Skip to content

Amar Bangla Boi chapter 3: Sending Greetings

শুভেচ্ছা জানাই

  • Amar Bangla Boi
  • Textbook pages 11-15
  • 1 source
  • 3,620 characters of context

Textbook (verbatim transcription): Sending Greetings

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 11

পাঠ ৩

শুভেচ্ছা জানাই

স্কুলের টিফিনের সময়। রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময়ে রোশান এসে বলল, ‘জানো, আজ মিতুর জন্মদিন!’

শুনে ঐশী বলল, ‘তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়।’

ঝিমিত বলল, ‘কিন্তু কীভাবে? এর পরে তো খুশি আপার ক্লাস।’

জন্মদিন। কিছু একটা করতে হবে। কী করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘণ্টা বাজল।

খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, ‘আজ আমরা মজার একটা কাজ করব। শুভেচ্ছা কার্ড বানাব।’

Printed page 12

তিথি দাঁড়িয়ে বলল, ‘শুভেচ্ছা কার্ড কী, আপা?’

আপা বললেন, ‘শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়।’

রোশান বলল, ‘আপা, শুভেচ্ছা কার্ড দিয়ে কী করা হয়?’

আপা বললেন, ‘বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এ রকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়।’

তিথি ফিসফিস করে ঐশীকে বলল, ‘মিতুর জন্মদিন উপলক্ষ্যে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি।’ ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিলো।

খুশি আপা বললেন, ‘কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি।’

তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, ‘অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি। কাজের ধাপগুলো খেয়াল করো।’

বড়ো মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব। এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যেকোনো আকারের হতে পারে।

পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাব। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাব। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে।

কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে। সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়।

Printed page 13

এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করল।

কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কী লেখা যায়? খুশি আপা বললেন, ‘বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়। তাই উপলক্ষ্য অনুযায়ী কার্ডে কথা লেখা যায়।’ এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন–

তোমাকে
জন্মদিনের
শুভেচ্ছা

বিতর্ক প্রতিযোগিতায়
পুরস্কার পাওয়ায়
তোমাকে অভিনন্দন

Printed page 14

Figure

লেবেল: নববর্ষ, তোমার জীবনে, বয়ে আনুক, আনন্দ
বর্ণনা: একটি তারার আকারের কার্ড; ভেতরে চারটি লাইনে শুভেচ্ছাবাণী লেখা।

সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা ‘মিতুকে জন্মদিনের শুভেচ্ছা’। অন্য একটাতে লেখা ‘মিতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক’।

আপা মিতুর দিকে তাকালেন। বললেন, ‘আজ কি তোমার জন্মদিন?’

মিতু লাজুক ভঙ্গিতে বলল, ‘হ্যাঁ।’

আপা বললেন, ‘আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি। আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো, সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি।’

তারপর সবাই একসাথে বলল, ‘শুভ জন্মদিন, মিতু!’

Printed page 15

অনুশীলনী

১. প্রশ্নের উত্তর লিখি।

ক. শুভেচ্ছা কী?

খ. আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই?

গ. শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয়?

২. শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি।

উপলক্ষ্যশুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি
ছোটো ভাইয়ের জন্মদিন
ঈদ/ পূজা/ বড়োদিন/ বুদ্ধপূর্ণিমা
বাংলা নববর্ষ
মায়ের জন্মদিন
বিজয় দিবস

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.