Skip to content

Sahitya Kanika chapter 13: To the Land of Thunder

বজ্রের দেশের মানুষেরা

  • Sahitya Kanika
  • Textbook pages 78-81
  • 1 source
  • 4,958 characters of context

Textbook (verbatim transcription): To the Land of Thunder

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents9

Printed page 78

বঙ্গভূমির প্রতি

মাইকেল মধুসূদন দত্ত

রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
সাধিতে মনের সাধ
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে, দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ-আকাশ হতে, নাহি খেদ তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত-হ্রদে।
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে সদা সেবে সর্বজন;
কিন্তু কোন গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া কর,

Printed page 79

ভুল দোষ, গুণ ধর
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে!
ফুটি যেন স্মৃতি-জলে,
মানসে, মা, যথা ফলে
মধুময় তামরস কী বসন্ত, কী শরদে!

শব্দার্থ ও টীকা

মিনতি — বিনীত প্রার্থনা।
পরমাদ — প্রমাদ; ভুল-ভ্রান্তি।
কোকনদ — লাল পদ্ম।
নীর — পানি; জল।
শমন — মৃত্যুর দেবতা।
মক্ষিকা — মাছি।
শ্যামা জন্মদে — শ্যামল জন্মভূমি অর্থে।
বর — আশীর্বাদ।
মানস — মন।
তামরস — পদ্ম।
শরদে — শরৎ কাল বোঝাতে।

পাঠের উদ্দেশ্য

এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ও বিনয়ভাব জেগে উঠবে। বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও নিজ দেশের প্রতি মনের গভীরে আগ্রহবোধ সৃষ্টি হবে।

পাঠ-পরিচিতি

মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতিকবিতার একটি ‘বঙ্গভূমির প্রতি’। এ কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন—মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তাঁর সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্যই তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে, তাঁর এমন কোনো মহৎ গুণ নেই, যে-কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকেন।

কবি-পরিচিতি

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকে তাঁর মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন, বিলেত না গেলে কবি হওয়া যাবে না। বিলেতে গেলে সুবিধা হবে—এ আশায়

Printed page 80

তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন। ফলে তাঁর নামের আগে ‘মাইকেল’ শব্দটি যুক্ত হয়। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলায় সাহিত্য রচনায় ব্রতী হন। বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইতালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ রচনা করেন। তাঁর রচিত প্রহসন : ‘একেই কি বলে সভ্যতা’, ‘বুড়োশালিকের ঘাড়ে রোঁ’; নাটক : ‘শর্মিষ্ঠা’, ‘পদ্মাবতী’, ‘কৃষ্ণকুমারী’; পত্রকাব্য : ‘বীরাঙ্গনা’ ইত্যাদি। ‘চতুর্দশপদী কবিতাবলী’ নামে একটি সনেট-সংকলনও তিনি রচনা করেন। তিনি ১৮২৪ খ্রিস্টাব্দে যশোরের সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৮৭৩ খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন।

কর্ম-অনুশীলন

ক. ‘বঙ্গভূমির প্রতি’ শীর্ষক কবিতাটি নিয়ে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করো।

নমুনা প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন

১. ‘মক্ষিকা’র সমার্থক শব্দ কোনটি?
ক. মৌমাছি
খ. মাছি
গ. বোলতা
ঘ. ফড়িং

২. নরকুলে ধন্য কে?
ক. ক্ষমতাবান ব্যক্তি
খ. দীর্ঘজীবী মানুষ
গ. যিনি কীর্তিমান
ঘ. মন্দিরের সেবক

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

ক. ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম– যেন এই দেশেতে মরি।
খ. বাংলার হাওয়া বাংলার জল
হৃদয় আমার করে সুশীতল।

৩. কবিতাংশে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে?
ক. অমর করিয়া বর, দেহ দাসে, সুবরদে!
খ. রেখো মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
গ. চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
ঘ. তবে যদি দয়া কর, ভুল দোষ, গুণ ধর

Printed page 81

৪. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটির মতো (খ) কবিতাংশেও প্রকাশ পেয়েছে—
i. স্বদেশের প্রতি অনুরাগ
ii. স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ
iii. প্রশান্তি

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১.
আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে— এই বাংলায়
হয়তো মানুষ নয়— হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;

২.
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্য করে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই !

ক. বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কী?
খ. কবি বর প্রার্থনা করেন কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথম কবিতাংশে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার যে দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের “দ্বিতীয় কবিতাংশ ও ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার মূল সুর একই”— তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.