Skip to content

Charupath chapter 14: Asmani

আসমানি

  • Charupath
  • Textbook pages 80-83
  • 1 source
  • 5,337 characters of context

Textbook (verbatim transcription): Asmani

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents7

Printed page 80

আসমানি

জসীমউদ্দীন

আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা — ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানিরা থাকে বছর ভরে।

পেটটি ভরে পায় না খেতে, বুকের ক'খান হাড়,
সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি,
থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গার বরনের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয়নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।

আসমানিদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে,
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল-বিল-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।

Printed page 81

শব্দার্থ ও টীকা

শব্দঅর্থ
ভেন্না পাতা—ভেন্না এক ধরনের গাছ। গরিব মানুষ এ গাছের পাতা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে।
সাক্ষী—কোনো ঘটনা যে সামনে থেকে দেখে এবং দরকারি জায়গায় প্রকাশ করে। প্রত্যক্ষদর্শী।
দেছে—'দিয়েছে' শব্দের আঞ্চলিক রূপ।
অনাহারে—আহার বা খাবার-ছাড়া। না খেয়ে বা অভুক্ত থাকা।
হাসির প্রদীপ-রাশি—প্রদীপ যেমন আলো ছড়ায়, তেমনি হাসি মুখমণ্ডলকে উজ্জ্বল করে। আনন্দময় অনুভূতি প্রকাশ করে।
বাস—পোশাক। জামা।
গার—গায়ের। শরীরের।
বরনের—রঙের।
উপহাস—ঠাট্টা।
মশক—মশা।
পিলে—প্লীহা। Spleen। পাকস্থলীর বাম পাশের একটি অঙ্গ। এ অঙ্গের অসুখ হলে পেট ফুলে ওঠে।
নিতুই—নিত্য বা প্রতিদিন। রোজ। এটি একটি কাব্যিক পদ।
বৈদ্য—কবিরাজ। গ্রাম্য চিকিৎসক।

পাঠের উদ্দেশ্য

মানুষের প্রতি সহানুভূতি ও সামাজিক দায়বোধ জাগ্রত করা।

পাঠ-পরিচিতি

'আসমানি' কবিতায় সাধারণ মানুষের প্রতি, বিশেষত গ্রামের অসহায় দরিদ্র শিশুদের দুঃখ-কষ্টময় জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ ঘটেছে।

আসমানি গরিব, তাদের বাসা পাখির বাসার মতো নাজুক। সামান্য বৃষ্টিতেই তাদের ঘরে পানি পড়ে। ঠিক মতো খেতে পায় না বলে অসুখে ভোগে। পোশাক তার ছেঁড়া। মুখে তার হাসি নেই, কণ্ঠে নেই গান। তাদের বাড়ির আশপাশ অস্বাস্থ্যকর। আসমানির জীবনে আনন্দ নেই।
অনেক দরদ দিয়ে কবি আসমানির জীবনের যে চিত্র এঁকেছেন, তা আমাদের সহানুভূতি এবং সামাজিক দায়বোধ জাগিয়ে তোলে।

কবি-পরিচিতি

জসীমউদ্দীন ১৯০৩ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তাঁর কবিতা রচনা শুরু। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই তাঁর 'কবর' কবিতা প্রবেশিকা শ্রেণির বাংলা সংকলনে স্থান পায়। তাঁর কবিতায় গ্রামবাংলার জীবন ও প্রকৃতির ছবি ফুটে উঠেছে সহজ-সরল ভাষা ও সাবলীল ছন্দে।

Printed page 82

জসীমউদ্দীনের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নক্সী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালী, বালুচর, ধানখেত, সুচয়নী ইত্যাদি। এ ছাড়া তিনি ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, নাটক, সঙ্গীত ও প্রবন্ধের বই রচনা করেছেন। শিশুদের জন্য লেখা ডালিম কুমার তাঁর অনবদ্য রচনা। জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে পরে তিনি দীর্ঘ দিন কাজ করেন সরকারের প্রচার বিভাগে। ১৯৭৬ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

কর্ম-অনুশীলন

১। ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘরদোর, পোশাক, খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করো।
২। উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনের বর্ণনা দাও।

নমুনা প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন

১. বুকের ক'খানা হাড় কিসের সাক্ষী দেয়?
ক. অনাহারের
খ. অসুস্থতার
গ. কান্নার
ঘ. উপহাসের

২. আসমানির মুখে হাসি নেই কেন?
ক. ছেঁড়া জামার কারণে
খ. দারিদ্র্যের কারণে
গ. ঘর নড়বড়ে বলে
ঘ. অসুস্থ বলে

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিষ্টি মেয়ে ময়না। হাসি-আনন্দের মধ্য দিয়ে সে বেড়ে ওঠে। হঠাৎ করে তার বাবা মারা গেলে সে ও তার মা দিশাহারা হয়ে পড়ে। অভাবের তাড়নায় ময়নার হাসি-আনন্দ আজ মলিন।

৩. উদ্দীপকের ময়না ও 'আসমানি' কবিতার আসমানির মিল রয়েছে—
i. পরিণতিতে
ii. বিবেচনায়
iii. স্বজন হারানোতে
কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. উদ্দীপকে আসমানি কবিতার কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?
ক. প্রকৃতি
খ. দারিদ্র্য
গ. দায়িত্ব
ঘ. হতাশা

Printed page 83

সৃজনশীল প্রশ্ন

১। গ্রামের দরিদ্র কৃষক লালচান মিয়া। তিনি বিঘা তিনেক জমি বর্গা চাষ করেন। পর পর দুবছর বন্যা ও খরায় জমিতে ফসল ফলেনি। পরিবারকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারেন না। না খেতে পেয়ে তাঁর সন্তানদের হাড্ডিসার অবস্থা। একটিমাত্র মাটির ঘর, তারও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম। বৃষ্টি বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। লালচান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছুই ছাড়ে না।

ক. আসমানিদের গ্রামের নাম কী?
খ. "মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি।"— এই চরণ দুটি দ্বারা কী বুঝানো হয়েছে?
গ. আসমানিদের ঘরের সাথে লালচান মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ. "লালচান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না।"— 'আসমানি' কবিতার আলোকে বিশ্লেষণ করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.