Amar Bangla Boi chapter 21: Farewell Hajj Speech
বিদায় হজের ভাষণ
- Amar Bangla Boi
- Textbook pages 119-123
- 1 source
- 4,635 characters of context
Textbook (verbatim transcription): Farewell Hajj Speech
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents2ShowHide
Printed page 119
পাঠ ২১
বিদায় হজের ভাষণ
দশম হিজরি। আরব দেশের বহু লোক তখন ইসলাম গ্রহণ করেছে। মহানবি হজরত মুহাম্মদ (স) মানুষের কাছে পৌঁছে দিয়েছেন শান্তি ও সাম্যের বাণী।
ওই সময়ে মুহাম্মদ (স) মদিনায় বসবাস করতেন। তিনি তাঁর জন্মস্থান মক্কায় যেতে চাইলেন। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। মদিনার হাজার হাজার মানুষ জড়ো হলো তাঁর কাছে। জিলকদ মাসের শেষে মহানবি (স) সবাইকে নিয়ে মক্কায় এলেন। মক্কার লোকেরাও মহানবিকে (স) দেখার জন্য ছুটে এলো।
সেবার আরব দেশের নানা প্রান্ত থেকে প্রায় দুই লাখ মানুষ হজ পালন করতে মক্কায় এসেছিল। এত মানুষ দেখে মুহাম্মদের (স) মন আনন্দে ভরে গেল। তিনি সমবেত মানুষের উদ্দেশে ভাষণ দিলেন। আরাফাতের ময়দানে মহানবি (স)-এর এটি শেষ ভাষণ। তাঁর জীবনে এটিই শেষ হজ। আর তাই এ ভাষণ বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানবজাতি চিরদিন তাঁর এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
Printed page 120
ভাষণের শুরুতে তিনি আল্লাহর প্রশংসা করেন। এরপর সমবেত মানুষের দিকে তাকিয়ে বলেন—
‘হে লোক সকল! মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করছ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন।’
নবিজি বলেন, ‘তোমাদের গোলামও আল্লাহর বান্দা। তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার কোরো না। তোমরা নিজেরা যা খাবে, তাদেরও তা-ই খেতে দেবে। নিজেরা যে কাপড় পরবে, তাদেরও তা-ই পরতে দেবে। কোনো গোলাম যদি নিজের যোগ্যতায় আমির হয়, তবে তাকে মেনে চলবে।
কখনো অন্যায় ও অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। কখনো একজন আরেক জনের সম্পত্তি দখল করবে না। তুমি নিজেই তোমার নিজের কাজের জন্য দায়ী থাকবে।’
মহানবি (স) আরো বলেন, ‘তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। নিজ নিজ ধর্ম পালন করবে। অন্য ধর্মের মানুষের উপর নিজের ধর্ম চাপিয়ে দেবে না।’
মহানবি (স) তাঁর ভাষণে কয়েকটি কথার উপর জোর দেন। এগুলো হলো—
মানুষ হিসেবে নিজেদের মর্যাদা ধরে রাখা।
মেয়েদের অধিকারকে সম্মান করা।
ধনী-গরিবের বৈষম্য না করা।
কাউকে জাতি বা ধর্ম দিয়ে আলাদা না করা।
ভাষণের শেষ দিকে তিনি বলেন, ‘আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন। আর দুই, আমার জীবনের আদর্শ। এই দুটি তোমাদের পথ দেখাবে।’
সেদিন মুহাম্মদ (স) সমবেত মানুষের কাছে অনুরোধ করেন, ‘আজ যারা এখানে আসেনি, আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিয়ো।’
অর্থ জেনে নিই
আমির — নেতা; শাসক।
গোলাম — চাকর।
জিলকদ — আরবি বছরের একাদশ মাস।
বৈষম্য — পার্থক্য।
সমবেত — একসঙ্গে হয়েছে এমন।
হিজরি — মুসলিমদের চালু করা বছর।
Printed page 121
অনুশীলনী
১. প্রায় একই উচ্চারণের শব্দ দিয়ে বাক্য বানাই।
ভাষণ — বক্তৃতা তিনি ভাষণে গুরুত্বপূর্ণ কথা বললেন।
বাসন — পাত্র বাসন ধুয়ে খেতে দাও।
দেশ — রাজ্য ……………………………………………………………
দ্বেষ — হিংসা ……………………………………………………………
খবর — সংবাদ ……………………………………………………………
কবর — সমাধি ……………………………………………………………
জড়ো — একত্র ……………………………………………………………
ঝোড়ো — প্রবল বাতাসযুক্ত ……………………………………………………………
পরা — পরিধান করা ……………………………………………………………
পড়া — পাঠ করা ……………………………………………………………
জোর — শক্তি; গুরুত্ব ……………………………………………………………
জোড় — জোড়া ……………………………………………………………
অন্য — অপর ……………………………………………………………
অন্ন — ভাত ……………………………………………………………
প্রতি — প্রত্যেক; উপর ……………………………………………………………
পতি — স্বামী ……………………………………………………………
Printed page 122
২. ঠিকমতো উচ্চারণ করি।
অনুরোধ — ওনুরোধ্
আহ্বান — আওভান্
সমবেত — শমোবেতো
শ্রদ্ধা — স্রোদ্ধা
স্মরণ — শঁরোন্
অত্যাচার — ওত্তাচার
উজ্জ্বল — উজ্জল্
সাক্ষী — শাক্ষি
৩. প্রশ্নের উত্তর বলি ও লিখি।
ক. কোন হিজরিতে মুহাম্মদ (স) তাঁর শেষ ভাষণ দেন?
খ. মহানবির (স) শেষ ভাষণ থেকে আমরা কী কী শিক্ষা পাই?
গ. গোলাম যদি আমির হয় তাকে অনুসরণ করতে হবে কেন?
ঘ. ধর্ম বিষয়ে মুহাম্মদ (স) কী বলেছেন?
ঙ. মহানবি (স) কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন?
৪. যতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ আকারে লিখি।
আসিফ তার বাবার সামনে গিয়ে দাঁড়াল
বাবা বললেন কিছু বলতে চাও
আসিফ বলল বাবা আমি স্কুলের শিক্ষাসফরে যেতে চাই
বাবা বললেন এবার শিক্ষাসফরে কোথায় নিয়ে যাবে
আসিফ বলল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ
বাবা বললেন দারুণ তো
Printed page 123
৫. প্রয়োজনীয় শব্দ বসিয়ে বাক্য পূর্ণ করি।
ক. বিদ্যালয়ে আসার পথে ……………………………………………………………
খ. ছুটি হয়ে গেলেও তমাল ……………………………………………………………
গ. তানিয়া বাংলায় ভালো, কিন্তু ……………………………………………………………
ঘ. আমরা সবাই মিলে ……………………………………………………………
ঙ. ওই পাখিটা ……………………………………………………………
চ. বেশ তো, এবার না হয় ……………………………………………………………
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.