আছে।

Printed page 22

অনুশীলনী

১। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই।

জিজ্ঞাসা জ্ঞ = জ+এও

ক্ষুধা ক্ষ = ক+ষ

সঞ্চয় ঞ্চ = এঙ+চ

কষ্ট ষ্ট = ষ+ট

২। বাক্যগুলো এলোমেলো আছে। সাজিয়ে লিখি।

সূর্যের তাপ কমে গেল। খেলতেও পারে না। ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। চারপাশ কুয়াশায় ভরে গেল। দেখতে দেখতে শীতকাল এসে গেল।

৩। উত্তর বলি ও লিখি।

(ক) পিঁপড়া রোদের মধ্যে কী করছিল?

(খ) ঘাসফড়িং কী করছিল?

(গ) ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল?

(ঘ) কে বোকা—পিঁপড়া, নাকি ঘাসফড়িং?

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.