Charupath chapter 11: Happiness
সুখ
- Charupath
- Textbook pages 67-70
- 1 source
- 5,519 characters of context
Textbook (verbatim transcription): Happiness
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents2ShowHide
Printed page 67
সুখ
কামিনী রায়
নাই কিরে সুখ? নাই কিরে সুখ?—
এ ধরা কি শুধু বিষাদময়?
যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
কেবলি কি নর জনম লয়?—
বল ছিন্ন বীণে, বল উচ্চৈঃস্বরে—
না, না, না, মানবের তরে
আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর
না সৃজিলা বিধি কাঁদাতে নরে ।
কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া
সমর-অঙ্গন সংসার এই,
যাও বীরবেশে কর গিয়া রণ;
যে জিনিবে সুখ লভিবে সে-ই ।
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও ।
পরের কারণে মরণেও সুখ;
'সুখ' 'সুখ' করি কেঁদ না আর,
যতই কাঁদিবে, যতই ভাবিবে
ততই বাড়িবে হৃদয় ভার ।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী 'পরে,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।
Printed page 68
শব্দার্থ ও টীকা
বিষাদময় — দুঃখময় ।
ছিন্ন — ছেঁড়া ।
বীণে — বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে ।
উচ্চৈঃস্বরে — চড়া গলায় । বলিষ্ঠ কণ্ঠে ।
সৃজিলা — সৃষ্টি করলেন ।
বিধি — বিধাতা । প্রভু ।
নরে — মানুষকে ।
সমর — যুদ্ধ । লড়াই । রণ ।
কার্যক্ষেত্র — কাজের জায়গা ।
প্রশস্ত — প্রসারিত ।
অজ্ঞান — আঙিনা । উঠান । প্রাঙ্গণ ।
জিনিবে — জয় করবে ।
লভিবে — লাভ করবে ।
পরের কারণে — অন্যের জন্য ।
স্বার্থ — নিজের সুবিধা । ব্যক্তিগত লাভ ।
আপনার — নিজের ।
বলি — উৎসর্গ । ত্যাগ । বিসর্জন ।
হৃদয়ভার — মনের কষ্ট ।
বিব্রত — ব্যতিব্যস্ত । দিশেহারা । বিপন্ন ।
অবনী — পৃথিবী । ধরা । জগৎ ।
সুখ — আনন্দ, তৃপ্তি।
পাঠের উদ্দেশ্য
আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়া ।
পাঠ-পরিচিতি
আমরা সবাই জীবনে সুখী হতে চাই । কিন্তু কীভাবে জীবনে সুখ আসতে পারে, 'সুখ' কবিতায় কবি সে সম্পর্কে তাঁর ধারণা তুলে ধরেছেন ।
জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ-যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক । এ ধারণা ভুল । জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ । দুঃখ-যন্ত্রণা সয়ে, সকল সংকট মোকাবিলা করে জীবনসংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয় ।
কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন । আর সমাজ-বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না ।
পক্ষান্তরে অন্যকে আপন ভেবে, অন্যের সুখ-দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী ।
Printed page 69
বস্তুত মানুষ সামাজিক জীব । পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানবসমাজ । এ সমাজে প্রতিটি মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল । তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা ।
কবি-পরিচিতি
প্রায় একশ বছর আগে এদেশে যে কজন নারী সাহিত্যচর্চা করে গেছেন তাঁদের একজন হলেন কবি কামিনী রায় । একসময় তিনি 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন । তাঁর কবিতা সহজ, সরল, মানবিক ও উপদেশমূলক ।তাঁর কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে । মাত্র পনেরো বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন । সুখ কবিতাটি ঐ কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত ।
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে : নির্মাল্য, অশোক সংগীত, দীপ ও ধূপ ও জীবনপথে । কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনীগ্রন্থ রচনা করেছেন । সাহিত্যসাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন ।
কামিনী রায়ের জন্ম ১৮৬৪ খ্রিষ্টাব্দে বাকেরগঞ্জ (বর্তমান বরিশাল) জেলার বাসন্ডা গ্রামে এবং মৃত্যু কলকাতায় ১৯৩৩ খ্রিষ্টাব্দে ।
কর্ম-অনুশীলন
১. তোমার সহপাঠীরা কী ধরনের কাজ করে সুখ অনুভব করে সে বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো । প্রবন্ধে প্রত্যেকের মতামত হুবহু উদ্ধৃত করার চেষ্টা করবে ।
২. সুখ বিষয়ে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ লিখে একটি বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকা তৈরি কর (শ্রেণির সকল শিক্ষার্থীর কাজ) ।
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১. 'সুখ' কবিতা অনুযায়ী কে সুখ লাভ করবে?
ক. যে উপকার করবে
খ. যে জীবনসংগ্রামে জয়ী হবে
গ. যে আত্মসচেতন হয়ে উঠবে
ঘ. যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে
২. মনের কষ্ট বৃদ্ধি পায় কেন?
ক. সুখের জন্য কাঁদলে
খ. নিজের কথা ভুলে গেলে
গ. নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে
ঘ. পরের জন্য কাজ করলে
Printed page 70
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখো:
সুমন ও নোমান পরস্পর বন্ধু । সুমনের বাবার মৃত্যুতে নোমান তাকে সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয় । সাধ্যমত সুমনকে সে আর্থিকভাবেও সাহায্য করে । সুমনের সমস্যাকে নোমান নিজের সমস্যাই মনে করে ।
৩. অনুচ্ছেদটির ভাব 'সুখ' কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
ক. যাও বীরবেশে কর গিয়ে রণ
খ. পরের কারণে স্বার্থ দিয়া বলি
গ. না সৃজিলা বিধি কাঁদাতে নরে
ঘ. কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া
৪. উদ্দীপকের ভাব অনুযায়ী সুমন-
i. পরোপকারী
ii. নিঃস্বার্থ
iii. জীবন সংগ্রামী
কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১. আলিম ও জামিল দুই ভাই । প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন । বাড়ি-গাড়ি সবই করেছেন । নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন । অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন । পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখে-দুঃখে তিনি এগিয়ে যান । অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন ।
ক. সংসার সমর-অঙ্গনে কবি কীরূপে যুদ্ধ করতে বলেছেন?
খ. "এ ধরা কি বিষাদময়?"- কবির এ প্রশ্নের কারণ কী?
গ. উদ্দীপকের জামিল 'সুখ' কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে—ব্যাখ্যা করো ।
ঘ. "আলিমের সুখ প্রকৃত সুখ নয় ।"—'সুখ' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো ।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.