Skip to content

Bangla Grammar and Composition chapter 9: Dictionary

অভিধান

  • Bangla Grammar and Composition
  • Textbook pages 71-73
  • 1 source
  • 6,262 characters of context

Textbook (verbatim transcription): Dictionary

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents5

Printed page 71

নবম পরিচ্ছেদ

অভিধান

৯. অভিধান
৯.১ বর্ণানুক্রম
৯.২ ভুক্তি ও শীর্ষ শব্দ
৯.৩ কর্ম-অনুশীলন

৯. অভিধান

ইংরেজি Dictionary শব্দটির বাংলা অর্থ ‘অভিধান’। অভিধান হলো ভাষার সেই গ্রন্থ, যা থেকে ঐ ভাষার শব্দসমূহ, শব্দের অর্থ, উৎস, ব্যুৎপত্তি, পদ ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদভাবে জানা যায়। অভিধান জানিয়ে দেয় শব্দের শুদ্ধ রূপ কোনটি, শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ অর্থ কোনটি। অভিধান মানেই হচ্ছে শুদ্ধতার প্রতীক। পৃথিবীর সব উন্নত ভাষারই অভিধান বা শব্দকোষ আছে। বাংলা ভাষায়ও সংকলিত হয়েছে সমৃদ্ধ অভিধান।

৯.১ বর্ণানুক্রম

অভিধানে শব্দের পর শব্দ সাজানো থাকে বর্ণানুক্রমিকভাবে। প্রথমে অ দিয়ে যেসব শব্দের বানান শুরু, সেগুলো। তারপর আ দিয়ে, তারপর ই দিয়ে; এভাবে বর্ণের ক্রম অনুসারে সাজানো থাকে অভিধান। তবে সাধারণভাবে বর্ণের যে ক্রম মান্য করা হয় তা থেকে অভিধানে সামান্য ব্যতিক্রম দেখা যায়। নিচে অভিধানে অন্তর্ভুক্ত শব্দের বর্ণানুক্রম দেখানো হলো।

সাধারণ বর্ণানুক্রম

অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন
প ফ ব ভ ম য র ল শ ষ স
হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ

অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম

অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ং ঃ ঁ
ক ক্ষ খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ

Printed page 72

ট ঠ ড ড় ঢ ঢ় ণ ত (ৎ) থ দ ধ ন
প ফ ব ভ ম য য় র ল শ ষ স হ

যুক্তাক্ষরের বর্ণানুক্রম

ক্ক ক্ট ক্ত ক্ষ ক্ষ্ম গ্ণ গ্ধ ঙ্ক ঙ্ক্ষ ঙ্খ ঙ্গ ঙ্ঘ
চ্চ চ্ছ চ্ছ্র জ্জ জ্জ্ব জ্ঞ ঞ্চ ঞ্ছ ঞ্জ ঞ্ঝ
ট্ট ড্ড ড়্গ ণ্ট ণ্ঠ ণ্ড ণ্ঢ ণ্ণ ণ্ম ত্ত ত্থ
দ্গ দ্ঘ দ্দ দ্ধ দ্ব দ্ভ ধ্ব ন্ট ন্ঠ ন্ড ন্ঢ
ন্ত ন্থ ন্দ ন্ধ ন্ন ন্ম প্ট প্ত প্প প্স ব্জ ব্দ
ব্ধ ব্ব ব্ভ ম্প ম্ফ ম্ব ম্ভ ম্ম ল্ক ল্গ ল্ট
ল্ড ল্প ল্ম ল্ল শ্চ শ্ছ ষ্ক ষ্ট ষ্ঠ ষ্ণ ষ্প ষ্ফ
ষ্ম স্ক স্ট স্ত স্থ স্প স্ফ হ্ণ হ্ন হ্ম

কার চিহ্ন া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ

ফলাচিহ্ন ন/ণ ম ্য ্র ল ব

স্বরবর্ণ, কারচিহ্ন, অনুস্বার, বিসর্গ ও চন্দ্রবিন্দুর বিন্যাসের নমুনা

ক কঅ কআ কই কঈ কউ কঊ কঋ কএ কঐ কও কঔ কং কঃ কঁ কঁক কঁখ ...
কা কাঅ কাআ কাই কাঈ কাউ কাঊ কাঋ কাএ কাঐ কাও কাঔ কাং কাঃ কাঁ কাঁক কাঁখ...

৯.২ ভুক্তি ও শীর্ষ শব্দ

অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয়, সেটি বোল্ড টাইপে বা মোটা হরফে মুদ্রিত থাকে। এটিকে শীর্ষ শব্দ বলে। যেমন :
অঋণী [অরিনি] বিণ ঋণমুক্ত; ঋণশূন্য। {স. অ+ঋণ+ইন(ইনি); স. অঋণী}
—এখানে ‘অঋণী’ শব্দটি হচ্ছে শীর্ষ শব্দ।

অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে বলা হয় ভুক্তি। শীর্ষ শব্দগুলো যাতে সহজে খুঁজে পাওয়া যায়, সেজন্যে অভিধানে শব্দগুলোকে বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকে। বাংলা একাডেমি যে ‘অভিধান ব্যবহার নির্দেশিকা’ প্রণয়ন করেছে তা এ রকম :

অভিধান ব্যবহার নির্দেশিকা

এ অভিধানে শব্দের উচ্চারণ, অর্থ, পদপরিচয়, অর্থান্তর, প্রয়োগ, ব্যুৎপত্তি প্রভৃতি কীভাবে নির্দেশ করা হয়েছে নিম্নলিখিত নির্দেশিকায় তা পরিস্ফুট করার চেষ্টা করা হলো :

Printed page 73

Figure

লেবেল: শীর্ষশব্দ, উচ্চারণ, সাধারণ অর্থ, বিকল্প শীর্ষশব্দ, পদ পরিচয়, উপভুক্তি, প্রয়োগবাক্য, অভিন্ন বানানের, একাধিক ভুক্তি, ব্যুৎপত্তি, অর্থান্তর সংখ্যা, পদান্তর সংকেত, প্রত্যয়, উৎস- ভাষা নির্দেশ, দ্রষ্টব্য, অভিন্নতা নির্দেশক, ক্রিয়ার রূপ, বিষয় নির্দেশ, ব্যাকরণ নির্দেশ
বর্ণনা: অভিধানের কয়েকটি প্রবেশের নমুনা। শীর্ষ শব্দ, উচ্চারণ, পদ পরিচয়, অর্থ ও অন্যান্য অংশ বাক্সে ঘেরা; প্রতিটি অংশ থেকে রেখা টেনে পাশে তার নাম লেখা আছে।

অবশিষ্ট [অবোশিশ্টো] বিণ ১ বাকি। ২ উদ্বৃত্ত। ৩ অতিরিক্ত। {স. অব+√শিষ্+ত(ক্ত)}

খেত, ক্ষেত [খেত্] বি মাঠ; চাষের জমি; শস্যোৎপাদনের মাঠ (চায় তারা, ফসলের খেত, দীঘি ও খামার—বিদে) ।-খোলা,-খামার বি আবাদি জমি; চাষির কর্মক্ষেত্র (এক গেলাস চাউল- পানি খাইয়া খেত-খোলা দেখিতে বাহির হওয়া ওসমান সরকারের অনেক দিনের অভ্যাস—আ/ম/আ)। খেতালি, খেতি, ক্ষেতি বি ১ চাষ-আবাদ (...বিবিধ ক্ষেত ক্ষেতি শোভয়—দৌবা)। ২ ক্ষেত কর্ষণের বা চাষ-আবাদের কাজ। {স. ক্ষেত্র>প্রা. খেত্ত>খেত}

১তর [তর] বিণ ১ বিভোর; নিমগ্ন; চুর (এই শরাবের পিয়ালা দিয়ে তর করি দিল্—নই)। ২ জলসিক্ত; ভিজে যাওয়া (ভিজে তর হয়ে যাওয়া)। {ফা. তর্ تر}

২তর [তর] বি বিলম্ব; দেরি; অপেক্ষা (তর সহেনাক একটি তিল—আমোকা; তর সয় না বর, দিনেই বিয়া কর—ছড়া)। {স. ত্বরা>}

৩তর তরো [তরো], বিণ প্রকারের; ধরনের; শ্রেণির (কেমনতর লোক)। তরো-বেতরো বিণ বিভিন্ন প্রকারের; নানা ধরনের; হরেক রকম (আলোর নিশেন ঝুলছে—চৌকো লম্বা চওড়া সব তরো-বেতরো—অঠা)। বে~ বিণ খারাপ ধরনের; খারাপ; দুষ্ট বেয়াড়া। {আ. তরহ্ طرح}

অধীন [ওধিন্] বিণ ১ আয়ত্ত; বশীভূত (আজ্ঞার অধীন)। ২ অন্তর্গত; অন্তর্ভুক্ত (শাসনের অধীন)। ৩ অনুগত; বাধ্য (অধীন জন)। □ বি ১ অধীন ব্যক্তি (অধীনের বিনীত নিবেদন)। ২ নিয়ন্ত্রণ; তত্ত্বাবধান (তাঁর অধীনে আমি কাজ করি)। অধীনতা বি আজ্ঞানুবর্তিতা; পরাধীনতা। অধীনা, অধিনী, অধীনী বিণ আশ্রিতা; বশীভূতা; অনুগতা (তুমি নব জলধর এ তব অধিনী—মদ, তাইতো কাঁদায় নিশিদিনই এ অধিনী—নই)। {স. অধি + ইন(খ)}

দর্জি [⇒] দরজি

নিদ [=] নিদ্রা

বানানো [বানানো] ক্রি ১ তৈরি করা; গড়া; প্রস্তুত করা (বাড়ি বানানো শেষ হয়েছে)। ২ রাঁধা ( রুটি বানানো; কোর্মা বানানো)। ৩ রাঁধবার জন্য কোনো কিছু কোটা (মাংস বানানো, তরকারি বানানো)। ৪ কোনো কিছুর সঙ্গে তুল্য জ্ঞান করা (ভেড়া বানানো)। ৫ কিছুতে পরিণত করা (বোকা বানানো)। □ বিণ কৃত্রিম; মিথ্যা। {তুল.হি.বনানা; ক্রিয়ার রূপ—বানাই, বানাও, বানান, বানাবে, বানিয়ো ইত্যাদি; অসমাপিকার রূপ—বানিয়ে, বানাতে ইত্যাদি}

পরপদ [পরোপদ্] বি ১ শ্রেষ্ঠ স্থান; পরম বা সর্বশ্রেষ্ঠ পদ। ২ মোক্ষ। ৩ (ব্যা.) সমাসে সমস্যমান পদদুটোর মধ্যে পরেরটি বা দ্বিতীয়টি (শ্রেষ্ঠধন—এখানে ‘ধন’ দ্বিতীয় পদ)। {স. পর+পদ; ৬তৎ}

৯.৩ কর্ম-অনুশীলন

১. তোমার হাতের কাছে যে অভিধান আছে সেটি দেখে ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘দেউলিয়া’, ‘রকমারি’ ও ‘সরঃ’ শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার লেখো।

২. হিসাব, হিস্সা, আছাড়, আচ্ছাদক, খাকি, খাঁটি, ড্রপার, ড্যাশ, উৎপাদন, উতরাই, চিরুনি, চিরায়ু, সাম্য, সামান্য, ফলদ , ফলার, ইক্ষু, ইঁদুর, প্রসাধন, প্রশাখা – শব্দগুলোকে অভিধানের মতো বর্ণানুক্রমিকভাবে সাজাও।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.