Skip to content

Charupath chapter 18: Month of Falgun

ফাগুন মাস

  • Charupath
  • Textbook pages 96-100
  • 1 source
  • 6,595 characters of context

Textbook (verbatim transcription): Month of Falgun

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents10

Printed page 96

ফাগুন মাস

হুমায়ূন আজাদ

ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস
পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস।
হাড়ের মতো শক্ত ডাল ফেঁড়ে
সবুজ পাতা আবার ওঠে বেড়ে।
সকল দিকে বনের বিশাল গাল
ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল।
বাংলাদেশের মাঠে বনের তলে
ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।

ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস
হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস
ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে
কান্নারা সব ডুকরে ওঠে মনে।
ফাগুন মাসে মায়ের চোখে জল
ঘাসের ওপর কাঁপে যে টলমল।
ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে
হারানো ভাই দুই বাহুতে বেঁধে।

ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে
ফাগুন মাসে দস্যু আসে রথে।
ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে
ফাগুন তার আগুন দেয় জ্বেলে।
বাংলাদেশের শহর গ্রামে চরে
ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে।
ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে
বুকের ভেতর শহিদ মিনার ওঠে।

সেই যে কবে কয়েকজন খোকা
ফুল ফোটালো—রক্ত থোকা থোকা—
গাছের ডালে পথের বুকে ঘরে
ফাগুন মাসে তাদেরই মনে পড়ে।
সেই যে কবে—তিরিশ বছর হলো—
ফাগুন মাসের দু-চোখ ছলোছলো।
বুকের ভেতর ফাগুন পোষে ভয়—
তার খোকাদের আবার কী যে হয়!

Printed page 97

শব্দার্থ ও টীকা

শব্দ/বাক্যাংশঅর্থ ও টীকা
ফাগুনফাল্গুন। বাংলা বছরের একাদশ মাস।
ভীষণ দস্যি মাসফাল্গুন মাসকে দুরন্ত মাস হিসেবে কল্পনা করা হয়েছে।
পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাসকঠিন পাথরের চাপায় নরম মাটিতে জেগে ওঠা ঘাস। কবিতায় মূলত বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
ফেঁড়েচিরে, বিদীর্ণ করে।
সকল দিকে বনের বিশাল গালগাছপালার বিপুলতা বোঝানো হয়েছে।
প্রত্যহ হয় লাললাল ফুলের সম্ভারে রঙিন হয়ে ওঠে।
সবুজ আগুন জ্বলেবনের সবুজ বিস্তারকে কবি সবুজ আগুন বলে কল্পনা করছেন।
ভীষণ দুঃখী মাসফাগুন মাস দুঃখের ইতিহাসের স্মৃতি-বিজড়িত। এ মাসেই ভাষা-শহিদেরা জীবন উৎসর্গ করেছিলেন।
ডুকরে ওঠেথেমে থেমে উথলে আসা কান্না।
ফাগুন মাসে মায়ের চোখে জলএ মাসে শহিদ পুত্রের কথা স্মরণ করে মায়ের চোখে জল আসে।
ফাগুন মাসে ভাইয়েরা নামে পথেএ মাসে শহিদদের অমর আদর্শে বাংলার দামাল সন্তানেরা বারবার সংগ্রামে লিপ্ত হয়েছে।
ফাগুন মাসে দস্যু আসে রথে১৯৫২ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনকারীদের নির্মম নির্যাতন ও হত্যা করা হয়। কবি আক্রমণকারী পাকিস্তানিদের দস্যু বলে অভিহিত করেছেন।
বুকের ক্রোধ ঢেলেপ্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করে।
ফাগুন মাসে রক্ত ঝরে পড়েএ মাসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা হয়েছে।
বুকের ভেতর শহিদ মিনার ওঠেফাল্গুন মাসে দেশপ্রেমিক প্রতিটি বাঙালি শহিদ দিবসের চেতনায় আলোড়িত হয়।

পাঠের উদ্দেশ্য

বায়ান্নর ভাষা আন্দোলনের পটভূমিতে মাতৃভাষা ও দেশপ্রেমবোধে উদ্বুদ্ধ করা।

পাঠ-পরিচিতি

বাংলাদেশের ইতিহাসে ফাল্গুন মাসের (৮ই ফাল্গুন) একুশে ফেব্রুয়ারি সঙ্গে একসূত্রে গাঁথা। কেননা এ মাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ বাংলার সাহসী সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল। প্রতি বছর যখন ফাগুন মাস আসে, তখন আমাদের স্মৃতি চলে যায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির রক্তঝরা দিনে। বসন্ত ঋতুর প্রথম মাস ফাল্গুন। প্রকৃতির রূপবৈচিত্র্য উপভোগের পাশাপাশি এই মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে দেয়। আমাদের পূর্বপুরুষদের এই আত্মত্যাগের গৌরবে আমরাও সাহসী হয়ে উঠি।

Printed page 98

'ফাগুন মাস' কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। আমাদের ফাল্গুন অন্যদেশের ফাল্গুন মাসের মতো নয়। বাংলাদেশের ফাল্গুনে বনের ভেতর জ্বলে সবুজ আগুন, আমরা ভাষার জন্য আত্মদানকারী পূর্বপুরুষদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। আবার তাঁদের আত্মত্যাগের শক্তি সাহস জোগায় আমাদের মনে। আমাদের প্রত্যেকের ভেতরেই গোলাপ ফুলের মতো একেকটা শহিদ মিনার জেগে ওঠে। আমরা বাংলার বীর সন্তানদের স্মরণ করি প্রতিটি ফাল্গুনে।

কবি-পরিচিতি

হুমায়ূন আজাদ ১৯৪৭ খ্রিষ্টাব্দে তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ জেলা) রাঢ়িখালে জন্মগ্রহণ করেন। একজন কৃতী ছাত্র হিসেবে তিনি তাঁর শিক্ষাজীবন শেষ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। একাধারে তিনি ছিলেন ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। বাক্যতত্ত্ব তাঁর গবেষণাগ্রন্থ এবং কিশোরদের জন্য তাঁর লেখা দুটি গ্রন্থ— লাল নীল দীপাবলি ও কতো নদী সরোবর। তিনি ১৯৮৭ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। হুমায়ূন আজাদ ২০০৪ সালে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন।

কর্ম-অনুশীলন

'ফাগুন মাস' কবিতাটি ভালোভাবে পড়। কবিতাটিতে ফাল্গুন মাসে প্রকৃতির কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এর সঙ্গে আছে কিছু ঘটনার ইশারা। কবিতাটি পড়ে নিচের দুটি ছকে সে দুটি দিক লেখ।

ফাগুন মাসে প্রকৃতির বৈশিষ্ট্য

১ । গাছে গাছে সবুজ পাতা গজায়

২ ।

৩ ।

৪ ।

৫ ।

ফাগুন মাসে ঘটে যাওয়া ঘটনার ইশারা

১ । ফাগুন মাস দুঃখী মাস

২ ।

৩ ।

৪ ।

৫ ।

Printed page 99

নমুনা প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন

১. ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়?

ক. শহিদ বুদ্ধিজীবীদের
খ. ভাষা-শহিদদের
গ. মুক্তিযোদ্ধাদের
ঘ. বীরশ্রেষ্ঠদের

২. "ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে"— বলতে কী বোঝানো হয়েছে?

ক. চারদিক লাল ফুলে শোভিত হওয়া
খ. মায়ের চোখের জল
গ. ভাষা-আন্দোলনে আত্মত্যাগ
ঘ. মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ

৩. "ফাগুন মাসে তাদেরই মনে পড়ে"— এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে?

i. ভাষা-সৈনিকদের
ii. মুক্তিযুদ্ধের শহিদদের
iii. ভাষা-শহিদদের

কোনটি ঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। জাতীয় সংকটকালে বাঙালি বারবার একতাবদ্ধ হয়ে মৃত্যুভয়কে তুচ্ছ করেছে। বায়ান্নতে বাঙালির একীভূত শক্তি মাতৃভাষাকে সুপ্রতিষ্ঠিত করেছে। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।

৪. কোন শক্তিবলে বাঙালি স্বাধীনতা আন্দোলনের সংগ্রামে সফল হয়েছিল?

ক. দেশের যুবশক্তির বলে
খ. আত্মত্যাগের শক্তিতে
গ. হরতাল মিছিল দ্বারা
ঘ. ঐক্যবদ্ধ নেতৃত্বের সাহায্যে

Printed page 100

সৃজনশীল প্রশ্ন

১.

Figure

লেবেল: [অস্পষ্ট]
বর্ণনা: একটি দেয়ালচিত্র; বাঁদিকে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন এবং তাঁর পাশে একটি ছোট শিশু। ডানদিকে একটি মেয়ে হাসিমুখে হাত বাড়িয়ে আছে; দেয়ালের ওপরের অংশে কয়েকটি বর্ণ বা সংখ্যা এবং একটি বাক্সের মতো চিহ্ন আঁকা আছে। উপরে গাছপালা দেখা যাচ্ছে।

ক. 'ফাগুন মাস' কবিতার প্রথম চরণে ফাগুনকে কী বলা হয়েছে?
খ. ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে? বুঝিয়ে লেখ।
গ. চিত্রকর্মটিতে ফুটে ওঠা দৃশ্যে 'ফাগুন মাস' কবিতার বিষয়গত মিল দেখাও।
ঘ. "চিত্রকর্মটি 'ফাগুন মাস' কবিতার ভাবকে ধারণ করেছে।"—এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.