Skip to content

Amar Bangla Boi chapter 21: Hazrat Abu Bakr RA

হজরত আবু বকর (রা)

  • Amar Bangla Boi
  • Textbook pages 72-75
  • 1 source
  • 4,372 characters of context

Textbook (verbatim transcription): Hazrat Abu Bakr RA

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 72

পাঠ ২১

হজরত আবু বকর (রা)

আরবের মরু প্রান্তর। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর (রা)। তিনি দেখলেন, উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে।

হজরত আবু বকর (রা) বললেন, ‘কী করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে?’ যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ‘এ আমার ক্রীতদাস। সে ইসলাম গ্রহণ করেছে। তাই এই শাস্তি !’

আবু বকর (রা)-এর মনে দয়া হলো। তিনি ওই যুবককে কিনে নিলেন। এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল (রা)। তাঁর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সেই সময়ে আরবে ক্রীতদাস-প্রথা ছিল। মনিবরা ক্রীতদাসদের অনেক নির্যাতন করত। আবু বকর (রা) অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন।

আবু বকর (রা) ছিলেন মুহাম্মদ (স)-এর ঘনিষ্ঠ সহচর। ইসলাম গ্রহণের পর তাঁকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এক সময়ে কাফেরেরা মুহাম্মদ (স)-কে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময়ে তাঁর সাথে ছিলেন আবু বকর (রা)।

Printed page 73

আবু বকর (রা) শিশুকাল থেকে কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ (স)-এর মৃত্যুর পর আবু বকর (রা) ইসলামের প্রথম খলিফা হন। মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব-দুঃখীর কল্যাণে।

মৃত্যুর আগে তিনি তাঁর মেয়ে আয়েশা (রা)-কে বলেছিলেন, ‘মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও।’ হজরত আবু বকর (রা) দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাদের যাতে কষ্ট না হয়, সেটি তিনি খেয়াল রাখতেন।

শব্দ শিখি

প্রান্তর – খোলা জায়গা
তপ্ত – গরম
উত্তপ্ত – অতিশয় তপ্ত
ক্রুদ্ধ – রেগে যাওয়া
মনিব – মালিক
ক্রীতদাস – কেনা গোলাম
মুয়াজ্জিন – যিনি মসজিদে আজান দেন
আহ্বান – ডাক
সহচর – সজ্ঞী
হিজরত – এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া
কোষাগার – যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়

অনুশীলনী

১। যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই।

প্রান্তর ন্ত = ন + ত অন্তর ______________
মুক্ত ক্ত = ক + ত রক্ত ______________
মক্কা ক্ক = ক + ক অক্কা ______________
জ্ঞান জ্ঞ = জ + এও বিজ্ঞান ______________

Printed page 74

২। ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই।

আজানকাফেররাতপ্তদয়ারাজকোষেরসহচর

(ক) দুপুরের রোদে বালু ______________ হয়ে আছে।
(খ) আবু বকর (রা)-এর মনে ______________ হলো।
(গ) বেলাল (রা)-এর সুললিত কণ্ঠে প্রথম ______________ ধ্বনিত হলো।
(ঘ) আবু বকর (রা) ছিলেন হজরত মুহাম্মদ (স)-এর ঘনিষ্ঠ ______________ ।
(ঙ) এক সময়ে ______________ হজরত মুহাম্মদ (স)-কে হত্যার ঘোষণা দেয়।
(চ) আবু বকর (রা) ______________ অর্থ ব্যয় করতেন গরিব-দুঃখীদের কল্যাণে।

৩। বাক্য লিখি।

হিজরত ______________________________
আজান ______________________________
সহচর ______________________________
অত্যাচার ______________________________
অসহায় ______________________________

৪। বিপরীত শব্দ জেনে নিই।

উত্তপ্ত – ঠান্ডা
শাস্তি – ক্ষমা
মনিব – দাস
কল্যাণ – অকল্যাণ
জন্ম – মৃত্যু

৫। উত্তর বলি ও লিখি।

(ক) তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল?
(খ) হজরত মুহাম্মদ (স) কোথায় হিজরত করেন?
(গ) ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
(ঘ) ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
(ঙ) হজরত আবু বকর (রা) মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন?

Printed page 75

৬। সঠিক উত্তরটি বলি ও লিখি।

তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন –

  • ক) হজরত মুহাম্মদ (স)
  • খ) হজরত আবু বকর (রা)
  • গ) হজরত ওমর (রা)
  • ঘ) হজরত বেলাল (রা)

ক্রীতদাস অর্থ –

  • ক) কেনা গোলাম
  • খ) মনিব
  • গ) মুয়াজ্জিন
  • ঘ) খলিফা

৭। মূলপাঠ দেখে বিরামচিহ্ন বসাই।

আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর (রা) তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে

হজরত আবু বকর (রা) বললেন কী করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.