Amar Bangla Boi chapter 9: Punishment of the Frog
ব্যাঙের সাজা
- Amar Bangla Boi
- Textbook pages 26-30
- 1 source
- 4,977 characters of context
Textbook (verbatim transcription): Punishment of the Frog
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 26
পাঠ ৯
ব্যাঙের সাজা
একবার বনে খুব অশান্তি শুরু হলো।
এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন। মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে।
রাজা সিপাইদের ডেকে বললেন, যাও, মুরগিকে ধরে নিয়ে এসো।
Figure
বর্ণনা: একটি বাদামি রঙের মুরগি ডানা ছড়িয়ে ছুটে চলেছে।
মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই।
Figure
বর্ণনা: একটি সবুজ সাপ কুণ্ডলী পাকিয়ে আছে, তার লেজ নিচের দিকে ঝুলছে।
সিপাইরা সাপকে ধরে আনল। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন, রাজা মশাই।
Figure
বর্ণনা: একজন সিপাই বর্শা হাতে দাঁড়িয়ে আছে; তার পাশে একটি হরিণ।
সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনল। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম। তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে।
Printed page 27
রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো।
সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল। তাই আমি গলা পরিষ্কার করতে খকখক করেছিলাম। আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন, রাজা মশাই।
Figure
বর্ণনা: একটি নীল-সবুজ রঙের সারস পাখি লম্বা গলা বাঁকিয়ে ডানা মেলে আছে।
রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন, রাজা মশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে। রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন, রাজা মশাই।
রাজার সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কী হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল – হেঁইও, হেঁইও –
Figure
বর্ণনা: একটি বড় গাছের গুঁড়ির নিচে গর্ত; গর্তের ভেতর থেকে ব্যাঙের সবুজ ঠ্যাং দেখা যাচ্ছে।
ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাং, তুমি মিথ্যা বলেছিলে কেন?
ব্যাং বলল, ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম, রাজা মশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে, রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম।
রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ। বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে।
Figure
বর্ণনা: একটি কাঁঠাল গাছের ডালে কাঁঠাল ঝুলছে; গাছের গুঁড়ি থেকে আঠালো কষ ঝরছে।
রাজার সিপাইরা ব্যাংটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগল। কিন্তু বারবার চাবুক গিয়ে লাগল কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে।
Figure
বর্ণনা: একটি সবুজ ব্যাং পাথরের ওপর বসে আছে; গায়ে গাঢ় রঙের ছোপ।
তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল।
Printed page 28
শব্দ শিখি
| রাজার দরবার | – রাজা যেখানে সভা করেন |
| সিপাই | – সৈনিক |
| গুজব | – মিথ্যা তথ্য |
| রটানো | – ছড়ানো |
| চাবুক | – মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে |
অনুশীলনী
১। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
দরবার সিপাই গুজব চাবুক রটানো
২। খালি জায়গায় শব্দ বসাই।
| দরবার | সিপাই | গুজব | চাবুক | রটানো |
|---|
(ক) দুজন ............................ পাহারা দিচ্ছে।
(খ) রাজার আদেশে সবাই ............................ হাজির হয়েছে।
(গ) ............................ কান দিও না।
(ঘ) ঘোড়া চালাতে ............................ প্রয়োজন হয়।
(ঙ) খবরটা সত্যি। কিন্তু মিথ্যা বলে ............................ হয়েছে।
Printed page 29
৩। কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি।
প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে –
ক) ,
খ) ।
গ) ?
ঘ) –
পিঁপড়া পিলপিল করে গেল –
ক) শহরের কাছে
খ) মাটির গর্তে
গ) কাঁঠাল গাছের তলায়
ঘ) রাজার দরবারে
লেজ থেকে রক্ত ঝরছে –
ক) হরিণের
খ) সাপের
গ) বুলবুলির
ঘ) মুরগির
ব্যাঙ বেড়াতে গিয়েছিল –
ক) মুরগির বাড়িতে
খ) গর্তে
গ) গ্রামে
ঘ) শহরে
৪। বলি ও লিখি।
(ক) পিঁপড়া রাজার দরবারে গেল কেন?
(খ) কে মুরগির ডিম ভেঙেছিল?
(গ) বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল?
(ঘ) কীভাবে ব্যাঙের গায়ে দাগ হলো?
Printed page 30
৫। ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই।
| ঘ্যাঙর ঘ্যাং | কক কক | পিলপিল | হেঁইও |
|---|
পিঁপড়া –
মুরগি –
ব্যাঙ –
টানতে টানতে বলা –
৬। ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি।
Figure
বর্ণনা: একটি বাদামি-লাল মুরগি ডানা ঝাপটাচ্ছে।
Figure
বর্ণনা: একটি হরিণ, গায়ে ছোপ ছোপ দাগ, মাথায় শিং।
Figure
বর্ণনা: একটি সবুজ সাপ।
Figure
বর্ণনা: একটি সারস পাখি, লম্বা গলা ও রঙিন ডানা।
Figure
বর্ণনা: একটি সবুজ ব্যাং, পাথরের ওপর বসা।
Figure
বর্ণনা: একটি বুলবুলি পাখি, মাথায় ঝুঁটি।
Figure
বর্ণনা: একটি লাল পিঁপড়া।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.