Science chapter 5: Photosynthesis
সালোকসংশ্লেষণ
- Science
- Textbook pages 38-41
- 1 source
- 7,838 characters of context
Textbook (verbatim transcription): Photosynthesis
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents10ShowHide
Printed page 38
পঞ্চম অধ্যায়: সালোকসংশ্লেষণ
পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। এ খাদ্য কোথা থেকে আসে, তা কি তোমরা জান? সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে। তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়াও খাদ্য প্রস্তুত করতে পারে। উদ্ভিদ নিজে প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে, এ অধ্যায়ে সে বিষয়ে আমরা জানতে পারব।
এই অধ্যায় শেষে আমরা
- উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে ব্যাখ্যা করতে পারব ।
- সালোকসংশ্লেষণের উপর জীবজগতের নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারব ।
- খাদ্য প্রস্তুতিতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারব এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল হব ।
পাঠ ১-২ : উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে
কাজ করার জন্য শক্তি লাগে তা সে কাজ কোনো যন্ত্র করুক বা কোনো জীবই করুক। মোটরগাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা। তোমার শ্রেণিকক্ষের পাখা ঘোরে বৈদ্যুতিক শক্তির সাহায্যে। আমরা যে হাঁটাচলা করি, নানা ধরনের কাজ করি তার জন্যও তো শক্তি লাগে। সে শক্তি কোথা থেকে আসে? আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি। এখন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে। আমরা জানি, পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। যে জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়। এ প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে।
পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে কেন গণ্য করা হয়। কারণ-
১. পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। ২. পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। ৩. পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে।
পাঠ ৩-৬ : সালোকসংশ্লেষণ পদ্ধতি
স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোম দ্বারা পানি শোষণ করে। নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলোর প্রধান উৎস সূর্য।
Printed page 39
সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটে ও গ্লুকোজ উৎপন্ন হয়। সালোকসংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াটি নিম্নরূপ :
কার্বন ডাইঅক্সাইড+পানিআলোক্লোরোফিলগ্লুকোজ+অক্সিজেন+পানি
সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়। পর্যায় দুটি হলো- (১) আলোক পর্যায় ও (২) আলোক নিরপেক্ষ পর্যায়। এ বিষয় পরবর্তী শ্রেণিতে আরও বিশদ জানতে পারবে। সালোকসংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা নিচের পরীক্ষার সাহায্যে বুঝতে পারবে।
সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা
পরীক্ষার উপকরণ: একটা বিকার, একটা ফানেল, একটা টেস্টটিউব, পানি, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা ও একটা দিয়াশলাই।
কার্যপদ্ধতি:
বিকারটির দুই-তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করি। সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দেই যাতে হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের নলের উপরের দিকে থাকে।
এরপর বিকারে আরও পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে থাকে। এবার টেস্টটিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে স্থাপন করি যাতে টেস্টটিউবের পানি বের না হয়ে যায়। এরপর এসব কিছুকে সূর্যালোকে রাখি।
পর্যবেক্ষণ: কিছুক্ষণ পর দেখতে পাব হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্টটিউবে জমা হচ্ছে এবং টেস্টটিউবের পানি নিচে নেমে যাচ্ছে। টেস্টটিউবটা প্রায় সম্পূর্ণটা গ্যাসে পূর্ণ হলে, উল্টানো অবস্থায় টানেলের বাহিরে নিয়ে আসি। এবার দিয়াশলাইয়ের একটা সদ্য নিবন্ত কাঠি টেস্টটিউবের মুখে প্রবেশ করালে, নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে। দিয়াশলাইয়ের কাঠিটা কেন দপ করে জ্বলে উঠল? এতে কী প্রমাণিত হয়?
Figure: চিত্র ৫.১ : সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা
লেবেল: অক্সিজেন, বুদবুদ, টেস্টটিউব, বিকার, পানি, ফানেল, হাইড্রিলা বর্ণনা: একটি কাচের বিকারে জলজ উদ্ভিদ হাইড্রিলা রেখে তার উপর উল্টো করে ফানেল বসানো হয়েছে। ফানেলের নলের উপর উল্টানো একটি টেস্টটিউব স্থাপন করা, যাতে পানি নিচে নেমে গিয়ে শীর্ষে বুদবুদ আকারে অক্সিজেন গ্যাস জমা হচ্ছে।
পাঠ-৭ : জীবজগতে সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব
সালোকসংশ্লেষণের মাধ্যমেই সূর্যালোক ও জীবন এর মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে। নিম্নে সংক্ষিপ্ত আলোচনা থেকে সালোকসংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে।
খাদ্য উৎপাদন
১. জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয় । ২. প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য । কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক । শ্বসনের ফলে শক্তি নির্গত হয় । তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল ।
Printed page 40
পরিবেশে গ্যাস বিনিময়
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ফলে প্রাণিকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে।
উপরের আলোচনা থেকে এ কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে। সে কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরও সচেতন হতে হবে।
এই অধ্যায়ে আমরা যা শিখলাম
- সালোকসংশ্লেষণে কার্বন ডাই-অক্সাইড ও পানি গৃহীত হয় এবং গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয়।
নতুন শব্দ : সালোকসংশ্লেষণ ও শর্করা খাদ্য।
নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়? ক. শর্করা খ. আমিষ গ. স্নেহ ঘ. ভিটামিন
নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায়। কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো বিবর্ণ হয়ে গেছে। অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে।
২. পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ- i. পানি ii. কার্বন ডাই-অক্সাইড iii. সূর্যের আলো নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i ii ও ii
৩. যে প্রক্রিয়ার জন্য ঘাস বিবর্ণ হয়েছে তা - i. অক্সিজেন সরবরাহ করে ii. জীবজগতের ভারসাম্য রক্ষা করে iii. কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i ii ও ii
Printed page 41
সৃজনশীল প্রশ্ন
১. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।
Figure
লেবেল: P- বেলজার, Q- বেলজার বর্ণনা: দুটি কাচের বেলজার পাশাপাশি রাখা হয়েছে। P-বেলজারের ভেতরে একটি টবে লাগানো চারা গাছ এবং তার পাশে একটি জ্বলন্ত মোমবাতি রাখা। Q-বেলজারের ভেতরে শুধুমাত্র একটি টবে লাগানো চারা গাছ রাখা।
ক. সালোকসংশ্লেষণ কাকে বলে? খ. সালোকসংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? ব্যাখ্যা করো। গ. P- বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো । ঘ. চিত্রে প্রদর্শিত অবস্থায় Q- বেলজারে গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।
২. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও।
কার্বন ডাইঅক্সাইড+Rআলোক্লোরোপ্লাস্ট+পানি+অক্সিজেন
ক. আলোক পর্যায় কাকে বলে ? খ. রাতে সালোকসংশ্লেষণ হয় না কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়ায় কীভাবে S যৌগটি তৈরি হয়? ব্যাখ্যা করো। ঘ. জীবজগতে উল্লিখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
১। পাতা কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? ব্যাখ্যা করো। ২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদে অন্যান্য অংশের তুলনায় পাতায় বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো। ৩। গ্যাসীয় আদান প্রদানের ক্ষেত্রে পাতার ভূমিকা ব্যাখ্যা করো।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.