Skip to content

Bangla Grammar and Composition chapter 28: Inflection

বিভক্তি

  • Bangla Grammar and Composition
  • Textbook pages 74-75
  • 1 source
  • 3,293 characters of context

Textbook (verbatim transcription): Inflection

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents5

Printed page 74

পরিচ্ছেদ ২৮

বিভক্তি

বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। যেমন: -এ, -তে, -য়, -য়ে, -কে, -রে, -র, -এর, -য়ের ইত্যাদি।

লোকে কি না বলে! – এই বাক্যে 'লোক' শব্দের সঙ্গে জুড়ে আছে '-এ' বিভক্তি।
সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চরাতে গেছে। – এই বাক্যে 'ছেলে' শব্দের সঙ্গে জুড়ে আছে '-কে' বিভক্তি।
বাড়ির পুকুরের পাড়ে বড়ো ভাইয়ের কলাবাগান। – এই বাক্যে 'বাড়ি', 'পুকুর' এবং 'ভাই' শব্দের সঙ্গে জুড়ে আছে '-র', '-এর' এবং '-য়ের' বিভক্তি।

বিভক্তিগুলোকে তিন ভাগে বিভক্ত করে দেখানো যায়।

ক) -এ, -তে, -য়, -য়ে বিভক্তি

সাধারণত ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে -এ, -তে, -য়, -য়ে ইত্যাদি বিভক্তির ব্যবহার হয়। কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গেও এসব বিভক্তি বসে।

যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে -এ বিভক্তি যুক্ত হয়। যেমন – সকালে, দিনাজপুরে, ই-মেইলে, কম্পিউটারে, ছাগলে, তিলে ইত্যাদি।

শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে -তে বিভক্তি হয়। যেমন – হাতিতে, রাত্রিতে, মধুতে, রামুতে ইত্যাদি।

আ-কারান্ত শব্দের শেষে -য় বিভক্তি হয়। যেমন – ঘোড়ায়, সন্ধ্যায়, ঢাকায় ইত্যাদি।

শব্দের শেষে দ্বিস্বর থাকলে -য়ে বিভক্তি হয়। যেমন – ছইয়ে, ভাইয়ে, বউয়ে।

ই-কারান্ত শব্দের শেষেও -য়ে বিভক্তি দেখা যায়। যেমন – ঝিয়ে, ঘিয়ে।

খ) -কে, -রে বিভক্তি

বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত -কে এবং -রে বিভক্তি বসে। ক্রিয়াকে 'কাকে' প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। যেমন – শিশুকে, দরিদ্রকে, আমাকে, আমারে ইত্যাদি।

গ) -র, -এর, -য়ের বিভক্তি

Printed page 75

বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে -র, -এর এবং -য়ের বিভক্তি যুক্ত হয়। সাধারণত আ-কারান্ত, ই/ঈ-কারান্ত ও উ/ঊ-কারান্ত শব্দের শেষে -র বিভক্তি বসে। যেমন – রাজার, প্রজার, হাতির, বুদ্ধিজীবীর, তনুর, বধূর।

যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে -এর বিভক্তি হয়। যেমন – বলের, শব্দের, নজরুলের, সাতাশের ইত্যাদি।

শব্দের শেষে দ্বিস্বর থাকলে -য়ের বিভক্তি হয়। যেমন – ভাইয়ের, বইয়ের, লাউয়ের, মৌয়ের ইত্যাদি।

অনুশীলনী

সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।

১. 'লোকে কিনা বলে' – বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?
ক. -এ
খ. -তে
গ. -যে
ঘ. -রে

২. সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -কে, -রে
খ. -র, -এর
গ. -এ, -তে
ঘ. -এ, -য়ের

৩. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে -এ বিভক্তির রূপভেদ হয় –
ক. -য়ে
খ. -এ
গ. -কে
ঘ. -তে

৪. আ-কারান্ত শব্দের শেষে -এ বিভক্তির রূপভেদ –
ক. -ই
খ. -রে
গ. -র
ঘ. -য়

৫. শব্দের শেষে দ্বিস্বর থাকলে -এ বিভক্তির রূপভেদ হয় –
ক. -এ
খ. -তে
গ. -য়ে
ঘ. -রে

৬. বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?
ক. -র
খ. -এ
গ. -কে
ঘ. -তে

৭. বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়?
ক. -র
খ. -এ
গ. -কে
ঘ. -তে

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.