Amar Bangla Boi chapter 17: Our Festivals
আমাদের উৎসব
- Amar Bangla Boi
- Textbook pages 58-61
- 1 source
- 4,069 characters of context
Textbook (verbatim transcription): Our Festivals
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 58
পাঠ ১৭
আমাদের উৎসব
উৎসব মানে আনন্দ-অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে।
কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়। কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে। আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়।
১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এ দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয়। বিক্রি হয় মুড়ি, মুড়কি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়।
নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। ওখানে এই উৎসবকে বৈসাবি বলে। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে। যেমন– ফুল সংগ্রহ করা হয়। অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। মজার মজার খেলার আয়োজন করা হয়।
মুসলমানদের প্রধান উৎসব ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি-সেমাই, পোলাও-মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে।
Printed page 59
হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজামণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মীপূজা। লক্ষ্মীপূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে।
খ্রিস্টানরা ডিসেম্বর মাসের ২৫ তারিখে বড়োদিন পালন করে। এদিন ক্রিসমাস ট্রিতে ছোটো ছোটো বাতি লাগিয়ে সাজানো হয়। ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে, লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন।
বৌদ্ধদের সবচেয়ে বড়ো উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়। এদিন বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায়। ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায়। সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়।
এছাড়া কিছু উৎসব পারিবারিক। কিছু উৎসব সামাজিক। জন্মদিন, বিয়ে এ ধরনের উৎসব। উৎসবে আমাদের মন ভালো হয়। নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে।
Printed page 60
শব্দ শিখি
জাঁকজমক – আড়ম্বর
অঞ্চল – এলাকা
পার্বত্য – পাহাড়ি
আলপনা – নকশা
প্রদীপ – বাতি
অনুশীলনী
১। বাক্য বলি ও লিখি।
উৎসব ____________________________________
বরণ ____________________________________
আলপনা ____________________________________
জন্মদিন ____________________________________
২। ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি।
(ক) ঈদে ঈদগাহে সবাই _____________ পড়তে যায়।
(খ) _____________ বাংলা বছরের প্রথম দিন।
(গ) হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব _____________।
(ঘ) সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় _____________।
ডান পাশের শব্দ: ১লা বৈশাখ; বুদ্ধ পূর্ণিমায়; নামাজ; দুর্গাপূজা
৩। বাম পাশের সাথে ডান পাশের মিল করি।
মুসলমানদের প্রধান উৎসব
হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব
বৌদ্ধদের সবচেয়ে বড়ো উৎসব
খ্রিস্টানদের সবচেয়ে বড়ো উৎসব
ডান পাশ: বুদ্ধ পূর্ণিমা; বড়োদিন; ঈদ; দুর্গাপূজা
Printed page 61
৪। বুঝে নিই।
পাঁচন – বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার।
বৌদ্ধবিহার – বৌদ্ধদের প্রার্থনার স্থান।
৫। মুখে মুখে উত্তর বলি ও লিখি।
(ক) ঈদ-উল আজহা কাদের উৎসব?
(খ) কোন পূজা শরৎকালে হয়?
(গ) কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়?
(ঘ) কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়?
৬। নিচের ছবিগুলো দেখি ও কোনটি কোন উৎসবের ছবি তা লিখি।
Figure
বর্ণনা: লাল পোশাক ও লাল টুপি পরা, সাদা দাড়িওয়ালা একজন মানুষ।
Figure
বর্ণনা: দুজন পুরুষ একে অপরকে জড়িয়ে ধরে আছেন; একজনের মাথায় সাদা টুপি।
Figure
বর্ণনা: লাল-গোলাপি পোশাকে একজন নারী মূর্তি মাঝখানে, নিচে দুটি শিশু; চারপাশে রঙিন তোরণ।
Figure
বর্ণনা: লাল আলখাল্লা পরা দুজন সন্ন্যাসী সোনালি রঙের বুদ্ধমূর্তির পাশে বসে আছেন।
Figure
বর্ণনা: রঙিন নকশা করা একটি ক্রস আকৃতির কাঠামো; দুই পাশে ও নিচে ধূসর রঙের দুটি বস্তু; পেছনে নীল পটভূমি।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.