Amar Bangla Boi chapter 1: Diverse Bangladesh
বৈচিত্র্যময় বাংলাদেশ
- Amar Bangla Boi
- Textbook pages 1-5
- 1 source
- 6,071 characters of context
Textbook (verbatim transcription): Diverse Bangladesh
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 1
পাঠ ১
বৈচিত্র্যময় বাংলাদেশ
আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য।
বাংলাদেশের বেশির ভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে। যেমন—চাকমা, মারমা, ককবরক, ওঁরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে।
বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্ক্যা। কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরি সম্প্রদায়।
মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এ দেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিষ্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা আর খ্রিষ্টানদের বড়দিন। এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদ্যাপন করা হয়। যেমন– পহেলা বৈশাখে উদ্যাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উৎসব বিজু।
Printed page 2
বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে। যেমন—কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাঁপর আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন।
Figure
বর্ণনা: একজন জেলে পানিতে দাঁড়িয়ে দুই হাতে একটি জাল ধরে আছেন।
Figure
বর্ণনা: একজন জেলে ছইওয়ালা নৌকায় বসে দাঁড় বাইছেন।
কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে।
Figure
বর্ণনা: একজন কুমার বসে গোল চাকির ওপর মাটির একটি বড় পাত্র তৈরি করছেন। পাশে আরও কয়েকটি মাটির পাত্র রাখা আছে।
Figure
বর্ণনা: একজন তরুণী তাঁতের কাঠামোর সামনে বসে কাজ করছেন। বাঁশের খুঁটি, সুতার মাকু ও তাঁতের যন্ত্রাংশ আঁকা হয়েছে।
Printed page 3
বাংলাদেশের মানুষের পোশাক-পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, শাড়ি-ব্লাউজ, সালোয়ার-কামিজ– আরো কত রকমের পোশাক যে আছে! ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনোন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেয়াহ। সাঁওতালরা পরে থাকে পাঞ্জি নামের একধরনের পোশাক। গারোদের পোশাকের নাম দকমান্দা।
এ দেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিকশা ও সাইকেল। রেললাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে ওড়ে উড়োজাহাজ। একস্থান থেকে আরেক স্থানে যাওয়া-আসা করার জন্য আমাদের বাহন লাগে।
বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে।
অর্থ জেনে নিই
উদ্যাপন — পালন
ক্ষুদ্র জাতিগোষ্ঠী — আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন সম্প্রদায়।
জীবিকা নির্বাহ — জীবনযাপন।
ট্রাক্টর — চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল।
বৈচিত্র্য — নানান ধরন।
স্বাচ্ছন্দ্য — আরাম; স্বস্তি।
হাঁড়িকুড়ি — হাঁড়ি, কলসি ইত্যাদি।
হাঁপর — কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে।
Printed page 4
অনুশীলনী
১. বর্ণ সাজিয়ে শব্দ লিখি।
মিজন্মভূ রিরীকশা ব্র্যচিবৈ তিসম্প্রী গোতিষ্ঠীজা
............ ............ ............ ............ ............
২. শব্দ নিয়ে খালি জায়গায় বসাই।
| সাংগ্রাই | রেললাইন | উৎসব | জীবিকা | সমৃদ্ধ |
|---|
ক. এ দেশে আছে নানা ধরনের ..................................।
খ. বৈচিত্র্য আর ভিন্নতাই .................................. করেছে দেশকে।
গ. .................................. ধরে চলে রেলগাড়ি।
ঘ. রাখাইনদের রয়েছে .................................. আর চাকমাদের বিজু উৎসব।
ঙ. মানুষ যে ধরনের কাজ করে .................................. নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে।
৩. প্রশ্নের উত্তর বলি ও লিখি।
ক. বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে?
খ. বাংলাদেশে কী কী উৎসব উদ্যাপন করা হয়?
গ. সড়ক, নদী ও আকাশপথে কী কী বাহন দেখা যায়?
ঘ. কোন পেশার মানুষ কী কাজ করে?
ঙ. বৈচিত্র্য কীভাবে বাংলাদেশকে সুন্দর করেছে?
৪. 'বৈচিত্র্যময় বাংলাদেশ' পাঠ থেকে কে, কারা, কী, কেন, কোথায়, কীভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি।
ক. আমাদের দেশের নাম কী?
খ. ........................................................................................
Printed page 5
গ. ........................................................................................................
ঘ. ........................................................................................................
ঙ. ........................................................................................................
চ. ........................................................................................................
ছ. ........................................................................................................
৫. বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি।
৬. জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি।
একজন একটি শব্দ লিখবে, অন্যজন শব্দের শেষ ব্যঞ্জনবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে। এভাবে চলতে থাকবে।
Figure
লেবেল: সংগ্রাম, মচমচে, চালাকি
বর্ণনা: একটি পাঁচ সারি ও পাঁচ কলামের ঘর; প্রথম সারির প্রথম তিনটি ঘরে যথাক্রমে "সংগ্রাম", "মচমচে", "চালাকি" লেখা। বাকি ঘরগুলোতে কোনো লেখা নেই; তীর দিয়ে পথ নির্দেশ করা আছে—প্রথম, তৃতীয় ও পঞ্চম সারিতে ডান দিকে এবং দ্বিতীয় ও চতুর্থ সারিতে বাম দিকে যাওয়ার তীর; প্রতি সারির শেষে পরবর্তী সারিতে নামার তীর (নিচের দিকে) আঁকা।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.