Amar Bangla Boi chapter 12: Disciples Devotion
শিষ্যের সাধনা
- Amar Bangla Boi
- Textbook pages 63-68
- 1 source
- 6,774 characters of context
Textbook (verbatim transcription): Disciples Devotion
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 63
পাঠ ১২
শিষ্যের সাধনা
নাম তার একলব্য। সারাদিন তির-ধনুক নিয়ে মেতে থাকে ছেলেটা। অব্যর্থ তার হাতের নিশানা।
একলব্য মস্ত বীর হতে চায়। তাই একদিন সে ছুটল গুরু দ্রোণের কাছে। একলব্য শুনেছে, দ্রোণ রাজপুত্রদের তির চালনা শেখান। তাঁর কাছে শিখতে পারলে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে।
সাহসে বুক বেঁধে একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। সেখানে রাজপুত্রা ধনুক থেকে তির ছোড়ার অনুশীলন করছে। তাদের গুরু দ্রোণ একদিকে বসে আছেন। একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তির ছোড়া দেখতে লাগল। তার সাহস হলো না গুরুর কাছে যেতে।
Printed page 64
হঠাৎ এক রাজপুত্র দেখতে পেল একলব্যকে। চেঁচিয়ে বলে উঠল, ‘তুমি কে? কোত্থেকে এসেছ?’
একলব্য চুপ করে থাকল।
এবার দ্রোণ তাকে কাছে ডাকলেন। বললেন, ‘কে তুমি? কী চাও এখানে?’
একলব্য কাছে এসে বলল, ‘আমি এক শিকারির ছেলে। নাম একলব্য।’
দ্রোণ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, ‘তা এখানে কেন?’
ভয়ে ভয়ে একলব্য বলল, ‘আমি আপনার কাছে তির চালনা শিখতে চাই।’
বিরক্ত মুখে দ্রোণ বললেন, ‘শোনো বাছা। আমি শুধু রাজকুমারদের শেখাই। তুমি ফিরে যাও।’
একলব্যের মুখ কালো হয়ে গেল। সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। তারপর ভাবল, এখন থেকে সে নিজেই তির চালনার অনুশীলন করবে।
তারপর অনেক বছর কেটে গেছে। রাজপুত্রেরা অনেক বড়ো হয়েছে। তির-ধনুক চালনায় পারদর্শী হয়ে উঠেছে সবাই। দ্রোণ একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন।
রাজপুত্রদের মধ্যে তৃতীয় জন সবচেয়ে ভালো তির নিক্ষেপ করতে পারে। সে একটা হরিণ দেখে তার পিছন পিছন ছুটতে লাগল। কিন্তু হঠাৎ হরিণটা চোখের আড়াল হয়ে গেল। রাজপুত্র সেখানেই দাঁড়িয়ে থাকল। তার সঙ্গে ছিল একটা শিকারি কুকুর। কুকুরটা হরিণের পিছু ছুটল।
খানিক বাদে তৃতীয় রাজপুত্র থ হয়ে গেল। তার শিকারি কুকুর ফিরে এসেছে। তবে কুকুরটার মুখের চারপাশে বিঁধে রয়েছে পাঁচটা তির। এ কারণে কুকুরটা আর ডাকতে পারছে না। কিন্তু কী অবাক কাণ্ড! কুকুরটার মুখে এক ফোঁটা রক্তের দাগ নেই। যন্ত্রণার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
কে এমন আশ্চর্যভাবে তির মারল কুকুরটাকে? তৃতীয় রাজপুত্র এবার সেই শিকারিকে খুঁজতে শুরু করল।
খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল, উঠানের মতো একফালি জায়গা। তার চারপাশে লতাপাতার বেড়া। সেখানে তির চালনার অনুশীলন করছে এক যুবক। কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগল। কী দারুণ কৌশলে সে তির মারতে পারে!
Printed page 65
এতদিন তৃতীয় রাজপুত্র তির চালনায় নিজেকে সেরা মনে করত। এখন নিজের অহংকার ধুলায় মিশে গেল। সে চেঁচিয়ে বলল, ‘তুমি কি আমার কুকুরের মুখে এমন করে তির মেরেছ?’
যুবক মুখ ঘুরিয়ে রাজপুত্রের দিকে তাকাল। তারপর নির্বিকার মুখে বলল, ‘হ্যাঁ, আমি।’
রাজপুত্র বলল, ‘কিন্তু কেন?’
যুবক শান্তভাবে বলল, ‘তোমার কুকুর চিৎকার করে আমার সাধনার ব্যাঘাত করছিল। তবে আমি ওর কোনো ক্ষতি করিনি। তাকে কোনো কষ্টও দিইনি। শুধু ওর চিৎকার বন্ধ করে দিয়েছি।’
রাজপুত্র জানতে চাইল, ‘তুমি কার কাছে এভাবে তির ছোড়া শিখেছ?’
‘গুরু দ্রোণের কাছে।’ উত্তর দিলো সে।
‘দ্রোণ!’ নাম শুনে চমকে উঠল রাজপুত্র। তাদের গুরু দ্রোণ। কিন্তু এমন বিদ্যা তো দ্রোণ তাকে শেখাননি! তৃতীয় রাজপুত্র সেখান থেকে বেরিয়ে দ্রুত গুরুর কাছে ফিরে এলো।
দ্রোণ আর অন্য রাজপুত্রেরা তখন গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। তৃতীয় রাজপুত্রের চোখেমুখে রাগ দেখে দ্রোণ জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে, রাজপুত্র?’
রাজপুত্র কুকুরটাকে এনে দেখাল। তারপর বলল, ‘এমন করে তির মারা শিখিয়েছেন কাকে? এতদিন তো আপনিই বলতেন আমি পৃথিবীর সেরা তিরন্দাজ।’
দ্রোণ কুকুরটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ‘রাজপুত্র, এমন আশ্চর্য বিদ্যা আমি নিজেই জানি না। অন্যকে শেখাব কী করে?’
তৃতীয় রাজপুত্র এবার গুরুকে নিয়ে গেল। সেই যুবকের কাছে। দ্রোণকে দেখে তির-ধনুক ফেলে ছুটে এলো যুবক। পায়ের ধুলা নিয়ে বলল, ‘আমি আপনার শিষ্য একলব্য।’
‘একলব্য!’ নাম শুনে দ্রোণের মনে পড়ল আগের ঘটনা। খানিক নীরব থেকে তিনি বললেন, ‘আমি তো তোমাকে শিষ্য বলে গ্রহণ করিনি। ফিরিয়ে দিয়েছিলাম।’
একলব্য বলল, ‘সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি।’
একলব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন দ্রোণ। নিবিড় অনুশীলন একলব্যকে সেরা তিরন্দাজ বানিয়েছে।
Printed page 66
অর্থ জেনে নিই
অব্যর্থ — বিফল হয় না এমন।
অহংকার — নিজেকে নিয়ে বড়াই।
একফালি — লম্বা এক টুকরা।
কৌশল — দক্ষতা; নিপুণতা।
চোখ কপালে উঠল — খুব অবাক হয়ে গেল।
তির চালনা — তির ছোড়া।
তিরন্দাজ — তির ছুড়তে পারদর্শী।
ধুলায় মিশে যাওয়া — শেষ হয়ে যাওয়া।
নিক্ষেপ — ছুড়ে মারা।
নির্বিকার — নির্লিপ্ত; পরিবর্তনহীন; আবেগহীন।
নিশানা — লক্ষ্য; তাক।
পারদর্শী — দক্ষ।
ব্যাঘাত করা — বাধা দেওয়া।
লক্ষণ — আভাস।
শিষ্য — গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে।
সাধনা — চেষ্টা; অভ্যাস।
হতভম্ব — অবাক; হতবাক।
Printed page 67
অনুশীলনী
১. বন্ধনীর প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসাই।
ক. একলব্য ............................ বীর হতে চায়। (কেমন বীর?)
খ. দ্রোণ একদিন তাদের ............................ নিতে বনে এলেন। (কী নিতে)
গ. ............................ তার হাতের নিশানা। (কেমন নিশানা?)
ঘ. একলব্য ঢুকে পড়ল ............................। (কোথায় ঢুকে পড়ল?)
ঙ. সে ............................ মুখে সেখান থেকে চলে এলো। (কেমন মুখে?)
চ. তিনি ছেলেটির দিকে ................ তাকিয়ে রইলেন। (কীভাবে তাকিয়ে রইলেন?)
২. বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
| শব্দ | বিপরীত শব্দ | বাক্য |
|---|---|---|
| কাছে | ................ | ................................................... |
| মস্ত | ................ | ................................................... |
| পারদর্শী | ................ | ................................................... |
| ভিতরে | ................ | ................................................... |
| আগের | ................ | ................................................... |
Printed page 68
৩. প্রশ্নের উত্তর বলি ও লিখি।
ক. একলব্য কী হতে চায়?
খ. রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন?
গ. একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল?
ঘ. তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলায় মিশে গেল?
ঙ. কুকুরের মুখে কীভাবে তির মারা হয়েছিল?
চ. ‘মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি।’—কথাটি কে, কাকে, কখন বলেছে?
৪. গল্পটির নাম ‘শিষ্যের সাধনা’ কেন, তা বলি ও লিখি।
৫. যেকোনো পাঁচটি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি।
খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল, উঠানের মতো একফালি জায়গা। তার চারপাশে লতাপাতার বেড়া। সেখানে তির চালনার অনুশীলন করছে এক যুবক। কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগল। কী দারুণ কৌশলে সে তির মারতে পারে!
৬. ক্রমবাচক শব্দ শিখি।
| ১ম | প্রথম |
|---|---|
| ২য় | দ্বিতীয় |
| ৩য় | তৃতীয় |
| ৪র্থ | চতুর্থ |
| ৫ম | পঞ্চম |
| ৬ষ্ঠ | ষষ্ঠ |
| ৭ম | সপ্তম |
| ৮ম | অষ্টম |
| ৯ম | নবম |
| ১০ম | দশম |
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.