Amar Bangla Boi chapter 22: Khalifa Umar RA
খলিফা উমর (রা.)
- Amar Bangla Boi
- Textbook pages 113-119
- 1 source
- 5,875 characters of context
Textbook (verbatim transcription): Khalifa Umar RA
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 113
পাঠ ২২
খলিফা উমর (রা.)
হজরত উমর (রা) ৫৮৩ সালে মক্কা নগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হানতামাহ। তাঁর উপাধি ফারুক। ফারুক অর্থ সত্য-মিথ্যার পার্থক্যকারী।
Printed page 114
উমর (রা) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষাদীক্ষায় সুনাম অর্জন করেন। বড়ো হয়ে ব্যবসা-বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগির, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা।
হজরত উমর (রা) ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তিনি মানুষের সমব্যথী ছিলেন। নগরবাসীদের অবস্থা বোঝার জন্য তিনি রাতের বেলায় ঘুরে বেড়াতেন। মানুষের দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করতেন। এক রাতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময়ে একটি ঘর থেকে ক্ষুধার্ত শিশুর কান্না শুনতে পেলেন। তিনি নিজের ঘরে ফিরে নানা রকম খাবার একটি বস্তায় ভরে নিলেন। তারপর সেটি কাঁধে নিয়ে ক্ষুধার্ত শিশুদের ঘরে পৌঁছে দিলেন।
আর এক রাতের ঘটনা। উমর (রা) শহরের কাছাকাছি এক তাঁবুর পাশ দিয়ে হাঁটছিলেন। এমন সময়ে তাঁবুর ভেতর থেকে প্রসব বেদনায় কাতর এক বেদুইন নারীর আর্তস্বর শব্দ শুনতে পেলেন। তিনি তখনই বাসায় চলে আসেন। স্ত্রী উম্মে কুলসুমকে নিয়ে যান সেই তাঁবুতে। উম্মে কুলসুম বেদুইন নারীর সন্তান প্রসবে সহায়তা করেন।
উমর (রা.) এর চোখে উঁচু-নিচু, ধনী-গরিব ভেদ ছিল না। খলিফা হিসেবে একবার তিনি জেরুজালেম শহরে যাচ্ছিলেন। বাহন হিসেবে একটি মাত্র উট। সাথে একজন ভৃত্য। জেরুজালেম অনেক দূরের পথ। তাই রওনা দেওয়ার আগে ভৃত্যকে বললেন, ‘এতখানি পথ তুমি একা উটের রশি টেনে নিয়ে যেতে পারবে না। তাই একবার তুমি উটে চড়বে, আর একবার আমি।’
কিছু দূর যাওয়ার পর উমর (রা) উটের পিঠ থেকে নামলেন। এবার ভৃত্য উঠলেন উটের পিঠে। আর খলিফা উটের রশি ধরে তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে যেতে থাকলেন। এভাবে পালাক্রমে দুজনে পুরো পথ চললেন। চলতে চলতে তাঁরা জেরুজালেম শহরের তোরণে পৌঁছালেন। তখন উটের পিঠে ছিলেন ভৃত্য। জেরুজালেমের লোকজন উটের পিঠে বসা ভৃত্যকে খলিফা ভেবে অভ্যর্থনা জানাল। ভৃত্য তখন বলেন, তিনি নন, বরং উটের রশি ধরে থাকা ব্যক্তিটিই খলিফা। এতে জেরুজালেমের লোকজন অবাক হয়ে গেল। উমর (রা.) ছিলেন এমনই এক মহানুভব শাসক।
এই জনদরদি শাসকের কথা লোকমুখে শুনতে পান রোমান সম্রাট। তিনি পত্র দিয়ে এক দূত পাঠান। সম্রাটের দূত মদিনায় এসে রাজপ্রাসাদ খুঁজতে থাকেন। তিনি কোনো রাজপ্রাসাদ খুঁজে পেলেন না। এক ব্যক্তি দূতকে বললেন, ‘আমাদের খলিফার কোনো প্রাসাদ নেই। তিনি ওই দিকের এক খেজুর গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন।’ রোমান সম্রাটের দূত সেখানে গিয়ে দেখলেন,
Printed page 115
সত্যিই খলিফা খেজুর গাছের ছায়ায় বসে আছেন। দূত বুঝলেন, উমর (রা) অর্ধ জাহানের শাসক হয়েও কত সাধারণ জীবনযাপন করতেন।
খলিফা হজরত উমরের (রা) ন্যায়পরায়ণতা, মহানুভবতা ও উদারতা আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর জীবনাদর্শ আমাদের জন্য অনুসরণীয়। তিনি ৬৪৪ সালে মক্কায় মৃত্যুবরণ করেন।
অর্থ জেনে নিই
অর্ধ জাহান — অর্ধেক দুনিয়া।
আর্তস্বর — কাতর ধ্বনি।
ক্রীতদাস — টাকার বিনিময়ে কেনা ব্যক্তি যাকে দিয়ে কাজ করানো হয়।
খলিফা — শাসক।
তপ্ত — গরম।
দূত — রাজার প্রতিনিধি।
প্রভেদকারী — যিনি পার্থক্য করেন।
নগরবাসী — নগরের অধিবাসী।
পালাক্রমে — একজনের পর আরেকজন।
বেদুইন — আরবের যাযাবর জাতি।
মার্জিত — ভদ্র।
সমব্যথী — পরের দুঃখে কাতর।
Printed page 116
অনুশীলনী
১. পাঠ থেকে জোড়াশব্দ খুঁজে বের করি এবং নিজের মতো বাক্য তৈরি করি।
| জোড়াশব্দ | বাক্য |
|---|---|
| উঁচু-নিচু | উঁচু-নিচু পথ দিয়ে হেঁটে চলেছি। |
| ……………… | ………………………………………………… |
| ……………… | ………………………………………………… |
| ……………… | ………………………………………………… |
| ……………… | ………………………………………………… |
| ……………… | ………………………………………………… |
২. এককথায় লিখি।
নগরে বাস করেন যারা —
সাহস আছে যার —
যিনি কবিতা লিখেন —
যিনি যুদ্ধ করেন —
যিনি কুস্তি লড়েন —
সুন্দর করে বক্তব্য দেন যিনি —
Printed page 117
৩. প্রশ্নের উত্তর বলি ও লিখি।
ক. উমর ফারুক (রা) কত সালে, কোথায় জন্মগ্রহণ করেন?
খ. হজরত উমরের (রা) কী কী গুণ ছিল?
গ. খলিফা উমরের (রা) মহানুভবতার একটি ঘটনা বর্ণনা করো।
ঘ. ‘একবার তুমি উটে চড়বে, আর একবার আমি।’—খলিফা উমর (রা) কাকে, কেন এই কথা বলেছিলেন?
ঙ. হজরত উমরের (রা) জীবন থেকে কী কী শেখার আছে?
৪. শব্দ সাজিয়ে বাক্য লিখি।
অধিকারী তিনি চরিত্রের সৎ।
……………………………………………………………………………
করেন অর্জন তিনি সুনাম শিক্ষায়-দীক্ষায়।
……………………………………………………………………………
কাজে হব আমরা মনোযোগী।
……………………………………………………………………………
গুণ একটি মহানুভবতা বড়ো।
……………………………………………………………………………
অর্থ সত্য ফারুক প্রভেদকারী ও মিথ্যার।
……………………………………………………………………………
Printed page 118
৫. ছক থেকে শব্দ নিয়ে বাক্য লিখি।
| আগে | এখন | পরে | |
|---|---|---|---|
| আমি/ আমরা | পড়তাম, পড়েছিলাম | পড়ি, পড়ছি, পড়েছি | পড়ব, পড়তে থাকব |
| তুমি/ তোমরা | পড়তে, পড়েছিলে | পড়ো, পড়ছো, পড়েছ | পড়বে, পড়তে থাকবে |
| সে/ তারা | পড়ত, পড়েছিল | পড়ে, পড়ছে, পড়েছে | পড়বে, পড়তে থাকবে |
ক. ……………………………………………………………………………
খ. ……………………………………………………………………………
গ. ……………………………………………………………………………
ঘ. ……………………………………………………………………………
ঙ. ……………………………………………………………………………
চ. ……………………………………………………………………………
Printed page 119
৬. আজ করেছি বা করব এমন একটি ভালো কাজের বিবরণ নিচে লিখি।
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.