Skip to content

Amar Bangla Boi chapter 8: Royal Bengal Tiger

রয়েল বেঙ্গল টাইগার

  • Amar Bangla Boi
  • Textbook pages 42-46
  • 1 source
  • 5,699 characters of context

Textbook (verbatim transcription): Royal Bengal Tiger

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 42

পাঠ ৮

রয়েল বেঙ্গল টাইগার

রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এ দেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। বাঘ দেখতে যেমন সুন্দর, তেমন ভয়ংকর এর আচরণ। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে। কিন্তু রয়েল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক।

বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এর গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য ২২০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর লেজ ৬০ থেকে ১১০ সেন্টিমিটার। কাঁধের দিকে বাঘের উচ্চতা ১০০ সেন্টিমিটারের মতো। পুরুষ বাঘের গড় ওজন ২২০ কেজি, আর বাঘিনীর গড় ওজন ১৪০ কেজি।

বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড়ো প্রাণী। তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বাঘ খুব দক্ষতার সঙ্গো শিকার ধরতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণশক্তি খুবই প্রখর। বাঘের আছে

Printed page 43

শক্তিশালী থাবা। থাবার নিচের অংশ নরম ও পুরু। তাই চলার সময় শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল। একটি বাঘ সাধারণত প্রতিদিন ৭ থেকে ৮ কেজি খাবার খায়। হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য।

বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে, সে নদী বা খাল পার হওয়ার সময়ে ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছুদূর সরে যায়, তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে।

এরা সাধারণত ৩০ থেকে ৩৫ বছর বাঁচে। বাঘিনী তিন বছর অন্তর ৩-৪টি করে বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় এক বছর তাদের মায়ের সঙ্গো থাকে। একেকটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা আছে। যেমন– বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে।

রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা। না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে।

অর্থ জেনে নিই

ঘ্রাণশক্তি — গন্ধ নেওয়ার ক্ষমতা।
চিরতরে — চিরকালে জন্য।
থাবা — কোনো জন্তুর সামনের পায়ের নখযুক্ত তালু।
দৃষ্টিশক্তি — দেখার ক্ষমতা।
পরিবেশের ভারসাম্য — পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য।
প্রখর — তীব্র।
প্রত্যঙ্গ — শরীরের অংশ।
বিপন্ন — সংকটে পড়েছে এমন।
রাজসিক — রাজার মতো।
শ্রবণশক্তি — শোনার ক্ষমতা।

Printed page 44

অনুশীলনী

১. খালি জায়গায় শব্দ বসাই।

প্রখররাজকীয়ভারসাম্যবিপন্ননখরক্ষিপ্রনির্দিষ্ট

ক. বাঘটি ............................. গতিতে দৌড়ে শিকার ধরল।

খ. শিকার ধরার সময়ে বাঘের থাবা থেকে বেরিয়ে আসে .............................।

গ. মেয়েটির স্মরণশক্তি .............................।

ঘ. বাঘটি ............................. ভঙ্গিমায় বসে আছে।

ঙ. সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন ............................. হবে।

চ. কাজটি ............................. সময়ের মধ্যে শেষ করতে হবে।

ছ. পরিবেশের বিপর্যয়ের কারণে প্রকৃতির ............................. নষ্ট হচ্ছে।

২. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।

ক. বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?

খ. কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারি বানিয়েছে?

গ. রয়েল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কী?

ঘ. বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন?

ঙ. বাঘের সাঁতারের ব্যাপারে কী বলা হয়?

Printed page 45

৩. পাঠ থেকে কে, কী, কখন, কোথায়, কেন, কীভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি।

কে : ..............................................................................?

কী : ..............................................................................?

কখন : ..............................................................................?

কোথায় : ..............................................................................?

কেন : ..............................................................................?

কীভাবে : ..............................................................................?

৪. বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি।

শব্দবিপরীত শব্দবাক্য
নরম..............................................................................
সুন্দর..............................................................................
সোজা..............................................................................
তীক্ষ..............................................................................
মজবুত..............................................................................

৫. চারপাশে কোন কোন পশুপাখি দেখি, তার একটি তালিকা করি।

Printed page 46

৬. ছবি দেখে অনুচ্ছেদ লিখি।

Figure

বর্ণনা: একটি নদীতে একজন মানুষ নৌকায় বসে আছেন। বাঁ দিকে নদীর পানিতে দাঁড়িয়ে এক নারী একটি কলসি ধরে আছেন। ডান দিকে বনে কয়েকটি হরিণ ও গাছের ডালে একটি বানর দেখা যাচ্ছে।

……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.