Charupath chapter 17: To the Birds, to the Flowers
পাখির কাছে ফুলের কাছে
- Charupath
- Textbook pages 92-95
- 1 source
- 5,660 characters of context
Textbook (verbatim transcription): To the Birds, to the Flowers
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents8ShowHide
Printed page 92
পাখির কাছে ফুলের কাছে
আল মাহমুদ
নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠাণ্ডা ও গোলগাল ।
ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর
ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিলো থরথর ।
মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ,
পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ?
দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়
কোথেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয় ।
পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘির ঐ পাড়
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার ।
আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল
বললো, এসো, আমরা সবাই না-ঘুমানোর দল—
পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ
রক্তজবার ঝোঁপের কাছে কাব্য হবে আজ ।
দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব
কাব্য হবে, কাব্য কবে—জুড়লো কলরব ।
কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই
পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই ।
Printed page 93
শব্দার্থ ও টীকা
ডাবের মতো চাঁদ উঠেছে ঠাণ্ডা ও
| শব্দ | টীকা |
|---|---|
| গোলগাল | — জ্যোৎস্নামাখা পূর্ণিমায় গোল চাঁদকে ডাবের মতো কল্পনা করে কবি তুলনার চমৎকারিত্ব সৃষ্টি করেছেন । |
| থরথর | — কেঁপে ওঠার ভাব বোঝায় এমন শব্দ । এখানে শব্দটি সৌন্দর্য ও আবেগ বোঝাতে ব্যবহৃত হয়েছে । |
| মিনার | — মসজিদের উঁচু স্তম্ভ । |
| গির্জে | — খ্রিষ্টানদের উপাসনালয় । |
| উটকো | — অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত । কবিতায় পাহাড়ের প্রতি মমতার অনুভূতি বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে । |
| দরবার | — রাজসভা । জলসা । এখানে আনন্দ-আসর অর্থে ব্যবহৃত হয়েছে । |
| কলকলিয়ে | — কলকল ধ্বনি করে । |
| পদ্য লেখার ভাঁজ | — ভাঁজ করে রাখা কবিতা লেখার কাগজ । এখানে প্রকৃতির কাছে এসে কবিতা রচনার ভাবকে প্রকাশ করা হয়েছে । |
| কলরব | — কোলাহল । |
পাঠের উদ্দেশ্য
শিক্ষার্থীদের মধ্যে নিসর্গপ্রীতি জাগ্রত করা ।
পাঠ-পরিচিতি
‘পাখির কাছে ফুলের কাছে’ শীর্ষক কবিতাটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে । এই কবিতায় কবির নিসর্গপ্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে ।
এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান । প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয়, সখা । কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান । জড় প্রকৃতি আর জীব-প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান কবি সেই সম্পর্কের সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন । আর তাঁর ছড়া-কবিতার খাতা ভরে ওঠে প্রকৃতির সেই সৌন্দর্য ও আনন্দের পঙ্ক্তিমালায় ।
কবি-পরিচিতি
বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন । ব্রাহ্মণবাড়িয়ার জর্জ সিক্সথ স্কুল থেকে তিনি প্রবেশিকা পাশ করেন । সাংবাদিকতা ও চাকরি ছিল তাঁর পেশা । তিনি গণকণ্ঠ ও কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন । দীর্ঘ সময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি করেন এবং পরিচালক হিসেবে ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন ।
Printed page 94
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বই হলো— লোক-লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো, মিথ্যাবাদী রাখাল, একচক্ষু হরিণ, আরব্য রজনীর রাজহাঁস, পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি ।
সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ বহু পুরস্কারে ভূষিত হন । তিনি ২০১৯ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন ।
কর্ম-অনুশীলন
১. কবিতাটির বিভিন্ন অংশ অবলম্বনে একাধিক ছবি আঁক ।
২. প্রকৃতি নিয়ে (ফুল-পাখি-লতা-পাতা, নদ-নদী) ছড়া-কবিতা লিখতে চেষ্টা করো । তোমার প্রিয় কোনো কবিকে অনুসরণ করেও লিখতে করো ।
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কবি তাঁর মনের কোন কথাটি বলতে চান?
- ক. চাঁদের সৌন্দর্য
- খ. জীবের সৌন্দর্য
- গ. নিসর্গপ্রেম
- ঘ. প্রকৃতির গুরুত্ব
২. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতা অনুসারে প্রকৃতি মানুষের–
- ক. আশীর্বাদ
- খ. পরম আত্মীয়
- গ. সর্বশেষ আশ্রয়
- ঘ. আনন্দের উৎস
উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
লালগিরি পাহাড়ের চূড়ায় উঠে মনিরের মনে হলো সৃষ্টির এই অপরূপ অপার-লীলা আগে কখনও তার দেখার সৌভাগ্য হয়নি । মনের অজান্তে সে হারিয়ে গেলো অন্য এক কল্পনার জগতে । সৃষ্টির রহস্য তার মনকে আবেগ-আপ্লুত করলো । তার ইচ্ছে হলো, প্রকৃতির কাছে হৃদয়ের অব্যক্ত কথা প্রকাশ করতে ।
৩. উদ্দীপকের বক্তব্য কবিতার কোন চরণের সাথে সঙ্গতিপূর্ণ?
- ক. পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই ।
- খ. কোথেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় ।
- গ. এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার ।
- ঘ. ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিলো থরথর ।
Printed page 95
৪. মনিরের ভাবনার সাথে কবি আল মাহমুদের ভাবনার মিল কোথায়?
- ক. পাহাড়ের সৌন্দর্য বর্ণনায়
- খ. জীবপ্রকৃতির বর্ণনায়
- গ. প্রকৃতির বিচিত্র রূপ উপভোগে
- ঘ. প্রকৃতির সৌন্দর্যের প্রতি মমত্ববোধে
সৃজনশীল প্রশ্ন
১. একটি টিভি চ্যানেল ‘জীবন ও প্রকৃতি’ নামে একটি অনুষ্ঠান প্রচার করে । অনুষ্ঠানটিতে প্রকৃতির বিচিত্র রূপ, পাহাড়ি দৃশ্য, ঝর্নার গতিময় ছন্দ, ফুল ও প্রজাপতির মিলনমেলা, বিভিন্ন প্রজাতির গাছপালা, বনে জীবজন্তুর অবাধ বিচরণ, বিভিন্ন কীটপতঙ্গের জীবনচক্র, নদনদীর ছন্দময় গতি ইত্যাদি দেখানো হয় । শর্মিলী তার বাবার কাছে প্রশ্ন করল, ‘জীবন ও প্রকৃতি’ নামে টেলিভিশনে যে অনুষ্ঠানটি প্রচার করছে তাতে আমাদের শিক্ষণীয় কী? বাবা বললেন, এদের সহাবস্থানের মধ্য দিয়ে প্রকৃতি পূর্ণতা পায় । এককথায় বলা যায়, এরা একে অপরের পরিপূরক ।
ক. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কোথায় আজ কাব্য হবে?
খ. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় না ঘুমানোর দল বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানটি ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার যে বিশেষ দিকের ইঙ্গিত দেয় তা ব্যাখ্যা করো ।
ঘ. শর্মিলীর বাবার সর্বশেষ উক্তির যথার্থতা ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার আলোকে বিশ্লেষণ করো ।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.