Skip to content

Amar Bangla Boi chapter 23: Writing Posters and Placards

পোস্টার লিখি, প্ল্যাকার্ড লিখি

  • Amar Bangla Boi
  • Textbook pages 130-132
  • 1 source
  • 3,335 characters of context

Textbook (verbatim transcription): Writing Posters and Placards

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 130

পাঠ ২৩

পোস্টার লিখি, প্ল্যাকার্ড লিখি

স্কুলে আসার পথে মিতুর মন খারাপ হয়ে গেল। একটা গাছ কেটে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। সেই গাছের ডালে একটা পাখির বাসা। বাসাটা ভেঙে গেছে। সেখানে ডিম বা ছানা ছিল কি না, বোঝা যাচ্ছে না।

পাখিদের কথা ভাবতে ভাবতে মিতু স্কুলে ঢুকল। মিতুর মন খারাপ দেখে তালিব বলল, ‘কী হয়েছে মিতু?’

মিতু সেই কাটা গাছের কথা বলল। তারপর বলল, ‘পাখিদের জন্য আমার মন খারাপ লাগছে। কত কষ্ট করে তারা এই বাসাটা বানিয়েছিল। হয়তো সেখানে ডিম বা ছানাও ছিল।’

মিতুর কথা শুনে তালিবেরও মন খারাপ হলো। তালিব আর মিতুর কাছ থেকে অন্যরাও এই কথা শুনল। কেউ কেউ বলল, ‘পাখিদের জন্য আমরা কি কিছুই করতে পারি না?’

ঘণ্টা পড়ার পর জামসেদ স্যার ক্লাসে এলেন। তালিব তাঁকে পুরো ব্যাপারটা বলল। জামসেদ স্যার ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, ‘পাখিদের জন্য গাছ খুবই দরকারি। পাখিরা গাছে বাসা বানায়। তাছাড়া কোনো কোনো পাখি দালানে বা ঘরে বাসা বানায়। অনেক পাখি নদীর তীরেও বাসা বানায়। পাখিদের জন্য নিরাপদ পরিবেশ খুবই দরকার।’

তালিব বলল, ‘স্যার, আমরা পাখিদের জন্য কী করতে পারি?’

জামসেদ স্যার বললেন, ‘সবাইকে সচেতন করার জন্য আমরা একসাথে কাজ করতে পারি। যেমন, পোস্টার লিখে দরকারি কথা মানুষকে জানাতে পারি। প্ল্যাকার্ড লিখেও মানুষকে জানাতে পারি।’

তালিব বলল, ‘পোস্টার ও প্ল্যাকার্ড কী, স্যার?’

Printed page 131

স্যার বললেন, ‘কোনো দাবি বা তথ্য তুলে ধরার জন্য এগুলো ব্যবহার করা হয়। বড়ো কাগজে দরকারি কথা লিখে যখন টাঙানো হয়, তখন তাকে বলে পোস্টার। আর শক্ত মোটা কাগজে লেখা হয় প্ল্যাকার্ড। প্ল্যাকার্ড ধরার জন্য কাগজের নিচে কখনো কখনো বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয়।’

তালিব বলল, ‘স্যার, আমাদের কি এগুলো বানাতে শেখাবেন?’

জামসেদ স্যার বললেন, ‘নিশ্চয় শেখাব। পোস্টার বানাতে আমাদের লাগবে বড়ো কাগজ আর লেখার জন্য রং-তুলি বা মার্কার কলম। আর প্ল্যাকার্ড বানাতে লাগবে মোটা শক্ত বড়ো কাগজ আর লেখার জন্য রং-তুলি বা মার্কার কলম। আর লাগবে বাঁশ বা কাঠের ফালি। আগামী ক্লাসে আমরা পোস্টার ও প্ল্যাকার্ড বানাব।’

মিতু বলল, ‘স্যার, পোস্টার আর প্ল্যাকার্ডে আমরা কী লিখব?’

স্যার বললেন, ‘এসো, কিছু নমুনা লিখে দেখাই।’ তারপর তিনি বোর্ডে লিখলেন:

Figure

লেবেল: বৃক্ষ বৃক্ষ গাছ লাগাই; পাখির জন্য নিরাপদ পৃথিবী গড়ি; পরিবেশ সুন্দর রাখি; গাছ বাঁচলে মানুষ বাঁচবে
বর্ণনা: বোর্ডে লেখা চারটি রঙিন নমুনা লেখা ফলক পাশাপাশি সাজানো; বাঁ থেকে ডানে সবুজ, গোলাপি, নীলাভ ও হালকা সবুজ রঙের।

তালিব বলল, ‘পোস্টার আর প্ল্যাকার্ডে কি একই কথা লেখা হয়?’

জামসেদ স্যার বললেন, ‘পোস্টার আর প্ল্যাকার্ডে একই কথা লেখা যায়।’

Printed page 132

অনুশীলনী

১. প্রশ্নের উত্তর লিখি।

ক. পোস্টার কী?

খ. প্ল্যাকার্ড কী?

গ. পোস্টার ও প্ল্যাকার্ডের মধ্যে পার্থক্য কী?

২. পোস্টার ও প্ল্যাকার্ডের কথা লিখি।

উপলক্ষযা লিখতে পারি
শব্দদূষণ কমানোর জন্য
সাবধানে রাস্তা পারাপারের কথা জানানো
গাছ লাগানোর জন্য
খেলার মাঠের দাবি জানানো
ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য

সমাপ্ত

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.