Charupath chapter 15: Delivering Letters
চিঠি বিলি
- Charupath
- Textbook pages 84-87
- 1 source
- 5,326 characters of context
Textbook (verbatim transcription): Delivering Letters
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents8ShowHide
Printed page 84
চিঠি বিলি
রোকনুজ্জামান খান
ছাতা মাথায় ব্যাঙ চলেছে
চিঠি বিলি করতে,
টাপুস টুপুস ঝরছে দেয়া
ছুটছে খেয়া ধরতে।
খেয়ানায়ের মাঝি হলো
চিংড়ি মাছের বাচ্চা,
দু চোখ বুজে হাল ধরে সে
জবর মাঝি সাচ্চা।
তার চিঠিও এসেছে আজ
লিখছে বিলের খলসে,
সাঁঝের বেলার রোদে নাকি
চোখ গেছে তার ঝলসে।
নদীর ওপার গিয়ে ব্যাঙ্ডা
শুধায় সবায়ঃ ভাইরে,
ভেটকি মাছের নাতনি নাকি
গেছে দেশের বাইরে?
তার যে চিঠি এসেছে আজ
লিখছে বিলের কাতলাঃ
এবার সারা দেশটি জুড়ে
নামবে দারুণ বাদলা।
তাই তো নিলাম ছাতা কিনে
আসুক এবার বর্ষা,
চিংড়ি মাঝির খেয়া না আর
ছাতাই আমার ভরসা।
Printed page 85
শব্দার্থ ও টীকা
কাতলা – মাছের নাম।
খলসে – মাছের নাম।
খেয়া – নদী পার হওয়ার নৌকা।
খেয়া না – খেয়া নৌকা।
খেয়ানায়ের মাঝি – খেয়া নৌকার মাঝি।
চিঠি – পত্র। খবর বা কুশলাদি জানিয়ে কাউকে লেখা।
চিঠি বিলি করা – চিঠি পৌঁছে দেওয়া।
ঝলসানো – উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো।
টাপুস টুপুস – বৃষ্টি পড়ার শব্দ।
দেয়া – মেঘ বা বৃষ্টি।
বাদলা – একনাগাড়ে বৃষ্টি।
ভরসা – নির্ভর করা। অবলম্বন।
ভেটকি – মাছের নাম।
সাঁঝের বেলা – সন্ধ্যার সময়।
সাচ্চা – সত্য।
জবর – দারুণ। চমকপ্রদ।
পাঠের উদ্দেশ্য
ছড়া ও ছন্দের মাধ্যমে কল্পনাকে উদ্দীপিত করা।
পাঠ-পরিচিতি
রোকনুজ্জামান খানের 'হাট্ টিমা টিম' বই থেকে ছড়াটি নেওয়া হয়েছে। এ ছড়ায় ছন্দে ছন্দে মজার একটি গল্প পরিবেশিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, চিঠি বিলি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে একটি ব্যাঙ। কিন্তু বাইরে টাপুস টুপুস করে বৃষ্টি ঝরছে। ব্যাঙটিকে খেয়া নৌকায় নদী পাড়ি দিতে হবে। নৌকার মাঝি হিসেবে কাজ করছে চিংড়ি মাছের বাচ্চা। তাকে চিঠি লিখেছে বিলের খলসে মাছ। খলসে লিখেছে, সন্ধ্যাবেলার রোদে তার চোখ ঝলসে গিয়েছে। ওদিকে ভেটকি মাছের নাতনির কাছে চিঠি লিখেছে বিলের কাতলা মাছ। চিঠিতে কাতলা জানিয়েছে, সারা দেশ জুড়ে এ বছর খুব বৃষ্টি হবে। এই ভয়ে ব্যাঙ একটি ছাতা কিনে নিয়েছে। কারণ চিংড়ি মাঝির খেয়া নৌকার ওপর ব্যাঙের কোনো ভরসা নেই। ছড়াটির মাধ্যমে রোকনুজ্জামান খান আমাদের কল্পনাকে নিয়ে যান প্রাণীদের জগতে। সেখানে আমরা অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হই। ব্যাঙের চিঠি বিলি করা, ছাতা কেনা, চিংড়ি মাছের নৌকার মাঝি হওয়া কিংবা মাছেদের চিঠি লেখা বাস্তবে অসম্ভব ঘটনা। কিন্তু সব ঘটনাকেই আমরা কল্পনা করে নিতে পারি। কেননা মানুষের কল্পনা অসীম। ছড়া, কবিতা ও গল্পের মাধ্যমে সাহিত্যিকেরা মানুষের জীবনছবি আঁকার পাশাপাশি মানুষের অদ্ভুত ও অসম্ভব কল্পনাকেও আঁকতে পারেন।
Printed page 86
কবি-পরিচিতি
রোকনুজ্জামান খান ১৯২৫ সালে রাজবাড়ি জেলার পাংশায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। সাংবাদিক হিসেবেও তিনি কাজ করেছেন। 'দাদাভাই' ছদ্মনামে তিনি পত্রিকায় শিশুদের জন্য বিশেষ পাতা সম্পাদনা করতেন। এ নামেই রোকনুজ্জামান খান বিশেষভাবে পরিচিতি পেয়েছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য শিশুতোষ বই হাট্ টিমা টিম (১৯৬২), খোকন খোকন ডাক পাড়ি। তাঁর সম্পাদনায় প্রকাশিত পত্রিকার নাম 'কচি ও কাঁচা'। রোকনুজ্জামান খান 'কচি-কাঁচার মেলা' নামে একটি শিশু-কিশোর সংগঠন গড়ে তোলেন। ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।
কর্ম-অনুশীলন
১. এ কবিতায় যেসব প্রাকৃতিক উপাদানের নাম আছে, তার প্রতিটির এক বাক্যের পরিচয়সহ তালিকা প্রস্তুত করো (দলগত কাজ)।
২. কোনো মজার ঘটনা বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখো (একক কাজ)।
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১. কে দেশের বাইরে গেছে?
ক. চিংড়ি মাছের বাচ্চা
খ. ভেটকি মাছের নাতনি
গ. বিলের কাতলা
ঘ. বিলের খলসে
২. ব্যাঙ ছাতা কিনে নিয়েছিলো কেন?
ক. কাতলা মাছের চিঠি পড়ে
খ. বর্ষা থেকে বাঁচতে
গ. চিংড়ি মাঝির খেয়ায় না উঠতে
ঘ. ছাতা সুন্দর দেখে
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রফিক স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই সহপাঠী অমিতের বাইসাইকেলের পেছনের সিটে বসার আবদার করে। অমিতও তাকে না করতে পারে না। কিন্তু কয়েকদিন যাওয়ার পর রফিক অমিতের অনাগ্রহ ও বিরক্তি বুঝতে পারে। সে এটাও জানতে পারে যে, একদিন অমিত তাকে সাইকেল থেকে ফেলে দেবে। এ অবস্থায় রফিক নিজেই একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয়। স্কুলে যেতে সে আর সহপাঠীর সাইকেলের ওপর নির্ভর করে না।
Printed page 87
৩. উদ্দীপকের অমিত চরিত্রটি 'চিঠি বিলি' ছড়ার কোন চরিত্রটির সঙ্গে সঙ্গতিপূর্ণ?
ক. চিংড়ি মাঝি
খ. ভেটকি মাছ
গ. কাতলা মাছ
ঘ. ব্যাঙ
৪. উদ্দীপকে রফিকের সাইকেল কেনার সঙ্গে 'চিঠি বিলি' ছড়ার মিল রয়েছে—
i. চিংড়ি মাঝির হাল ধরার
ii. ব্যাঙের ছাতা কেনার
iii. ব্যাঙের খেয়া নায়ের উপর ভরসা না করার
কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১. সামির এলাকায় খুব পরিচিত একজন ছেলে। সে প্রতিদিন এলাকার গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এ কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো-মন্দ সকল খবর অন্যদের শুনিয়ে যায়। নিজের কাজের সঙ্গে এ ধরনের খবর পরিবেশন করার মধ্য দিয়ে সামির এক অন্যরকম আনন্দ অনুভব করে।
ক. সাঁঝের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে?
খ. 'জবর মাঝি সাচ্চা'— বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের সামির চরিত্রের সঙ্গে 'চিঠি বিলি' ছড়ার কোন চরিত্র সঙ্গতিপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো।
ঘ. "নির্ধারিত কাজের বাইরেও ছেটো ছোটো কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে"— উদ্দীপক ও 'চিঠি বিলি' ছড়া অবলম্বনে এ উক্তির যৌক্তিকতা দেখাও।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.