Skip to content

Amar Bangla Boi chapter 18: We Want Bangla as State Language

রাষ্ট্রভাষা বাংলা চাই

  • Amar Bangla Boi
  • Textbook pages 62-64
  • 1 source
  • 3,400 characters of context

Textbook (verbatim transcription): We Want Bangla as State Language

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 62

পাঠ ১৮

রাষ্ট্রভাষা বাংলা চাই

তখন ছিল পাকিস্তান আমল। আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল, দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু।

তখন পাকিস্তানের বেশির ভাগ মানুষ কথা বলত বাংলা ভাষায়। অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল, বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা আন্দোলন শুরু করল।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। সেদিন ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল। পোস্টারে লিখেছিল – রাষ্ট্রভাষা বাংলা চাই।

পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল, বেশি লোক একত্র হওয়া যাবে না। কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানল না। তারা মিছিল করার সিদ্ধান্ত নিল।

মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে লাগল। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনি সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহিদ হলো নাম না-জানা আরও অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল।

এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহিদ হয় কয়েক জন।

Printed page 63

শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়। ২১শে ফেব্রুয়ারি আমাদের শহিদ দিবস।

এখন ২১শে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবেও পালন করা হয়।

শব্দ শিখি

শাসন – দেশ পরিচালনা
ক্ষোভ – অসন্তোষ
পোস্টার – বড়ো কাগজে লেখা বিজ্ঞপ্তি
স্লোগান – দাবি আদায় কিংবা প্রতিবাদের জন্য সমবেতকণ্ঠে উঁচুস্বরে আওয়াজ
রাজপথ – বড়ো রাস্তা
একত্র – একসাথে
মিছিল – শোভাযাত্রা
সমাবেশ – কোনো বিশেষ উদ্দেশ্যে সমবেত হওয়া
আক্রমণ – হামলা

অনুশীলনী

১। যুক্তবর্ণ ভেঙে লিখি। শব্দ বলি ও লিখি।

পাকিস্তান স্ত = স + ত সস্তা ______________
পোস্টার স্ট = স + ট স্টেশন ______________
পরিকল্পনা ল্প = ল + প গল্প ______________

২। বাক্য বলি ও লিখি।

রাষ্ট্রভাষা ______________________________
মিছিল ______________________________
পোস্টার ______________________________
সমাবেশ ______________________________

Printed page 64

৩। উত্তর বলি ও লিখি।

(ক) রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা?
(খ) দেশের বেশির ভাগ মানুষ কোন ভাষায় কথা বলত?
(গ) রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল?
(ঘ) পোস্টারে কী লেখা ছিল?
(ঙ) আমাদের শহিদ দিবস কোনটি?
(চ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়?

৪। নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি।

সমাবেশরাষ্ট্রভাষালালমুষ্টিবদ্ধ

(ক) বাংলাকে ______________ করতে হবে।

(খ) ______________ হাতে তারা স্লোগান তুলল।

(গ) পরের দিনও মানুষ ______________ করল।

(ঘ) কালো রাজপথ রক্তে ______________ হয়ে গেল।

৫। বুঝে নিই।

রাষ্ট্রভাষা – সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয়
পরিকল্পনা – ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা
শহিদ – অধিকার প্রতিষ্ঠার জন্য যাঁরা জীবন দেন

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.