Charupath chapter 16: Let Live
বাঁচতে দাও
- Charupath
- Textbook pages 88-91
- 1 source
- 7,069 characters of context
Textbook (verbatim transcription): Let Live
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents7ShowHide
Printed page 88
বাঁচতে দাও
শামসুর রাহমান
এই তো দ্যাখো ফুলবাগানে গোলাপ ফোটে,
ফুটতে দাও ।
রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে,
ছুটতে দাও ।
নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা,
মেলতে দাও ।
জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই,
খেলতে দাও ।
মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু,
ডাকতে দাও ।
বালির ওপর কত্ত কিছু আঁকছে শিশু,
আঁকতে দাও ।
কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে,
নাইতে দাও ।
গহিন গাঙে সুজন মাঝি বাইছে নাও,
বাইতে দাও ।
নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে,
নাচতে দাও ।
শিশু, পাখি, ফুলের কুঁড়ি—সবাইকে আজ
বাঁচতে দাও ।
Printed page 89
শব্দার্থ ও টীকা
রঙিন কাটা ঘুড়ি — ঘুড়ি উড়িয়ে কাটাকাটির লড়াইয়ে সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়ি ।
জোনাক পোকা আলোর খেলা
খেলছে রোজই — সন্ধ্যার অন্ধকারে জোনাকিরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে ।
সবাইকে আজ বাঁচতে দাও — প্রকৃতি কেবল মানুষের বসবাসের জায়গা নয়—গাছপালা, পশুপাখি সকলেরই আছে বাঁচার সমান অধিকার । তা না হলে মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে ।
পানকৌড়ি — কালো রঙের হাঁস জাতীয় মাছ-শিকারি পাখি ।
নাইতে — গোসল করতে । স্নান করতে ।
গহিন — গভীর । অতল । গহন ।
গাঙে — নদীতে ।
পাঠের উদ্দেশ্য
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা । প্রকৃতির মাঝে শিশুদের বেড়ে ওঠার প্রয়োজনীয়তা উপস্থাপন করা ।
পাঠ-পরিচিতি
প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় । মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ । অথচ মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে । ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন । আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে ।
কবি শামসুর রাহমান 'বাঁচতে দাও' কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণিজগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন । একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে । যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে । কবিতায় এইসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে ।
কবি-পরিচিতি
শামসুর রাহমানের কবিতায় নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ-আন্দোলন নানাভাবে রূপায়িত হয়েছে । তাঁর কবিতা দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত । তিনি বাংলাদেশের অন্যতম প্রধান কবি ।
শামসুর রাহমান পেশায় সাংবাদিক । বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন । প্রায় এক দশক ধরে তিনি ছিলেন 'দৈনিক বাংলা'র সম্পাদক । কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত । এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন ।
শিশুদের জন্যও শামসুর রাহমান চমৎকার কবিতা লিখেছেন । এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেবো, গোলাপ ফোটে খুকির হাতে ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য ছড়া কবিতার বই ।
সাহিত্য-সাধনার স্বীকৃতি হিসেবে কবি শামসুর রাহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন । এসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হলো— বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণপদক ।
শামসুর রাহমানের জন্ম ঢাকায় ১৯২৯ সালে । তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে । তিনি ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন ।
Printed page 90
কর্ম-অনুশীলন
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা মজা করে কবিতাটি আবৃত্তি করি । এ জন্য প্রথমেই আমাদের উপস্থিত বন্ধুদের দুই দলে ভাগ করে নিতে হবে । 'ক' দলের বন্ধুরা কবিতার একটি অংশ সমবেতভাবে আবৃত্তি করবে, সাথে সাথে 'খ' দলের বন্ধুরা পরের নির্ধারিত অংশ আবৃত্তি করবে । এ নিয়মটি আমরা পরেরবার উল্টে দিতে পারি । তাহলে চলো বৃন্দ-আবৃত্তিটি করি ।
| ক-দল | খ-দল |
|---|---|
| এই তো দ্যাখো ফুল বাগানে গোলাপ ফোটে | ফুটতে দাও |
| রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে | ছুটতে দাও |
| নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা | মেলতে দাও |
| জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই | খেলতে দাও |
| মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু | ডাকতে দাও |
| বালির ওপর কত্ত কিছু আঁকছে শিশু | আঁকতে দাও |
| কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে | নাইতে দাও |
| গহিন গাঙে সুজন মাঝি বাইছে নাও | বাইতে দাও |
| নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে | নাচতে দাও |
| শিশু, পাখি, ফুলের কুঁড়ি— সবাইকে আজ | বাঁচতে দাও |
এবার চলো যে কোনো একজন কবিতাটির ভাবার্থ পাঠ করে শোনাই । লক্ষ করো, কবিতাটির আবৃত্তি ও পাঠের মধ্যে কী কী পার্থক্য রয়েছে । এবার নিচের ছকে পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্যগুলো তুলে ধরার চেষ্টা করো (প্রথমটি করে দেয়া আছে) ।
| আবৃত্তির বৈশিষ্ট্য | পাঠের বৈশিষ্ট্য | |
|---|---|---|
| ১. | আবৃত্তি কবিতা বা ছড়ার ক্ষেত্রে প্রযোজ্য | পাঠ সাধারণত গদ্যের ক্ষেত্রে প্রযোজ্য |
| ২. | ||
| ৩. | ||
| ৪. | ||
| ৫. |
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১. 'বাঁচতে দাও' কবিতায় কোনটির পেছনে বালক ছোটে?
ক. ফড়িঙের
খ. ঘুড়ির
গ. প্রজাপতির
ঘ. জোনাকির
২. 'ছোট্ট শিশু বাদলা দিনে ভিজছে সুখে'—এরকম চরণ হলে 'বাঁচতে দাও' কবিতার আলোকে পরের চরণটি কী হবে?
ক. নাইতে দাও
খ. ভিজতে দাও
গ. খেলতে দাও
ঘ. থামিয়ে দাও
Printed page 91
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ছোট্ট মেয়ে ফাহমিদা মনের আনন্দে বৃষ্টিতে ভিজেছে । ফাহমিদার মা এ কারণে তাকে অনেক বকেছেন । কিন্তু ফাহমিদার বাবা ফাহমিদার মাকে বলেছেন, ফাহমিদার মতো বয়সে তুমি, আমি, সকলেই বৃষ্টিতে ভিজতে চাইতাম । শিশুদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক ।
৩. ফাহমিদার বাবার মানসিকতার সঙ্গে 'বাঁচতে দাও' কবিতার সঙ্গতিপূর্ণ বক্তব্য হচ্ছে—
i. ফুলকে ফুটতে দিতে হবে
ii. চিলকে ছোঁ মারতে দিতে হবে
iii. ঘুঘুকে ডাকতে দিতে হবে
কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. 'বাঁচতে দাও' কবিতার আলোকে ফাহমিদার মায়ের আচরণে প্রকাশ পেয়েছে কোনটি?
ক. স্নেহপরায়ণতা
খ. প্রতিকূলতা
গ. সাবধানতা
ঘ. বিরক্তিবোধ
সৃজনশীল প্রশ্ন
১. খাল-বিল, নদী-নালা আর পুকুরে ভরা এই দেশ । ছোটবেলায় গ্রামের খাল-বিল-পুকুরেই সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব । সন্তানদের নিয়ে তিনি এখন শহরে বাস করেন । গ্রামের বাড়িতেও আগের সেই খাল-বিল-পুকুর নেই । সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না । নাজির সাহেব আক্ষেপ করে বলেন, এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজ-কলমেই বেঁচে থাকবে ।
ক. প্রতিদিন কে আলোর খেলা খেলছে?
খ. কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কী বুঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে 'বাঁচতে দাও' কবিতার শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা কর ।
ঘ. "উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে 'বাঁচতে দাও' কবিতার মূল সুরটি ফুটে উঠেছে ।" —মন্তব্যটি প্রমাণ কর ।
২. চলে যাবো—তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।
* * *
বাসা থেকে একটু দূরে অন্যদের খেলতে দেখে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিতুরও খেলার প্রবল আগ্রহ জাগে । কিন্তু বাড়ি থেকে তার বের হতে বাধা । তার চিন্তা, উপরের চরণগুলোর বাস্তবায়ন ঘটিয়ে কেউ যদি তার সে বাধা দূর করে দিত ।
ক. সুজন মাঝি কোথায় নৌকা বাইছে?
খ. "ফুটতে দাও, ছুটতে দাও"—এ কথাগুলো দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকের মিতুর সঙ্গে 'বাঁচতে দাও' কবিতার শিশুর যে মিল রয়েছে তার বর্ণনা দাও ।
ঘ. "কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলোর অঙ্গীকার একই সূত্রে গাঁথা ।"—উক্তিটি বিশ্লেষণ কর ।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.