Primary Science chapter 6: Motion and Force
গতি ও বল
- Primary Science
- Textbook pages 67-71
- 1 source
- 6,979 characters of context
Textbook (verbatim transcription): Motion and Force
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents8ShowHide
- ১. গতি ও বল
- গতির পরিবর্তনে বলের কী প্রভাব পরিলক্ষিত হয়?
- ২. বল প্রয়োগের ধরন ও প্রভাব
- বল প্রয়োগে বস্তুর কী পরিবর্তন ঘটে?
- বল প্রয়োগের ধরন ও প্রভাব সম্পর্কে আরও কিছু জানি...
- ৩. দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের ভূমিকা
- গতির পরিবর্তনে বলের কী ধরনের প্রভাব ঘটে?
- গতি পরিবর্তনে বলের ভূমিকা সম্পর্কে আরও কিছু জানি...
Printed page 67
অধ্যায় ৬
গতি ও বল
তৃতীয় শ্রেণিতে আমরা বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে জেনেছি। বল বস্তুর আকার, আকৃতি ও আয়তনের পরিবর্তন করতে পারে। বস্তুর গতির পরিবর্তনে বলের কোনো প্রভাব আছে কি?
১. গতি ও বল
বিজ্ঞানে গতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গতির ব্যাখ্যায় বলা যায় যে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তিত হওয়া। অন্যদিকে যার প্রভাবে কোনো পদার্থের অবস্থা, আকৃতি ও গতির পরিবর্তন ঘটে তাকেই বল বলা হয়।
গতির পরিবর্তনে বলের কী প্রভাব পরিলক্ষিত হয়?
খেলার মাঠে একজন খেলোয়াড়কে একটি স্থির ফুটবলের উপর পা দিয়ে কিক মেরে দূরে পাঠিয়ে দিতে দেখি। যে মুহূর্তে স্থির ফুটবলটির উপর আঘাত করা হয় কেবল তখনই ফুটবলটিতে বল প্রয়োগ করা হয়। এই বলের কারণেই স্থির ফুটবলটি গতি লাভ করে।
কাজ: গতির পরিবর্তনে বলের ভূমিকা
যা করতে হবে:
Figure
বর্ণনা: দুটি ছবি। বাঁ দিকের ছবিতে একজন খেলোয়াড় একটি স্থির ফুটবলে পা দিয়ে কিক মারছেন এবং বলটি উপরের দিকে উড়ছে। ডান দিকের ছবিতে একজন খেলোয়াড় কিক মারছেন এবং একজন গোলরক্ষক ঝাঁপিয়ে চলন্ত ফুটবলটি হাত দিয়ে থামানোর চেষ্টা করছেন।
১. একজন খেলোয়াড় খোলা মাঠে সমতল জায়গায় একটি ফুটবল রেখে গোলবার বরাবর কিক করবে। ২. এবার চলন্ত ফুটবলটি গোলরক্ষক হাত দিয়ে থামিয়ে দিবে। ৩. বল প্রয়োগের ফলে আমরা ফুটবলের গতি পরিবর্তন পর্যবেক্ষণ করলাম। দৈনন্দিন জীবনে বল প্রয়োগের ফলে বস্তুর গতি পরিবর্তনের আরো উদাহরণ দলে আলোচনা করে ছকে লিখি।
Printed page 68
| দৈনন্দিন জীবনে গতির পরিবর্তনে বলের প্রভাবের উদাহরণ | |
|---|---|
| ১ . একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারে তখন বলের প্রভাবে ফুটবলটির গতির পরিবর্তন হয়। | |
| ২ . | |
| ৩. | |
| ৪. |
সারসংক্ষেপ
দৈনন্দিন জীবনে আমরা গতির বিভিন্ন পরিবর্তনের সাথে বলের সম্পর্ক খুঁজে পাই। বল প্রয়োগে বস্তুর গতির পরিবর্তন ঘটে। যেমন, একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারেন তখন বলের প্রভাবে ফুটবলটির গতির পরিবর্তন হয়। একইভাবে কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাকে বল প্রয়োগ করতে হয়। এই বল প্রয়োগের ফলে তার গতির পরিবর্তন হয়।
২. বল প্রয়োগের ধরন ও প্রভাব
বল প্রয়োগে বস্তুর কী পরিবর্তন ঘটে?
কাজ: বল প্রয়োগে বস্তুর পরিবর্তন পর্যবেক্ষণ
যা করতে হবে: নিচের ছবিগুলো দেখে বল প্রয়োগের ফলে কী ঘটে তা ছকে লিখি
Figure
লেবেল: ঘটনা-১, ঘটনা-২, ঘটনা-৩ বর্ণনা: তিনটি ছবি পাশাপাশি। ঘটনা-১: একজন ব্যক্তি একটি দড়ি ধরে টেনে একটি বাক্স নিজের দিকে আনছেন। ঘটনা-২: একজন ব্যক্তি একটি বড় কমলা রঙের বাক্সে ধাক্কা দিচ্ছেন। ঘটনা-৩: দুই হাতের মধ্যে একটি পানির বোতল ধরা আছে।
| ঘটনা | বল প্রয়োগের ধরন | কী ঘটে? |
|---|---|---|
| ঘটনা-১ | ||
| ঘটনা-২ | ||
| ঘটনা-৩ |
Printed page 69
সারসংক্ষেপ
আমাদের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তন করতে হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থানের পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করি। আবার বস্তুর আকৃতি পরিবর্তনেও আমরা বল প্রয়োগ করে থাকি।
বল প্রয়োগের ধরন ও প্রভাব সম্পর্কে আরও কিছু জানি...
বলের ধরন বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন দেখা যায়। বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল করা যায় অথবা গতিশীল বস্তুকে স্থির করা যায়। এছাড়াও বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আয়তন, আকৃতি ইত্যাদি পরিবর্তন করা যায়। সাধারণভাবে টানা বলের সাহায্যে কোনো কিছুকে নিজের দিকে আনা হয়। চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়। আবার 'ঠেলা'র মাধ্যমে বল প্রয়োগে বস্তুকে পিছন দিক থেকে ঠেলে দেওয়া হয় এবং বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়।
৩. দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের ভূমিকা
গতির পরিবর্তনে বলের কী ধরনের প্রভাব ঘটে?
কাজ: গতির পরিবর্তনে বলের প্রভাব পর্যবেক্ষণ
যা করতে হবে: নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে গতির পরিবর্তনে বল কীভাবে কাজ করে তা ছকে লিখি–
Figure
লেবেল: পতাকা উত্তোলন, সাইকেল চালানো, সাঁতার কাটা বর্ণনা: বাঁ দিকে একটি পতাকা দণ্ডে রশি দিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলনের দৃশ্য; দুই হাতে রশি ধরে একটি হাত নিচের দিকে টানছে এবং অন্যটি উপরের দিকে টানছে (তীর চিহ্নিত)। ডান দিকের উপরে একটি রাস্তায় তিনটি অবস্থানে একজন ব্যক্তি সাইকেল চালাচ্ছেন। ডান দিকের নিচে একজন ব্যক্তি পানিতে সাঁতার কাটছেন।
Printed page 70
| বিষয় | গতির পরিবর্তনে বলের প্রভাব |
|---|---|
| পতাকা উত্তোলন | |
| সাইকেল চালানো | |
| সাঁতার কাটা |
সারসংক্ষেপ
দৈনন্দিন জীবনে বল প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকি। সাইকেল চালানো, পতাকা উত্তোলন, সাঁতার কাটার জন্য বলের প্রয়োজন হয়।
গতি পরিবর্তনে বলের ভূমিকা সম্পর্কে আরও কিছু জানি...
দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের কাজ করে থাকি। এই কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বল প্রয়োগ করা হয়। যেমন– ধাক্কা, টান, চাপ ইত্যাদি। কোনো বস্তুকে আমাদের নিকটে আনতে অথবা দূরে সরাতে বল প্রয়োগ করতে হয়।
সাইকেল চালানোর জন্য আরোহী সিটে বসে প্যাডেলের উপর পা রাখেন। প্যাডেলগুলো একটি চেইন দ্বারা পিছনের চাকার সাথে সংযুক্ত থাকে। আরোহী যখন প্যাডেলগুলোতে বল প্রয়োগ করে তখন পিছনের চাকাটি ঘুরতে থাকে এবং সাইকেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এভাবেই সাইকেল গতিশীল হয়। যখন থামানোর প্রয়োজন হয় তখন সাইকেলটির প্যাডেল ঘোরানো বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও হাতে ব্রেক চেপে গতি কমিয়ে সাইকেল থামানো হয়। আরোহী হ্যান্ডেলের উপর বল প্রয়োগ করে সাইকেলের দিক পরিবর্তন করে ডানে বা বামে যেতে পারেন।
পতাকা উত্তোলনের জন্য একটি রশি ও পতাকা দণ্ড প্রয়োজন হয়। পতাকাটি রশির এক মাথায় বাঁধা থাকে। দণ্ডের শীর্ষে একটি রিং লাগানো থাকে যার ভিতর দিয়ে পতাকার রশিটি অনায়াসে যাতায়াত করতে পারে। যখন পতাকা উত্তোলন করা হয় তখন রশিকে নিচের দিকে টানা হয় এবং এই টানের ফলে পতাকা উপরের দিকে উঠে যায়।
সাঁতার কাটার সময় যদি কেউ পানিতে শুধু ভেসে থাকে, সে আর জায়গা থেকে নড়বে না। হাত-পা নাড়ালেই সে সামনে বা পিছনে যেতে পারবে। আমরা বুঝলাম সাঁতারের মাধ্যমে সামনে এগিয়ে যেতে বল প্রয়োজন। এই বল আমরা কীভাবে প্রয়োগ করি? প্রকৃতপক্ষে সাঁতারের ক্ষেত্রে আমরা পানি পেছনের দিকে ঠেলি। তখন পানি আমাদের শরীরকে সামনে ঠেলে দেয় এবং আমরা এগিয়ে যাই। আমরা যত বেশি জোরে হাত-পা নাড়াব, তত বেশি দ্রুত সামনে যেতে পারব।
Printed page 71
অনুশীলনী
১। সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দিই।
ক. নিচের কোনটির সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তিত হয়?
১) বল ২) গতি ৩) সময় ৪) আয়তন
খ. কী প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়?
১) বস্তু ২) বল ৩) গতি ৪) কোনোটি নয়
গ. পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করা হয়?
১) পতাকাদণ্ডে ২) রশিতে ৩) রিং-এ ৪) মাটিতে
২। শূন্যস্থান পূরণ করি
ক. চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর ------------পরিবর্তন হয়। খ. ---------- প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। গ. বল প্রয়োগের মাধ্যমে গাড়ির ---------- নিয়ন্ত্রণ করা যায়।
৩। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
ক. বল ও গতি কাকে বলে? খ. বল ও গতির মধ্যে পার্থক্য কী? গ. কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে কী প্রয়োগ করতে হয়?
৪। বর্ণনামূলক-উত্তর প্রশ্ন
ক. আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব বর্ণনা করি। খ. বল প্রয়োগের ধরন ও প্রভাব বর্ণনা করি।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.