Charupath chapter 10: Motherland
জন্মভূমি
- Charupath
- Textbook pages 60-66
- 1 source
- 5,067 characters of context
Textbook (verbatim transcription): Motherland
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents8ShowHide
Printed page 60
[ফাঁকা পৃষ্ঠা]
Printed page 61
Printed page 62
[ফাঁকা পৃষ্ঠা]
Printed page 63
জন্মভূমি
রবীন্দ্রনাথ ঠাকুর
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে ।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥
জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥
কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে ॥
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥
Printed page 64
শব্দার্থ ও টীকা
| শব্দ | অর্থ |
|---|---|
| সার্থক | সফল। |
| জনম | জন্ম শব্দটির 'ন্ম' যুক্তাক্ষর ভেঙে 'ন'ও 'ম' আলাদা করা হয়েছে। এর আরও দৃষ্টান্ত আছে। যেমন, 'রত্ন' থেকে রতন, 'যত্ন' থেকে যতন। |
| আকুল | উৎসুক। ব্যগ্র। অধীর। |
| মুদব | বুজবো। বন্ধ করবো। |
পাঠের উদ্দেশ্য
মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।
পাঠ-পরিচিতি
এই গীতবাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে।
জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তাঁর জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কি না, তাতে তাঁর কিছু আসে যায় না। কারণ, তিনি এই মাতৃভূমির স্নেহছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে।
মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান।
কবি-পরিচিতি
এশীয়াদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল-বিজয়ী কবি। ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস-এর সহায়তায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যটি 'song offerings' নামে ইংরেজিতে অনুবাদ করেন। ১৯১৩ সালে তিনি এই কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কেবল কবিতা নয়, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, গানসহ বাংলা সাহিত্যের সকল শাখা তাঁর একক অবদানে ঋদ্ধ।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর হয়নি। সতের বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সে পড়াও শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য-নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে—সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি কাব্য; ঘরে বাইরে, গোরা, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি উপন্যাস; গল্পগুচ্ছ গল্পসংকলন; বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি নাটক। তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ, খাপছাড়া ইত্যাদি। তাঁর রচিত 'আমার সোনার বাংলা' গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে।
১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ) কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
Printed page 65
কর্ম-অনুশীলন
১. দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো (শ্রেণির সকল শিক্ষার্থীর কাজ)।
২. বিভিন্ন কবি-সাহিত্যিকের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো (শ্রেণির সকল শিক্ষার্থীর কাজ)।
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১. জন্মভূমি কবিতা অনুযায়ী কবির মন আকুল হয় কীসে?
ক. চাঁদের আলোয়
খ. গাছের ছায়ায়
গ. ফুলের গন্ধে
ঘ. জন্মভূমির আলোয়
উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বনের পরে বন চলেছে বনের নাহি শেষ
ফুলের ফলের সুবাস ভরা এ কোন পরীর দেশ?
নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার,
রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার।
২. চরণ দুটির সঙ্গে 'জন্মভূমি' কবিতার মিল রয়েছে-
i. বাংলাদেশের প্রকৃতির
ii. চিরায়ত সৌন্দর্যের
iii. প্রাকৃতিক ঐশ্বর্যের
কোনটি ঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩. জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে?
ক. সৌন্দর্যবোধ
খ. আত্মতৃপ্তি
গ. গভীর আবেগ
ঘ. দেশপ্রেম
Printed page 66
সৃজনশীল প্রশ্ন
১. ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;
তাহার মাঝে আছে দেশ এক—সকল দেশের সেরা;
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে—আমার জন্মভূমি ।
ক. কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?
খ. ''সার্থক জনম আমার''— কবির এই উক্তির কারণ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে 'জন্মভূমি' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে 'রানি' সম্বোধন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.