Skip to content

Sahitya Kanika chapter 16: Lest People Say Something

পাছে লোকে কিছু বলে

  • Sahitya Kanika
  • Textbook pages 92-95
  • 1 source
  • 4,985 characters of context

Textbook (verbatim transcription): Lest People Say Something

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents8

Printed page 92

পাছে লোকে কিছু বলে

কামিনী রায়

করিতে পারি না কাজ,
সদা ভয়, সদা লাজ,
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।

আড়ালে আড়ালে থাকি,
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে,
পাছে লোকে কিছু বলে।

হৃদয়ে বুদবুদ মতো
উঠে শুভ্র চিন্তা কত,
মিশে যায় হৃদয়ের তলে
পাছে লোকে কিছু বলে।

কাঁদে প্রাণ যবে, আঁখি
সযতনে শুষ্ক রাখি
নির্মল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।

একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা
চলে যাই উপেক্ষার ছলে
পাছে লোকে কিছু বলে।

মহৎ উদ্দেশ্যে যবে
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।

Printed page 93

বিধাতা দিছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।

শব্দার্থ ও টীকা

সদা — সবসময়।
সংশয় — সন্দেহ, দ্বিধা।
সংকল্প — মনের দৃঢ় ইচ্ছা।
সংশয়ে সংকল্প সদা টলে — মনের দৃঢ় ইচ্ছা পূরণ করায় বাধা তৈরি হয়।
শুভ্র — সাদা, এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত।
যবে — যখন।
প্রশমিতে — উপশম ঘটাতে, নিবারণ করতে।
প্রশমিতে পারে ব্যথা — যন্ত্রণার উপশম ঘটাতে পারে।
উপেক্ষা — গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া।
ছল — ছুতা, ওজর।
ম্রিয়মাণ — কাতর, বিষাদগ্রস্ত।

পাঠের উদ্দেশ্য

এ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচ চিত্তে জীবনপথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কে কী বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে।

পাঠ-পরিচিতি

কবিতাটি ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কী মনে করবে, কে কী সমালোচনা করবে এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যাঁরা সমাজে অবদান রাখতে চান তাঁদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়-ভীতি-সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।

Printed page 94

কবি-পরিচিতি

কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে ১৮৬৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৮৬ সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্সসহ বি. এ. পাশ করে তিনি ওই কলেজেই অধ্যাপনায় নিযুক্ত হন। আনন্দ ও বেদনার সহজ-সরল প্রকাশ ঘটেছে তাঁর কবিতায়। মানবতাবোধ ও নৈতিকতাকেও তিনি তাঁর কবিতার বিষয় করেছেন। তাঁর লেখা ছোটদের কবিতাসংগ্রহের নাম ‘গুঞ্জন’। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ – ‘আলো ও ছায়া’, ‘মাল্য ও নির্মাল্য’, ‘দীপ ও ধূপ’। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। ১৯৩৩ সালে তাঁর মৃত্যু হয়।

কর্ম-অনুশীলন

ক. ‘পাছে লোকে কিছু বলে’ শীর্ষক কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমার কিংবা তোমার পরিচিত লোকজনের সমস্যা নিয়ে গল্প, নাটিকা বা প্রবন্ধ রচনা করো।
খ. তোমার ভেতরকার তিনটি সমস্যা খুঁজে বের করো এবং এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার উপায় লেখো।

নমুনা প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন

১. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করা অনুচিত?
ক. সংকোচ
খ. সংশয়
গ. সংকল্প
ঘ. বাধা

২. আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান?
ক. রোগাক্রান্ত হওয়ার ভয়ে
খ. সমালোচনার ভয়ে
গ. সহযোগিতার ভয়ে
ঘ. ছোট হওয়ার ভয়ে

৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ?
ক. ভয়হীনতা
খ. পরোপকারিতা
গ. সাহসিকতা
ঘ. সংকোচহীনতা

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।

মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস-মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করে। সে ভাবে এক সময় প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবে। কিন্তু যদি সে এ কাজে সফল হতে না পারে, তাহলে লোকে তার সমালোচনা করবে। তাই সে তার পরিকল্পনা বাদ দেয়।

Printed page 95

৪. উদ্দীপকের মাসুদের মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে?
ক. ভীরুতা
খ. সংশয়
গ. হতাশা
ঘ. দুর্বলতা

৫. কামিনী রায়ের দৃষ্টিতেই মাসুদের এ উদ্যোগ সফল করা যেতে পারে—
i. দৃঢ় সংকল্পবদ্ধ হলে
ii. সকল সংশয় দূর করলে
iii. সাহসী পদক্ষেপ গ্রহণ করলে

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১.
‘আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনি পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।’

২.
‘নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ-জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।’

ক. ‘প্রশমিতে’ শব্দটির অর্থ কী?
খ. ‘সংশয়ে সংকল্প সদা টলে’– উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার যে স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.