Amar Bangla Boi chapter 9: Tuktuk and Chiku
টুকটুক ও চিকু
- Amar Bangla Boi
- Textbook pages 47-52
- 1 source
- 7,126 characters of context
Textbook (verbatim transcription): Tuktuk and Chiku
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents6ShowHide
Printed page 47
পাঠ ৯
টুকটুক ও চিকু
সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মনে তার আনন্দের জোয়ার বইছে। কারণ, আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। দুই দিন পর মামাতো ভাইবোনেরা আসবে তাদের বাড়িতে। কী যে মজা হবে! খুশিতে ঝলমল করে উঠল টুকটুকের মুখটা ।
গুনগুনিয়ে গেয়ে উঠল, ‘আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।’
বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিঁউ মিঁউ শব্দ শুনতে পেল। কৌতূহলী চোখে সে এদিক-ওদিক তাকালো। শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়ালছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়োসড়ো হয়ে কাঁপছে। কাদামাটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিঁউ মিঁউ করে ডাকছে। মনে হচ্ছে, তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকাল। কাউকে দেখতে পেল না।
টুকটুক এবার বিড়ালছানাটির কাছে গিয়ে বলল, ‘তুমি একা? ভয় পেয়েছ?’ বিড়ালছানাটি মুখ তুলে তাকাল, চোখে যেন পানি। টুকটুকের মন বিড়ালছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে এলো।
দরজায় পা দিয়েই সে মা মা বলে ডাকতে থাকল। মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। মা দেখলেন, টুকটুক একটি বিড়ালছানা কোলে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে। আর্তস্বরে বিড়ালটি তখনও কাঁদছে। মাকে দেখে টুকটুক বলল, ‘মা, আমি কি বিড়ালছানাটির একটু যন্ত্র নিতে পারি?’ মা একটু চিন্তিত হলেন। তারপর বললেন, ‘বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ।’
Figure
বর্ণনা: একটি মেয়ে পিঠে ব্যাগ নিয়ে পথের ওপর দাঁড়িয়ে আছে; ডানদিকে ঝোপের কাছে একটি সাদা-কালো বিড়ালছানা বসে আছে। পেছনে গাছ ও বেড়া।
টুকটুক বলল, ‘মা, আমিই সব করব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে। সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে, দেখো।’
মা হেসে বললেন, ‘ঠিক আছে, চেষ্টা করো।’
Printed page 48
টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়ালছানাটির গা মুছিয়ে দিলো। পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলো। মা একটা ছোট পাত্রে দুধ দিলেন। বিড়ালছানাটি ধীরে ধীরে দুধ খেল। একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়ল।
টুকটুক ওর নাম রাখল ‘চিকু’।
চিকু দিনে দিনে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল। ও টুকটুকের পেছন পেছন ঘুরত, রাতে বিছানায় এসে পাশে ঘুমাত। আর সারাদিন চলত তার লক্ষঝম্প। এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাইবোন রাতুল ও নীলা। ওরা চড়ুইভাতির আয়োজন করল। ওদের আনন্দ-উচ্ছ্বাসে যোগ দিল চিকু। গ্রীষ্মের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দেই কাটলো ওদের।
একদিন টুকটুক খেলতে গিয়ে দেখল, কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়ালছানাকে তাড়া করছে। সে দৌড়ে গিয়ে তাদের থামালো।
টুকটুক বলল, ‘ওরা তো ছোট্ট প্রাণী। তোমরা ওকে মারছো কেন?’
একটা ছেলে বলল, ‘আমরা তো মজা করছি।’
টুকটুক রাগ করে বলল, ‘কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগত?’
ছেলেরা চুপচাপ চলে গেল। টুকটুক বিড়ালছানাটিকে কোলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। তখন বিড়ালছানাটি মিঁউ মিঁউ করে ডেকে উঠল, যেন বলছে, ‘ধন্যবাদ বন্ধু!’
Figure
বর্ণনা: একটি মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে কোলে একটি সাদা বিড়াল ধরে আছে। জানালার বাইরে, গ্রিলের ওপারে, সিলের ওপর দুটি চড়ুই পাখি রয়েছে।
এরপর থেকে টুকটুক আশপাশের অন্য পশুপাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল। পাখিদের জন্য সে প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দেয়। গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয়। পাখিরা যেন পানি খেতে পারে।
সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক ‘প্রাণীদের বন্ধু’ নামে ছোটখাটো একটা ক্লাবও বানিয়ে ফেলল। এই কাজে শ্রেণিশিক্ষক তাদের সহযোগিতা করলেন।
মা একদিন বললেন, ‘তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে!’
টুকটুক হেসে বলল, ‘ও তো শুধু একটা প্রাণী নয় মা, আমার বন্ধুও। আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা।’
Printed page 49
অর্থ জেনে নিই
আনন্দ-উচ্ছ্বাসে — আনন্দমুখর পরিবেশে।
আর্তস্বর — ব্যথাসূচক শব্দ; কাতরধ্বনি।
আলতো করে — আলগোছে।
কঙ্কালসার — শরীরে হাড় ছাড়া কিছু নেই এমন; রোগা।
গ্রীষ্মের দাবদাহে — গরমকালের প্রচণ্ড তাপে।
চড়ুইভাতি — বনভোজন।
ভয়ে জড়োসড়ো — ভয়ে কুঁকড়ে যাওয়া।
হৃষ্টপুষ্ট — মোটাতাজা।
অনুশীলনী
১. ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি।
| ক. মনে তার ............................... বইছে। | জড়োসড়ো ঝলমল আলতো আনন্দের জোয়ার আনন্দ-উচ্ছ্বাসে |
| খ. টুকটুকের মুখটা হাসিতে ............................ করে উঠল। | |
| গ. ছানাটি ভয়ে ............................... হয়ে কাঁপছে। | |
| ঘ. চড়ুইভাতির ............................... যোগ দিল চিকু। | |
| ঙ. সে ছানাটিকে ............................করে কোলে তুলে নিল। |
Printed page 50
২. প্রশ্নের উত্তর বলি ও লিখি।
ক. টুকটুক গান গেয়ে উঠল কেন?
খ. টুকটুক কোথায় বিড়ালছানাটিকে দেখতে পেল?
গ. টুকটুকের মন বিড়ালছানাটির জন্য কেঁদে উঠল কেন?
ঘ. টুকটুক কীভাবে বিড়ালছানাটির যন্ত্র নিল?
ঙ. অন্য পশুপাখির যত্নে টুকটুক কী কী করত?
চ. ‘প্রাণীদের বন্ধু’ ক্লাবটি কীভাবে গঠিত হয়েছিল?
৩. সঠিক উত্তরসহ বাক্যটি লিখি।
ক. টুকটুকের মামাতো ভাইবোনেরা আসবে —
- ঈদের ছুটিতে
- শীতের ছুটিতে
- গ্রীষ্মের ছুটিতে
- পূজার ছুটিতে
খ. ছানাটি জড়োসড়ো হয়ে—
- খিদেয় কাঁপছে
- ভয়ে কাঁপছে
- ঠান্ডায় কাঁপছে
- জ্বরে কাঁপছে
গ. টুকটুক বিড়ালছানাটির গা মুছিয়ে দিল—
- গামছা দিয়ে
- কাপড় দিয়ে
- জামা দিয়ে
- তোয়ালে দিয়ে
ঘ. বিড়ালছানার নাম ‘চিকু’ রেখেছে —
- রাতুল
- নীলা
- টুকটুক
- মা
ঙ. চড়ুইভাতির আয়োজন করল—
- টুকটুক ও নীলা
- টুকটুক, রাতুল ও নীলা
- রাতুল ও নীলা
- টুকটুক ও রাতুল
Printed page 51
৪. কোন বাক্যে বিবরণ, প্রশ্ন, বিস্ময় বোঝাচ্ছে তা ডান পাশে লিখি।
ক. আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। ....................................
খ. ভয় পেয়েছ? ....................................
গ. অনেক কিছু শিখে গেলে। ....................................
ঘ. টুকটুক ওর নাম রাখল ‘চিকু’। ....................................
ঙ. সত্যি, মাগো! ....................................
চ. কেন পারবি না? ....................................
৫. বাক্যের শেষে দাঁড়ি, প্রশ্নচিহ্ন অথবা বিস্ময়চিহ্ন বসিয়ে পুনরায় লিখি।
ক. টুকটুক স্কুলে পড়ে :
খ. তোমরা ওদের মারছো কেন :
গ. কী সুন্দর লাগছে চারদিক :
ঘ. আহারে, ওর কত কষ্ট :
ঙ. তুমি কি তার নাম জানো :
চ. এক্ষুনি চলে আসো :
Printed page 52
৬. গল্পটি শেষ করি।
ছুটির দিন। খুব সকালে ঘুম ভেঙে গেল। দেখি, জানালায় একটা পাখি বসে আছে। আমি পাখিটাকে বললাম, ‘তুমি আমাকে কিছু বলতে চাও?’
....................................................................................................
....................................................................................................
....................................................................................................
....................................................................................................
....................................................................................................
....................................................................................................
....................................................................................................
৭. আমার প্রিয় কোনো প্রাণী নিয়ে একটি রচনা লিখি।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.