Bangla Grammar and Composition chapter 12: Translation
অনুবাদ
- Bangla Grammar and Composition
- Textbook pages 111-111
- 1 source
- 3,679 characters of context
Textbook (verbatim transcription): Translation
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 111
অনুবাদ
অসীম জ্ঞানের ভাণ্ডার এ বিশ্বব্রহ্মাণ্ড। জ্ঞানকাণ্ডের বিচিত্র শাখা যেমন— শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান, ধর্ম, দর্শন, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব এসব বিষয়ে জ্ঞানের প্রবাহ ক্রমশ বিকাশ লাভ করছে। বিশ্বের অগণিত ভাষায় বিপুল এ জ্ঞাননচর্চা হচ্ছে। নিজেদের জ্ঞানভাণ্ডার অন্যের মধ্যে ছড়িয়ে দিতে এবং অন্যদের জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে 'অনুবাদ' এখন সারাবিশ্বে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। অনুবাদের গুরুত্বের কারণে বিভিন্ন সাহিত্যে অনুবাদ নামক বিশেষ এক শাখা গড়ে উঠেছে। অনুবাদের দ্বারা পরস্পরের ভাষা সমৃদ্ধ হয়ে ওঠে।
সাধারণত কোনো বক্তব্য বা রচনা এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাকে অনুবাদ বলে। এক্ষেত্রে বিদেশি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ করা যায় আবার বাংলা থেকেও অন্য ভাষায় অনুবাদ করা যায়। তবে পাঠ্যক্রমে কেবল ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদের বিষয়টি নির্দেশিত।
প্রত্যেক ভাষারই নিজস্ব গঠনভঙ্গি, প্রকাশরীতি ও বৈশিষ্ট্য আছে। অনুবাদে সে বৈশিষ্ট্যের যথাযথ প্রতিফলন দরকার। মোট কথা, অনুবাদে মূল সুরটি কিছুতেই বিকৃত করা যাবে না। অনুবাদ হলো এক ধরনের শিল্প। অনুবাদকর্মে যদি ভাষার মুন্সিয়ানা আর মূলের রূপ, রস, স্বাদ ও সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে তবে তা অনায়াসে শিল্পকে ছুঁয়ে যেতে পারে। একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করার জন্য উভয় ভাষার অর্থাৎ ইংরেজি এবং বাংলার নিয়ম এবং মূল অর্থের প্রতি সতর্ক মনোযোগ প্রয়োজন। আক্ষরিক অনুবাদ অনেকক্ষেত্রে বিভ্রান্তিকর হতে পারে; সেক্ষেত্রে ভাবানুবাদ করাই শ্রেয়।
নমুনা প্রশ্ন
- Students are the source of future hope and strength of our country. Much depends on how they spend their time and energy now. They have, in the first place, to acquire knowledge and experience. Secondly, they have to look around and study the condition of people, their ways of living and see in what direction reforms are necessary.
ছাত্রা আমাদের দেশের ভবিষ্যৎ আশা ও শক্তির উৎস। বেশির ভাগ নির্ভর করে তারা কীভাবে তাদের সময় ও শক্তিকে এখন কাজে লাগাচ্ছে। প্রথমত, তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। দ্বিতীয়ত, চারদিক লক্ষ করতে হবে জনসাধারণ কীভাবে আছে, কেমন জীবন-যাপন করছে এবং কোথায় সংস্কার আবশ্যক।
- No person can be happy without friends. The heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving affection. But you also cannot find others to love you unless you love them. Love is only to be obtained by giving love in return. You cannot be happy without it.
বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না। হৃদয় ভালোবাসার জন্য নির্মিত এবং তা ভালোবাসা দেওয়া ও নেওয়ার সুযোগ না পেলে সুখী হতে পারে না। কিন্তু তুমি যদি অপরকে ভালো না বাস তাহলে তারাও তোমাকে ভালোবাসবে না। ভালোবাসার দানেই ভালোবাসা পাওয়া যায়। এটা ছাড়া তুমি সুখী হতে পারবে না।
- A patriot is a man who loves his country. Works for it and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty. But the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people.
যে ব্যক্তি স্বদেশকে ভালোবাসে, স্বদেশের জন্য কাজ করে এবং স্বদেশের জন্য যুদ্ধ করতে ও মরতে রাজি সে-ই দেশপ্রেমিক। প্রত্যেক সৈনিকই তার দায়িত্ব পালনে বাধ্য। কিন্তু শ্রেষ্ঠতর সৈনিকেরা এর চেয়ে অনেক বেশি করে। দেশকে ভালবাসে বলেই তারা জীবনের ঝুঁকি গ্রহণ করে। তারাই মানুষের উত্তম বন্ধু।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.