Bangladesh and Global Studies chapter 10: Moral and Social Behavior
নৈতিক ও সামাজিক আচরণ
- Bangladesh and Global Studies
- Textbook pages 110-114
- 1 source
- 5,677 characters of context
Textbook (verbatim transcription): Moral and Social Behavior
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 110
নৈতিক ও সামাজিক আচরণ
১ পরমতসহিষ্ণুতা
রাজু, তপু, মিলি ও রনি চার বন্ধু। তারা পঞ্চম শ্রেণিতে পড়ে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকলেই রংবেরঙের পোশাক পরে এসেছে। প্রত্যেকেই তার নিজের পোশাকই সবচেয়ে সুন্দর বলে দাবি করছিল। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কেউ থামছে না। হঠাৎ করেই তপু ও মিলি সবাইকে চুপ করতে বলল। তপু বলল, ‘আমাদের প্রত্যেকের পছন্দ এক রকম নয়। একেকজনের পছন্দ একেক রকম। প্রত্যেকের কাছেই তার পোশাক সুন্দর।’ মিলি বলল, ‘আসলে আমাদের সকলের পোশাকই সুন্দর।’ সবাই তপু ও মিলির কথা শুনে মেনে নিয়ে নববর্ষের আনন্দে মেতে উঠল।
Figure
বর্ণনা: চারজন শিক্ষার্থী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে; দুইজন ছেলে ও দুইজন মেয়ে, প্রত্যেকে ভিন্ন রঙের পোশাক পরা। পেছনে গাছ।
ক) উপরের ঘটনাটি পড়ে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি।
| চার বন্ধুর মধ্যে কী বিষয়ে মতের অমিল ছিল? | |
| তারা একে অপরের মতামত মেনে নিচ্ছিল না কেন? | |
| তপু ও মিলি কী বলেছিল? | |
| সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল কি না? | |
| অন্যের মতামত সম্মান করাকে কী বলে? |
অন্যের মতকে সম্মান করাই পরমতসহিষ্ণুতা। পরমতসহিষ্ণুতা একটি মানবীয় গুণ। সকলের মতামতের গুরুত্ব রয়েছে। সেজন্য সকলের মতামত ধৈর্যসহকারে শোনা উচিত। তাই আমাদের সকলকে পরমতসহিষ্ণু হতে হবে।
Printed page 111
খ) নিচের বাক্যগুলো পড়ে একমত হলে তার পাশে টিক (√) চিহ্ন, না হলে ক্রস (×) চিহ্ন দিই।
| ১. সবার মতকে গুরুত্ব দেওয়া উচিত | |
| ২. যার মত পছন্দ হয় তারটাই শোনা উচিত | |
| ৩. অন্যের মতামতকে সম্মান করা একটি মানবীয় গুণ | |
| ৪. সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো | |
| ৫. নিজের মতকেই সবসময় প্রাধান্য দেওয়া উচিত |
প্রতিটি মানুষেরই নিজস্ব মতামত আছে। পরমতসহিষ্ণুতা ব্যক্তির মত প্রকাশের সুযোগ করে দেয়। অপরের মতামত আমরা মনোযোগ সহকারে শুনি। এটি আমাদেরকে সহনশীলতা শেখায়। প্রত্যেকের মতামতের গুরুত্ব আছে বলেই তাদের মতামতকে সম্মান করি। অর্থাৎ মানুষকে আমরা সম্মান করতে শিখি। গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত হলো পরমতসহিষ্ণুতা। তাই এ গুণ মানুষকে গণতান্ত্রিক করে গড়ে তোলে। সমাজে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বাস করে। প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমতসহিষ্ণুতা। পরমতসহিষ্ণুতা আছে বলেই সমাজে আমরা মিলেমিশে বাস করি। এ গুণ পরিবারে, সমাজে ও রাষ্ট্রীয় জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখে।
গ) অনুচ্ছেদটুকু পড়ে পরমতসহিষ্ণুতার গুরুত্ব খুঁজে বের করি ও লিখি।
ঘ) বিদ্যালয়ভিত্তিক একটি কার্যক্রমের ভূমিকাভিনয় করি যেখানে পরমতসহিষ্ণুতা প্রকাশ পায়।
Printed page 112
২ গণতান্ত্রিক আচরণ
সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাসফরে যাবে। কোথায় যাবে এ নিয়ে প্রথমদিন সকলে একমত হতে পারেনি। শ্রেণিশিক্ষক দ্বিতীয় দিন স্থান নির্বাচনের জন্য অন্য পথ বেছে নিলেন। প্রথম দিনের আলোচনা থেকে পাওয়া ৪টি স্থানের নাম বোর্ডে লিখলেন। এবার শিক্ষক প্রত্যেকের হাতে এক টুকরা কাগজ দিলেন। প্রত্যেককে বোর্ডে লেখা নাম থেকে একটি নাম বাছাই করে কাগজে লিখে ভাঁজ করে বাক্সে রাখতে বললেন। সকলের মত দেওয়া শেষ হলে শিক্ষক বাক্স থেকে লেখা কাগজগুলো খুলে গণনা করলেন। কোন স্থানের নামের পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা স্থানের নামের পাশে লিখলেন। যে স্থানের নামের পাশে সবচেয়ে বেশি ভোট পড়েছে সে স্থানকে শিক্ষা সফরের জন্য নির্বাচন করা হলো। এভাবে সকলের মতামত গ্রহণ ও অধিকাংশের মতামতের ভিত্তিতে শিক্ষাসফরের স্থান নির্বাচিত হওয়ায় সকলেই খুশি।
ক) ঘটনাটি পড়ে নিচের প্রশ্নগুলো সম্পর্কে মত দিই।
| প্রশ্ন | মতামত |
|---|---|
| ১. সকলে কি তাদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে? | |
| ২. তাদের মতকে কি বিবেচনা করা হয়েছে? | |
| ৩. কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? | |
| ৪. অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম কী? |
খ) নিচের বিবৃতিগুলো পড়ি এবং যেগুলো গণতান্ত্রিক আচরণকে নির্দেশ করে তার পাশে টিক (√) ও যেগুলো গণতান্ত্রিক আচরণ নির্দেশ করে না তার পাশে ক্রস (×) দিই।
| ক্রমিক | বিবৃতি | √ বা × |
|---|---|---|
| ১। | সকলকে মতামত প্রকাশ করার সুযোগ দিব। | |
| ২। | শ্রেণিনেতা নির্বাচনে সকলের মতামত নেওয়ার প্রয়োজন নেই। | |
| ৩। | বেশি সংখ্যক মতামতকে গ্রহণ করে সিদ্ধান্ত নিব। | |
| ৪। | বিদ্যালয়ের দেয়ালিকা তৈরিতে দলনেতার খেয়াল খুশিই প্রাধান্য পায়। | |
| ৫। | শ্রেণিকক্ষ কীভাবে সাজানো হবে তা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়। |
Printed page 113
গ) আমাদের শ্রেণিকক্ষ কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব সকলে মিলে তার পরিকল্পনা করি।
ঘ) সকলে মিলে গণতান্ত্রিক উপায়ে আমাদের শ্রেণিনেতা নির্বাচন করি।
Figure
লেবেল: ভোট
বর্ণনা: একটি ভোটের বাক্স; উপরে একটি কাগজ বাক্সের ফাঁকা দিয়ে ঢোকানো অবস্থায় দেখানো হয়েছে। বাক্সের সামনের অংশে ‘ভোট’ লেখা।
Printed page 114
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত কোনটি?
- ক) নিজের মতামতকে প্রাধান্য দেওয়া
- খ) অন্যের মতামতকে গুরুত্ব দেয়া
- গ) যার মত পছন্দ হয় তার কথা শোনা
- ঘ) নিজের মতো সিদ্ধান্ত নেয়া
২. পরমতসহিষ্ণুতা আমাদের কী শেখায়?
- ক) সহনশীলতা
- খ) নৈতিকতা
- গ) নান্দনিকতা
- ঘ) সৃজনশীলতা
খ. সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
১. প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন ________। ২. সকলেরই অন্যের মতামতকে ________ করা উচিত।
গ. সংক্ষিপ্ত প্রশ্ন
১. পরমতসহিষ্ণুতা কী? ২. বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার তিনটি ক্ষেত্র লেখ।
ঘ. বর্ণনামূলক প্রশ্ন
১. শ্রেণিকক্ষে তোমার সহপাঠীদের সাথে কীভাবে পরমতসহিষ্ণুতা প্রদর্শন করবে? ২. বিদ্যালয়ে শ্রেণিনেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কীভাবে গণতান্ত্রিক চর্চা করবে?
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.