Charupath chapter 13: Jhinge Phul
ঝিঙে ফুল
- Charupath
- Textbook pages 76-79
- 1 source
- 5,041 characters of context
Textbook (verbatim transcription): Jhinge Phul
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents9ShowHide
Printed page 76
ঝিঙে ফুল
কাজী নজরুল ইসলাম
ঝিঙে ফুল ! ঝিঙে ফুল !
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল—
ঝিঙে ফুল ।
গুল্মে পর্ণে
লতিকার কর্ণে
ঢলঢল স্বর্ণে
ঝলমল দোলো দুল—
ঝিঙে ফুল ॥
পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে ।
পউষের বেলাশেষ
পরি জাফরানি বেশ
মরা মাচানের দেশ
করে তোলো মশ্গুল—
ঝিঙে ফুল ॥
শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে,
আলুথালু ঘুমু যাও রোদে গলা দুপুরে ।
প্রজাপতি ডেকে যায়—
'বোঁটা ছিঁড়ে চলে আয়!'
আসমানে তারা চায়—
'চলে আয় এ অকূল!'
ঝিঙে ফুল ॥
তুমি বলো—'আমি হায়
ভালোবাসি মাটি-মা'য়,
চাই না ও অলকায়—
ভালো এই পথ-ভুল!'
ঝিঙে ফুল ॥
Printed page 77
শব্দার্থ ও টীকা
ঝিঙে ফুল — ঝিঙে সবজির ফুল ।
ফিরোজিয়া — ফিরোজা রঙের ।
গুল্মে পর্ণে — ঝোপঝাড়ে ও পাতায় ।
লতিকার কর্ণে — লতার কানে ।
হিয়া — হৃদয় ।
সাঁঝে — সন্ধ্যায় ।
পউষের — পৌষ মাসের ।
পরি — পরিধান করে ।
জাফরানি — জাফরান রঙের ।
মাচান — মাচা । পাটাতন ।
আলুথালু — এলোমেলো ।
মশ্গুল — বিভোর । মগ্ন ।
অকূল — কূল বা তীর বিহীন । সীমাহীন ।
অলকা — স্বর্গের নাম । হিন্দু ধর্মের ধন-দৌলতের দেবতা কুবেরের আবাসস্থল ।
পাঠের উদ্দেশ্য
পরিবেশ-চেতনা অর্জন ও প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি ।
পাঠ-পরিচিতি
কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসা ও মমত্ববোধ ছিল গভীর । 'ঝিঙে ফুল' কবিতায় কবির এই প্রকৃতিপ্রেমের পরিচয় পাওয়া যায় । আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে উদ্দেশ্য করে তিনি এ কবিতাটি লিখেছেন । পৌষের বেলাশেষে সবুজ পাতার এ দেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে । তাকে বোঁটা ছিঁড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে । আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি-মায়ের কাছেই থাকবে । এ কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা একটি ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে ।
কবি-পরিচিতি
কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি । অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা লিখে বাংলার জনমনে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে নন্দিত আসন পেয়েছেন ।
বহুবিচিত্র ও বিস্ময়কর তাঁর জীবন । ছেলেবেলায় লেটোর দলে গান করেছেন, রুটির দোকানের কারিগর হয়েছেন, যুদ্ধে যোগ দিয়ে সেনাবাহিনীর হাবিলদার হয়েছেন । ব্রিটিশদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন, পত্রিকা সম্পাদনা করেছেন ।
তাঁর সৃষ্টি বিস্ময়কর । কবিতা, উপন্যাস, নাটক, সংগীত ইত্যাদি রচনার মাধ্যমে যে জগৎ তিনি তৈরি করেছেন তা অভিনব । তিনি যে শুধু বড়োদের জন্য অনেক গ্রন্থ লিখেছেন তা নয়, ছোটদের জন্যও তিনি লিখেছেন অনেক কাব্য, গান, নাটক ও গল্প । ছোটদের জন্য লেখা তাঁর কাব্যগ্রন্থ হচ্ছে: ঝিঙেফুল, পিলে পটকা, ঘুমজাগানো পাখি, ঘুমপাড়ানী মাসিপিসি এবং নাটক পুতুলের বিয়ে।
Printed page 78
নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে । তাঁর লেখা গান 'চল্ চল্ চল্' আমাদের রণসংগীত । তিনি আমাদের জাতীয় কবি ।
নজরুলের জন্ম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে । ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয় ।
কর্ম-অনুশীলন
১. ১৫টি ফুলের নাম লেখ । ফুলের রং, আকৃতি, পাপড়ি, গন্ধ ইত্যাদি সম্পর্কে তথ্য দাও ।
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১. ঝিঙে ফুল কী রঙে ফুটেছে?
ক. হলুদ
খ. সবুজ
গ. ফিরোজিয়া
ঘ. সাদা
২. 'ঝিঙে ফুল' কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. দেশের প্রতি ভালোবাসা
খ. মায়ের প্রতি ভালোবাসা
গ. মাতৃভাষার প্রতি ভালোবাসা
ঘ. প্রকৃতির প্রতি ভালোবাসা
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আবু বকর বহুদিন ধরে শহরে বাস করছে । গ্রামে জন্ম হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য আর সে দেখতে পায় না । সরষে ফুলের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে যাবে । সে অনেক মজা করবে ।
৩. আবু বকরের গ্রামে যাওয়ার আগ্রহ 'ঝিঙে ফুল' কবিতার কোন চরণটিতে ফুটে উঠেছে ?
ক. চলে আয় এ অকূল
খ. পৌষের বেলাশেষ
গ. মরা মাচানের দেশ
ঘ. ভালোবাসি মাটি-মা'য়
Printed page 79
৪. 'ঝিঙে ফুল' কবিতার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো –
i. প্রকৃতির প্রতি ভালোবাসা
ii. দেশের প্রতি অনুরাগ
iii. সৌন্দর্যপ্রেম
কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১. আবদুর রবের একমাত্র ছেলে ফয়সাল । লেখাপড়ায় সে বেশ ভালো । ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান । কিন্তু ফয়সাল গ্রামের এ চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না ।
ক. ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহবান জানিয়েছে?
খ. "চাই না ও অলকায়"—চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. ফয়সালের মামার চাওয়া 'ঝিঙে ফুল' কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কীভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করো ।
ঘ. "ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা ।"—উক্তিটির যথার্থতা নিরূপণ করো ।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.