Skip to content

Amar Bangla Boi chapter 12: Kajla Didi

কাজলা দিদি

  • Amar Bangla Boi
  • Textbook pages 63-67
  • 1 source
  • 4,107 characters of context

Textbook (verbatim transcription): Kajla Didi

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents11

Printed page 63

পাঠ ১২

কাজলা দিদি

যতীন্দ্রমোহন বাগচী

বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই–
মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে–
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই;
মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই?

Printed page 64

সে দিন হতে দিদিকে আর কেনই-বা না ডাকো,
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
আমি ডাকি– তুমি কেন চুপটি করে থাকো?

বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে!
দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে–
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে?
আমিও নাই দিদিও নাই– কেমন মজা হবে!

ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল;
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
দিস না তারে উড়িয়ে মা গো, ছিঁড়তে গিয়ে ফল–
দিদি এসে শুনবে যখন, বলবে কী মা বল!

বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই–
এমন সময়, মাগো, আমার কাজলা দিদি কই?
বেড়ার ধারে, পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝোপে-ঝাড়ে;
নেবুর গন্ধে ঘুম আসে না– তাইতে জেগে রই;
রাত হলো যে, মাগো, আমার কাজলা দিদি কই?

Printed page 65

অর্থ জেনে নিই

জোনাই — জোনাকি পোকা।

তাইতে — তাইতো; সেজন্য।

নেবু — লেবু।

ভুঁইচাঁপা — এক ধরনের ফুল।

মাড়ানো — পা দিয়ে পিষে দেওয়া।

শোলক — শ্লোক; ছোটো ছড়া।

কবিতায় যা বলা হয়েছে

ছোট্ট বোনটির সারাক্ষণের সাথি ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে। ছোট বোনটি তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না তা জানতে চায় তার মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না। মুখ লুকিয়ে শুধু কাঁদেন।

অনুশীলনী

১. কবিতা থেকে মিল-শব্দ খুঁজে বের করি।

ওই, কই

............................

............................

............................

............................

Printed page 66

২. শব্দ দিয়ে নতুন বাক্য লিখি।

জোনাই : ............................................................................

নেবু : ............................................................................

ভুঁইচাঁপা : ............................................................................

মাড়াসনে : ............................................................................

শোলক : ............................................................................

৩. মিল-শব্দ লিখি।

পাতা : আতা, খাতা, ছাতা, মাতা, যা-তা, হাতা।

ফুল : ............................................................................

ঘুম : ............................................................................

ডাকা : ............................................................................

মজা : ............................................................................

৪. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. কাজলা দিদি কোথায় গেছে?

খ. কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে?

গ. কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন?

ঘ. পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন?

ঙ. আমিও নাই দিদিও নাই– কেমন মজা হবে! – এ কথা দিয়ে কী বোঝানো হয়েছে?

চ. খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে?

Printed page 67

৫. কবিতায় খুকি মাকে যা যা বলেছে, তা নিজের ভাষায় লিখি।

৬. সঠিক উত্তরটি বেছে নিই ও খাতায় লিখি।

ক. কোথায় জোনাকি জ্বলে?

১. নেবুর তলে
২. বাঁশবাগানে
৩. শিউলিতলে
৪. তাল তলায়

খ. বুলবুলি কোথায় লুকিয়ে থাকে?

১. শিউলির ডালে
২. ভুঁইচাঁপার ডালে
৩. আমের ডালে
৪. ডালিমের ডালে

গ. খুকির ঘুম আসে না কেন?

১. নেবুর গন্ধে
২. ঝিঁঝিঁর ডাকে
৩. চাঁদের আলোতে
৪. ফুলের গন্ধে

৭. বিপরীত শব্দ লিখি।

দিন :

ঘুম :

জ্বলা :

নতুন :

উপর :

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.