Skip to content

Amar Bangla Boi chapter 26: Ideal Boy

আদর্শ ছেলে

  • Amar Bangla Boi
  • Textbook pages 89-91
  • 1 source
  • 2,403 characters of context

Textbook (verbatim transcription): Ideal Boy

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents9

Printed page 89

পাঠ ২৬

আদর্শ ছেলে

কুসুমকুমারী দাশ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে;
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন,
'মানুষ' হইতে হবে – এই তার পণ।

বিপদ আসিলে কাছে, হও আগুয়ান,
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত, পা সবারি আছে, মিছে কেন ভয়,
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?

সে ছেলে কে চায় বল? – কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়।
সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ –
'মানুষ' হইতে হবে, মানুষ যখন।

কৃষকের শিশু কিংবা রাজার কুমার
সবারি রয়েছে কাজ, এ বিশ্বমাঝার,
হাতে প্রাণে, খাটো সবে, শক্তি করো দান,
তোমরা 'মানুষ' হলে দেশের কল্যাণ।

Printed page 90

শব্দ শিখি

আদর্শ – অনুসরণীয়
পণ – অঙ্গীকার
তেজে ভরা মন – উদ্দীপ্ত মন
আগুয়ান – অগ্রসর
সবারি – প্রত্যেকের
চেতনা – বোধ
সাদা প্রাণ – সুন্দর মন
কল্যাণ – মঙ্গল
বিশ্বমাঝার – পৃথিবীর মধ্যে

অনুশীলনী

১। একজন কবিতার একটি চরণ বলি অন্যজন পরের চরণটি বলি।

সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ –

______________________________।

মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন,

______________________________।

হাতে প্রাণে, খাটো সবে, শক্তি করো দান,

______________________________।

২। বলি ও লিখি।

(ক) কথার চেয়ে কীসে বড়ো হতে হবে?
(খ) কেমন ছেলে কেউ চায় না?
(গ) শিশুরা কী পণ করবে?
(ঘ) কীভাবে দেশের কল্যাণ হবে?

Printed page 91

৩। কবিতাটি আবৃত্তি করি এবং খাতায় লিখি।

৪। মিলিয়ে পড়ি ও লিখি।

(ক) বড়ো হতে হবে ______________ কথায়/কাজে
(খ) বিপদ আসলে ______________ এগিয়ে যাব/পিছিয়ে আসব
(গ) মুখে থাকতে হবে ______________ হাসি/কষ্ট

৫। কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ তা ছবির পাশে লিখি।

Figure

বর্ণনা: দুইটি ছেলে মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া বা মারামারি করছে।

Figure

বর্ণনা: একটি মেয়ে ও একজন নারী মাটিতে বসে কাজ করছে।

Figure

বর্ণনা: একটি ছোট মেয়ে একজন বৃদ্ধা নারীকে রাস্তা পার হতে সাহায্য করছে।

৬। দেশের কল্যাণের জন্য কী করা যায় লিখি।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.