Skip to content

Amar Bangla Boi chapter 8: Kite and Cat

চিল ও বিড়াল

  • Amar Bangla Boi
  • Textbook pages 38-43
  • 1 source
  • 6,867 characters of context

Textbook (verbatim transcription): Kite and Cat

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 38

পাঠ ৮

চিল ও বিড়াল

হালিমা খাতুন

এক গাছে ছিল এক চিলের বাসা। খড়কুটো দিয়ে তৈরি বেশ বড়ো একটা বাসা। বাসায় থাকত বাবা-চিল, মা-চিল আর তিনটি বাচ্চা। মা-বাবা সবসময় বাসায় থাকত না। মাঝে মাঝে তারা খাবার আনতে বের হয়ে যেত।

চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্ট। তারা সবসময় মারামারি আর চেঁচামেচি করত। পেটুকও ছিল ওরা খুব। খাওয়ার জন্যও ওরা রাতদিন চিঁ চিঁ করত। বাবা-মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াত। খাবার যতক্ষণ ওদের মুখে থাকত, ততক্ষণ ওরা চুপ থাকত। খাবার ফুরিয়ে গেলে মারামারি আর চেঁচামেচি শুরু করত।

Printed page 39

পাশের গাছে কোকিলের বাসা। কোকিলের বাচ্চারা মার কাছে গান শিখত। চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা অস্থির হয়ে যেত। তারা ঠিকমতো গান শিখতে পারত না। মাঝে মাঝে এসে কোকিল ভাবত চিলদের পাড়া থেকে সে চলেই যাবে। আবার মাঝে মাঝে এসে কোকিল চিলদের বলত বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলত, ওদের নিয়ে আর পারি না। সারাক্ষণ তো খাবার এনে দিচ্ছি, তবুও ওরা থামে না।

একদিন চিলেরা বাসায় নেই। এমন সময় একটা দুষ্ট বিড়াল সেখানে এসে হাজির। বাসার দরজা খোলা রেখে মা-চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্ট বিড়ালটা বাসায় ঢুকেই চিলের একটা বাচ্চাকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পড়ি কি মরি করে চেঁচিয়ে উঠেছে। মা-চিল তখুনি বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবল বাচ্চা বুঝি খাবার জন্য কাঁদছে। না, ভালো করে তাকিয়ে দেখে কি—একটা বিড়াল বাচ্চাটাকে তাড়া করেছে।

চিল তখন তার বড়ো বড়ো নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটাকে ধরতে গেল। চিলের সেই চেহারা দেখে বিড়াল ভয়ে দিল এক লাফ। চিলের বাসার নিচে ছিল একটা পুকুর। বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরে পড়ে গিয়ে পানি-কাদা খেয়ে বিড়াল ঢোল হয়ে গেল। ওর গা-টা সব ভিজে চুপসে গেল। ও তখন সত্যি একটা ভিজে বিড়াল হয়ে গেল।

চিলের বাচ্চারা আবার চিঁ চিঁ করতে শুরু করল। চিল তখন আবার খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে বাচ্চাদের বলল, কাউকে বাসায় আসতে দিবি না। কেউ যদি এসে ডাকে বলবি, মা-বাবা বাসায় নেই। আর খবরদার, দরজা খুলবি না।

বাচ্চারা বলল, আচ্ছা।

চিল বাসার বাইরে বের হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারদিক তাকিয়ে দেখল, তারপর ডানা মেলে উড়ে গেল রূপসা নদীর দিকে।

সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকমে উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে গা শুকাল। আর চেটে চেটে হাত-পা পেট-পিঠ সাফ করল। তারপর? তারপর সে চিলের বাসার দিকে রওনা হলো। চিলের বাচ্চার চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাটাকে সে ধরেই ফেলেছিল! অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল। বাচ্চাটাকে খাওয়ার জন্য তার জিভ থেকে প্রায় টপটপ করে ... আচ্ছা থাক সে কথা।

ঘাসের বন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসার প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারের এক গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে সে দেখতে পেল, চিল দরজা বন্ধ করে গাছের মগডালে কিছু সময় বসে থেকে তারপর উড়ে গেল।

চিল চোখের আড়াল হয়ে গেলে বিড়াল জোরে জোরে হেঁটে চিলের বাসার দিকে গেল। তারপর

Printed page 40

গাছ বেয়ে উঠে গেল তরতর করে। উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়াতে লাগল।

বাচ্চারা বলল, কে? কে? কে ওখানে?

বিড়াল ভিজে গলায় বলল, আমি তোমাদের খালা গাংচিল। দরজাটা খুলে দে বাছা। অনেক দূর থেকে এসেছি তোদের দেখতে। তোর মা কোথায় রে? তোর বাবা কোথায় রে? তাদের একটু ডেকে দে। কতদিন দেখা হয়নি।

বাচ্চারা বলল, মা-বাবা বাসায় নেই। খালা হও আর যেই হও, দরজা খুলব না।

বিড়াল খুব নরম করে বলল, মাকে দরকার নেই, তোদের একটু দেখব। একটু দেখেই আবার চলে যাব। তোদের দেখার জন্য মনটা কেমন করছে।

বাচ্চারা বলল, তা করুক। তোমার মন যেমন ইচ্ছে তেমনি করুক। দরজা আমরা খুলব না। মা মানা করেছে দরজা খুলতে।

বিড়ালের তখন খুব রাগ হয়ে গেছে। সে এক লাথি দিয়ে ওদের বাসার দরজা ভেঙে ফেলে বাসার ভিতরে ঢুকে পড়েছে। চিলের বাচ্চারা তাকে দেখে 'খালা না, বিড়াল!' বলে হাউমাউ করে চেঁচিয়ে উঠেছে। ওদের চিৎকার শুনে আশপাশের বাসা থেকে পাখি ছুটে এসেছে ওদের বাসায়। বাবা-চিল ও মা-চিলও তখন বাসায় ফিরে এসেছে।

পাখি আর চিলকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক পালাবার চেষ্টা করতে লাগল। কিন্তু চেষ্টা করলে কী হবে! সব পাখি চারদিক দিয়ে তাকে ঘিরে ফেলল। পাখিরা মিলে দুষ্ট বিড়ালকে ঠোকর মারতে গেল। বিড়াল তখন গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে দৌড় দিল। তারপর একদম উধাও হয়ে গেল কাশবনে।

সেই বিড়াল আর কোনো দিন চিলদের বাসার কাছে যায়নি। চিলের বাচ্চারা এখন আর চিঁ চিঁ করে না। কোকিলের বাচ্চারা এখন মন দিয়ে গান শেখে।

অর্থ জেনে নিই

অস্থির — স্থির নয়; বিরক্ত।

তরতর করে — স্বচ্ছন্দে ও দ্রুত গতিতে।

পড়ি কি মরি — অত্যন্ত ব্যস্ততার সাথে।

মগডাল — গাছের সবচেয়ে উঁচু ডাল।

হাতছাড়া — সুযোগ নষ্ট হওয়া।

Printed page 41

অনুশীলনী

১. শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি।

হাতছাড়াপড়িমরিতরতরটপটপচটপট

ক. বিড়ালটি ........................ করে গাছ বেয়ে উঠে গেল।

খ. ভয়ে সে ........................... করে দিল দৌড়।

গ. ...................... উত্তর দাও।

ঘ. লোভে জিভ দিয়ে ........................ করে পানি পড়ছে।

ঙ. বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ ............................. হয়ে গেল।

২. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. চিলের বাসায় কে কে থাকত?

খ. চিলের মা-বাবা কেন সবসময় বাসায় থাকত না?

গ. কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারত না?

ঘ. বিড়াল নিজেকে গাংচিল বলল কেন?

ঙ. চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না?

৩. গল্পটি নিজের ভাষায় বলি।

Printed page 42

৪. আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্য লিখি।

ক. বিড়ালটি পালানোর চেষ্টা করল। কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছে।

খ. আমি আরও খেতে চাই। কেননা ........................................................

গ. আমি বৃষ্টিতে ভিজে গেছি। সেজন্য ........................................................

ঘ. রাতে ঝড় হয়েছে। তাই ........................................................

ঙ. গাছগুলো ভেঙে পড়েছে। কারণ ........................................................

চ. বিড়ালের পেট ফুলে ঢোল হয়ে গেছে। ফলে ...........................................

৫. শেষে বিরামচিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখি।

তোমার কলমটি আমায় দেবে
এবার চলো খেলতে যাই
কে ওখানে
এত সুন্দর পাখি
বাচ্চারা বলল, আচ্ছা
বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন
রিনা কত সুন্দর গান করে
আমি আজ ছবি আঁকব না

Printed page 43

৬. শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি।

ক. থাকত বাসায় মা-বাবা সবসময় না।

........................................................................

খ. মারামারি চিলের করত বাচ্চারা।

........................................................................

গ. অনেক এসেছি থেকে তোদের দেখতে দূর।

........................................................................

ঘ. লাফ পড়ল মধ্যে বিড়াল পুকুরের দিয়ে।

........................................................................

ঙ. কি চিনতে পারছ তুমি আমাকে?

........................................................................

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.