Bangla Grammar and Composition chapter 8: Dictionary
৮. অভিধান
- Bangla Grammar and Composition
- Textbook pages 60-63
- 1 source
- 5,563 characters of context
Textbook (verbatim transcription): Dictionary
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents6ShowHide
Printed page 60
৮. অভিধান
অভিধান বলতে শব্দের সংগ্রহ-জাতীয় গ্রন্থকে বোঝায়। একটি ভাষিক সম্প্রদায় তাদের মুখের ও লিখিত ভাষায় যেসব শব্দ ব্যবহার করে সেইসব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়ম। কিন্তু সব সময় তা সম্ভব হয় না। অভিধানে প্রতিটি শব্দের বিস্তৃত পরিচয় লেখা থাকে। যেমন- শব্দটির উৎস কী, কীভাবে তা তৈরি হয়েছে, এর প্রাচীন ও বর্তমান ব্যবহার কেমন, এর উচ্চারণ কেমন, শব্দটি বিশেষ্য না বিশেষণ নাকি অন্য কোনো শ্রেণির ইত্যাদি। অভিধান বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ।
৮.১ বাংলা অভিধান
বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন খ্রিষ্টান মিশনারি মানুএল দা আসসুম্পসাঁউ। তাঁর রচিত বাংলা-পোর্তুগিজ ভাষার শব্দকোষ (VOCABULARIO EM IDIOMA BENGALLA,E PORTUGUEZ )গ্রন্থটি ১৭৪৩ খ্রিষ্টাব্দে পোর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। কিন্তু ১৮১৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গভাষাভিধান-কে প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তীকালে বহু বাংলা অভিধান প্রকাশিত হয়েছে এবং এখনো প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে অভিধান প্রণয়নে বাংলা একাডেমির অবদান গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে বাংলা একাডেমি থেকে বাংলা ভাষার অভিধান ছাড়াও বেশ কিছু বিশেষায়িত অভিধান; যেমন- বানান অভিধান, উচ্চারণ অভিধান, বিজ্ঞান অভিধান, ঐতিহাসিক অভিধান, বাংলা-ইংরেজি দ্বিভাষিক অভিধান ইত্যাদি প্রকাশিত হয়েছে।
৮.২ অভিধানে শব্দভুক্তির নিয়ম : বর্ণানুক্রমিক শব্দ সাজানো
অভিধানে শব্দ সাজানোকে বলা হয় ভুক্তি। সব ভাষার অভিধানেই শব্দের এ-ভুক্তি নির্দিষ্ট ভাষার বর্ণক্রম অনুসারে হয়। বাংলায় ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। যেমন-
স্বরবর্ণ : অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
ব্যঞ্জনবর্ণ : ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম
য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ।
অভিধানে এই ক্রম ঠিক এভাবে অনুসরণ করা হয়নি। সামান্য কিছু বৈচিত্র্য এক্ষেত্রে রয়েছে। বাংলা অভিধানে গৃহীত বর্ণানুক্রম নিম্নরূপ :
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ং ঃ ঁ ;
ক ক্ষ খ গ ঘ ঙ; চ ছ জ ছ ঞ ; ট ঠ ড ড় ঢ ঢ় ণ ; ত থ দ ধ ন ; প ফ ব ভ ম ;
য (য়) র ল শ ষ স হ।
উল্লেখ্য যে, ং ঃ ঁ স্বরবর্ণের পরে ও ব্যঞ্জনবর্ণের আগে ব্যবহৃত হয়। আর 'ক্ষ' যুক্তবর্ণ হলেও অভিধানে ক-বর্ণের পরে বর্ণরূপে প্রয়োগ হয়।
Printed page 61
যুক্তাক্ষরের বর্ণানুক্রম :
ক্ক ক্ট ক্ত ক্ষ ক্র গ্ন গ্ধ ঙ্ক ঙ্ক্ষ ঙ্খ ঙ্গ ঙ্ম চ্চ চ্ছ জ্জ জ্ঝ জ্ঞ ঞ্চ ঞ্ছ ঞ্জ ট্ট ড্ড ণ্ট ণ্ঠ ণ্ড ণ্ণ ত্ত ত্থ ত্ম দ্দ দ্ধ ধ্ব ন্ট ন্ঠ
ন্ড ন্ত ন্থ ন্দ ন্ধ ন্ন ন্ম প্ট প্ত প্ন প্ল ব্দ ব্ধ ব্ব ম্প ম্ফ ম্ব ম্ভ ম্ম ল্ক ল্গ ল্ট ল্ড ল্প ল্ল ল্ব শ্চ শ্ব ষ্ট ষ্ঠ ষ্ণ ষ্প ষ্ফ ষ্ম স্ক স্ট স্ত স্থ
স্প স্ফ হ্ণ হ্ম ক্ষ।
কার চিহ্ন : া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ।
ফলা চিহ্ন : ্র ্য ্ব ্ল ।
অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ
বাংলা অভিধানের শব্দগুলো যেভাবে বর্ণানুক্রমে সাজানো হয়েছে তার কিছু নমুনা নিচে উল্লেখ করা হলো :
অ
অনাথ [অনাথ] বিণ এতিম; মা-বাবা এবং অভিভাবক নেই যেসব শিশুর।
অবনি, অবনী (বিরল) [অবোনি] বি পৃথিবী; ধরা; জগৎ।
আ
আক্কেল [আক্কেল] বি ১. বুদ্ধি; বিবেচনা; কাণ্ডজ্ঞান।
উ
উনুন [উনুন] বি চুলা।
ক
কিচিরমিচির [কিচিরমিচির] বি ক্ষুদ্র পশুপাখির একসঙ্গে কোলাহল ধ্বনি।
কুমোর [কুমোর] বি কুম্ভকার; মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা যাদের পেশা।
খ
খিড়কি, খিড়কী [খিড়কি] বি জানালা; বাতায়ন।
গ
গচ্ছা [গচ্ছা] বি অনর্থক অর্থদণ্ড; ক্ষতিপূরণ।
ছ
ছিন্ন [ছিন্নো] বিণ ছেঁড়া।
ছোপ [ছোপ] বি রঙের পোঁচ।
ড
ডাগর [ডাগোর] বিণ বৃহৎ; বড় (ডাগর চোখ, ডাগর মেয়ে)।
ত
তারিফ [তারিফ্] বি প্রশংসা; বাহবা।
তেজস্বী [তেজোশ্শি] বিণ শক্তিশালী; তেজোময়।
Printed page 62
দ
দরবার [দর্বার] বি রাজসভা; জলসা।
দিব্যি [দিব্বি] বিণ ভালোভাবে; উত্তম; চমৎকার; পরিষ্কার করে।
ন
নিখিল [নিখিল] বিণ সমগ্র; পুরো; সমুদয়।
নিরানন্দ [নিরানোন্দো] বিণ আনন্দহীন; বিষণ্ণ; অসুখী।
নিয়তি [নিয়োতি] বি ভাগ্য; অদৃষ্ট; নসিব।
শ
শীর্ণ [শির্নো] বিণ কৃশ; ক্ষীণ; রোগা।
স
সচরাচর [শচরাচর] ক্রিবিণ সাধারণত; প্রায়শ; বেশিরভাগ ক্ষেত্রে।
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও :
১। শব্দের সংগ্রহ-জাতীয় গ্রন্থকে কী বলে?
ক. অভিধান
খ. শব্দকোষ
গ. শব্দার্থকোষ
ঘ. শব্দমালা
২। বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে?
ক. রাজা রামমোহন রায়
খ. উইলিয়াম কেরি
গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ
ঘ. মানুএল দা আসসুম্পসাঁউ
৩। বাংলা-পোর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতা কে?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ
ঘ. উইলিয়াম কেরি
৪। বাংলা-পোর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়?
ক. ১৭৪১
খ. ১৭৪২
গ. ১৭৪৩
ঘ. ১৭৪৪
Printed page 63
৫। রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কী?
ক. সরল বাংলা অভিধান
খ. বঙ্গভাষাভিধান
গ. ডিকশনারি
ঘ. ব্যবহারিক বাংলা অভিধান
৬। 'বঙ্গভাষাভিধান' কখন প্রকাশিত হয়?
ক. ১৮১৬
খ. ১৮১৭
গ. ১৮১৮
ঘ. ১৮১৯
৭। অভিধানে শব্দ সাজানোকে কী বলে?
ক. ভুক্তি
খ. গ্রহণ
গ. অনুপ্রবেশ
ঘ. প্রবেশ
৮। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম কোনটি ঠিক?
ক. ক আ অ উ
খ. উ ঋ ছ অ
গ. জ দ র আ
ঘ. ও ঔ ং ঃ
৯। যুক্তাক্ষরের বর্ণানুক্রম কোনটি ঠিক?
ক. ধ্ধ ঙ্গ ঙ্ক ঙ্ক্ষ ঙ্খ
খ. ঞ্চ ট্ট ড্ড ড়গ ণ্ট
গ. ন্ট ড ন্ঠ ন্ত হ্
ঘ. ম্প ষ্ক ষ্ণ ম্ন ষ্ক
১০। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ কোনটি ঠিক?
ক. আক্কেল, অনাথ
খ. গচ্ছা, কুমোর
গ. তারিফ, ছোপ
ঘ. নিখিল, সচরাচর
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.