Skip to content

Amar Bangla Boi chapter 10: The Shepherd Boy

রাখাল ছেলে

  • Amar Bangla Boi
  • Textbook pages 53-56
  • 1 source
  • 3,129 characters of context

Textbook (verbatim transcription): The Shepherd Boy

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 53

পাঠ ১০

রাখাল ছেলে

জসীমউদ্দীন

‘রাখাল ছেলে! রাখাল ছেলে! বারেক ফিরে চাও।
বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও?’

‘ওই যে দেখো নীল-নোয়ানো সবুজ ঘেরা গাঁ,
কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা,
সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া,
সাঁঝ-আকাশের ছড়িয়ে-পড়া আবির রঙে নাওয়া;
সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা—
সেথায় যাব, ও ভাই এবার আমায় ছাড় না!’

Printed page 54

‘রাখাল ছেলে! রাখাল ছেলে! আবার কোথা ধাও,
পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও।’
‘ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে,
সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে।
আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই,
সরষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই।
চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দু-খান পা,
বলছে ডেকে, ‘গাঁয়ের রাখাল একটু খেলে যা!’
সারা মাঠের ডাক এসেছে, খেলতে হবে ভাই!
সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই!’

অর্থ জেনে নিই

আবির রং — লালচে রং।
কুটির — কুঁড়েঘর।
কোথা ধাও — কোথায় ছুটে চলেছ?
চামর — পাখা।
নাও — নৌকা।
নীল-নোয়ানো — নীল আকাশ নেমে এসেছে এমন।
প্রভাত হাওয়া — সকাল বেলার বাতাস।
বাঁকা গাঁয়ের পথ — গ্রামের বাঁকা রাস্তা।
বারেক — একবার মাত্র।
মিঠেল রোদ — কোমল রোদ।
সবুজ ঘেরা গাঁ — সবুজ গাছগাছালিতে ভরা গ্রাম।
সাঁঝ-আকাশ — সন্ধ্যার আকাশ।
সোনার পাতায় ছাওয়া — শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা।

Printed page 55

অনুশীলনী

১. বাক্য তৈরি করি।

একলা ঘরে : ……………………………………………………………………
রঙিন মেঘ : ……………………………………………………………………
কলার পাতা : ……………………………………………………………………
শিশির-ঝরা : ……………………………………………………………………
ছোটো কুটির: ……………………………………………………………………

২. মিল-শব্দ লিখি।

চাও : ……………………………………………………………………
ডাকছে : ……………………………………………………………………
জেগে : ……………………………………………………………………
হাসে : ……………………………………………………………………
জড়িয়ে : ……………………………………………………………………

৩. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. রাখাল ছেলে কেমন পথ ধরে, কোথায় যাচ্ছে?
খ. গ্রামটিকে ‘সবুজ ঘেরা’ বলা হয়েছে কেন?
গ. রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়?
ঘ. কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও।
ঙ. কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি।

Printed page 56

৪. এক শব্দে উত্তর দিই।

গাঁয়ের পথটি কেমন? : ……………………………………………
কুটিরটি কেমন? : ……………………………………………
সকালের রোদটা কেমন? : ……………………………………………
কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে? : ……………………………………………
ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায়? : ……………………………………………

৫. কবিতাটি দুজনে মিলে আবৃত্তি করি।

৬. কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি।

কলার পাতাসবুজ
গাঁয়ের পথ……………………………
…………………………………………………………
…………………………………………………………
…………………………………………………………
…………………………………………………………

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.