Skip to content

Saptabarna chapter 17: In These Letters

এই অক্ষরে

  • Saptabarna
  • Textbook pages 87-91
  • 1 source
  • 5,989 characters of context

Textbook (verbatim transcription): In These Letters

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents8

Printed page 87

এই অক্ষরে

মহাদেব সাহা

এই অক্ষর যেন নির্ঝর
ছুটে চলে অবিরাম
যেন কিছু তারা দিচ্ছে পাহারা
আকাশেতে লিখে নাম ।
অক্ষরগুলি চায় মুখ তুলি
অন্তরে জাগে গান,
শিখি তার কাছে অজানা যা আছে
আনন্দে ভরে প্রাণ;

এই অক্ষরে মাকে মনে পড়ে
মন হয়ে যায় নদী,
আর কিছু তাই পাই বা না পাই
চিঠিখানা পাই যদি ।
সেই উপমায় মন ভরে যায়
দেখি অপরূপ ছবি —
সকাল দুপুর সুরের নূপুর
বাজায় উদাস কবি ।

এই অক্ষরে ডাক নাম ধরে
ডাক দেয় বুঝি কেউ,
স্বপ্নের মতো রূপকথা যতো
অন্তরে তোলে ঢেউ ।

এই অক্ষর আত্মীয়-পর
সকলেরে কাছে টানে,
এই প্রিয় ভাষা বুকে দেয় আশা
বিমোহিত করে গানে ।

এই অক্ষরে কঠিন পাথরে
শিলালিপি লেখা হয়,
এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে
যুদ্ধ করেছি জয় ।

Printed page 88

শব্দার্থ ও টীকা

অক্ষর — শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। সাধারণ কথাবার্তায় অক্ষর বলতে বর্ণও বোঝানো হয়। এখানে বৃহৎ অর্থে মাতৃভাষা বোঝানো হয়েছে।

নির্ঝর — ঝরনা ।

‘এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম’ — আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি, লিখি। আমাদের পূর্বপুরুষেরাও তা-ই করতেন। তাই বলা হয়েছে মাতৃভাষা অবিরাম ছুটে চলেছে। মানে মাতৃভাষার মাধ্যমে আমরা নানা কাজ করে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি।

‘যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম’ — এক সময়ে আমাদের এই দেশ পরাধীন ছিল। শাসকেরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছিল। কিন্তু তখনকার সচেতন বাঙালিরা এ অধিকার আদায় করে নেয়। সে অধিকার আদায় করার জন্য অক্ষরগুলো যেন নিরবচ্ছিন্নভাবে অনুপ্রেরণার বিষয় হয়ে আছে ।

‘এই অক্ষরে মাকে মনে পড়ে’ — মায়ের কাছ থেকেই আমরা মাতৃভাষা প্রথম শিখি । তাই অক্ষর বা ভাষার দৃষ্টান্ত দেখলেই মাকে মনে পড়ে যায় ।

উপমা — তুলনা ।

অপরূপ — খুব সুন্দর ।

নূপুর — পায়ে পরার অলংকার ।

রূপকথা — রাজা-বাদশা, রাজপুত্র-রাজকন্যা, দৈত্য-দানো, রাক্ষস-খোক্কস প্রভৃতি কাহিনি নিয়ে কাল্পনিক গল্পকে বলে রূপকথা ।

শিলালিপি — পাথরে খোদাই করা লেখা। অনেক দিন স্থায়ী করে রাখার জন্য কোনো কিছু পাথরে বা তামার পাতে লিখে রাখা হতো। এরকম পাথরের ওপর লেখাকে বা ঐ পাথরের খণ্ডটিকে বলা হয় শিলালিপি ।

‘এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়’ — এ কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। মাতৃভাষার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকামীদের উদ্বুদ্ধ করা হয়েছে। তাই কবি বলেছেন যে এই ভাষা দিয়ে আমরা লিখেছি মুক্তির গান। আর সেই গান মুক্তিযোদ্ধাদের উৎসাহ জুগিয়েছে। সুতরাং মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকে আমরা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা ।

Printed page 89

পাঠের উদ্দেশ্য

মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা ও মমত্ববোধ জাগ্রত করা ।

পাঠ-পরিচিতি

বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালি জাতির অনন্য সম্পদ। এই বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়। বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী। বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে। কখনো তার চিত্তে বাজায় সুরের নূপুর ।

বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস । আমাদের অক্ষরসমূহ আপন-পর সকলকে কাছে টানে, দূর করে দেয় সব বিভেদ । বাংলা অক্ষর বাঙালির বুকে সঞ্চার করে অবারিত আশা । আলোচ্য কবিতাটিতে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে ।

লেখক-পরিচিতি

কবি মহাদেব সাহা ১৯৪৪ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন ।মহাদেব সাহার উল্লেখযোগ্য গ্রন্থ হলো: এই গৃহ এই সন্ন্যাস, অন্তমিত কালের গৌরব, টাপুর টুপুর মেঘের দুপুর, ছবি আঁকা পাখির পাখা, সরষে ফুলের নদী ইত্যাদি ।

কর্ম-অনুশীলন

ক. তোমার পূর্বে পড়া বাংলা ভাষাবিষয়ক একটি গল্প বা কবিতা অবলম্বনে একটি রচনা তৈরি করো (একক কাজ) ।

খ. ভাষা-আন্দোলন নিয়ে রচিত কবিতাসমূহ সংগ্রহ করে একটি দেয়ালিকা প্রকাশ করো (দলীয় কাজ) ।

Printed page 90

নমুনা প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন

১. এই অক্ষরে কবিতায় কাকে মনে পড়ার কথা বলা হয়েছে?
ক. প্রিয়জনকে
খ. মাকে
গ. দেশকে
ঘ. ভাষাকে

২. ‘এই অক্ষর যেন নির্ঝর / ছুটে চলে অবিরাম’ – চরণদ্বয় দ্বারা কবি বুঝিয়েছেন—
i. মাতৃভাষায় আমরা অতীত ইতিহাস জানি
ii. বর্তমানকে আমরা মাতৃভাষায় বুঝতে পারি
iii. আমরা ভবিষ্যতের স্বপ্নও বুনি মাতৃভাষায়

কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

কবিতাংশ পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
(১) বাংলার গল্প বাংলার গীত
শুনিলে এ চিত্ত সদা বিমোহিত
(২) সুখে দুঃখে তারা এসে মোর পাশে
তোষে সদা মোরে মধুর সম্ভাষে

৩. ১ নং কবিতাংশে ‘এই অক্ষরে’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. ভাষাপ্রীতি
খ. প্রকৃতিপ্রীতি
গ. মর্ত্যপ্রীতি
ঘ. স্বদেশপ্রীতি

৪. ২নং কবিতাংশের বক্তব্য নিচের যে চরণে প্রকাশ পেয়েছে—
i. এই অক্ষরে / ডাকনাম ধরে / ডাক দেয় বুঝি কেউ
ii. এই অক্ষর / আত্মীয়-পর / সকলেরে কাছে টানে
iii. এই অক্ষরে / মাকে মনে পড়ে / মন হয়ে যায় নদী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

Printed page 91

সৃজনশীল প্রশ্ন

১. আর তাই তো কখনো আমি পড়তে দিই নি ধুলো, এই কালো
এ-কারে আ-কারে
তারা যেন ক্ষেতের সোনালি পাকা ধান, থোকা থোকা
পড়ে থাকা জুঁই।
তোমার জন্য জয় করেছি একটি যুদ্ধ
একটি দেশের স্বাধীনতা।

ক. 'এই অক্ষরে' কবিতায় কঠিন পাথরে কী লেখা হয়?
খ. 'এই অক্ষরে মাকে মনে পড়ে' বলতে কবি কী বুঝিয়েছেন? — ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 'তারা' 'এই অক্ষরে' কবিতার কিসের সাথে তুলনীয়? — ব্যাখ্যা করো।
ঘ. "উদ্দীপকের শেষ দুটি চরণে 'এই অক্ষরে' কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবার্থ ফুটে উঠেছে।"
— উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.