Bangla Grammar and Composition chapter 29: Verb Inflection
ক্রিয়াবিভক্তি
- Bangla Grammar and Composition
- Textbook pages 76-78
- 1 source
- 5,603 characters of context
Textbook (verbatim transcription): Verb Inflection
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 76
পরিচ্ছেদ ২৯
ক্রিয়াবিভক্তি
ক্রিয়ার দুইটি অংশ: প্রথম অংশ ধাতু বা ক্রিয়ামূল এবং দ্বিতীয় অংশ ক্রিয়াবিভক্তি। ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয়, সেগুলোকে ক্রিয়াবিভক্তি বলে। যেমন –
পড়ছি (পড়ু + ছি) – ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে, এই ক্রিয়ার কর্তা বক্তা পক্ষের এবং এটা দিয়ে ঘটমান বর্তমান কালের পড়া ক্রিয়াকে বোঝায়।
পড়বেন (পড়ু + বেন) – ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে, এই ক্রিয়ার কর্তা শ্রোতা পক্ষের এবং এটা দিয়ে সাধারণ ভবিষ্যৎ কালের পড়া ক্রিয়াকে বোঝায়।
পড়ছিল (পড়ু + ছিল) – ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে, এই ক্রিয়ার কর্তা অন্য পক্ষের এবং এটা দিয়ে সাধারণ অতীত কালের পড়া ক্রিয়াকে বোঝায়।
উপরের উদাহরণগুলোতে ‘-ছি’, ‘-বেন’, ‘-ছিল’ – এগুলো হলো ক্রিয়াবিভক্তি।
অধিকাংশ বাংলা ক্রিয়ার দুটি রূপ আছে: সাধারণ রূপ ও প্রয়োজক রূপ। উভয় রূপের সঙ্গে যুক্ত ক্রিয়াবিভক্তির রূপ আলাদা। নিচের সারণিতে ক্রিয়ামূল ‘কর্’-এর সঙ্গে ক্রিয়াবিভক্তির প্রয়োগ দেখানো হলো:
সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়াবিভক্তি
| কাল ↓ পক্ষ → | আমি | তুমি | তুই | সে | আপনি/তিনি |
|---|---|---|---|---|---|
| সাধারণ বর্তমান | -ই (করি) | -ও (করো) | -ইস (করিস) | -এ (করে) | -এন (করেন) |
| ঘটমান বর্তমান | -ছি (করছি) | -ছ (করছ) | -ছিস (করছিস) | -ছে (করছে) | -ছেন (করছেন) |
| পুরাঘটিত বর্তমান | -এছি (করেছি) | -এছ (করেছ) | -এছিস (করেছিস) | -এছে (করেছে) | -এছেন (করেছেন) |
| অনুজ্ঞা বর্তমান | -ও (করো) | -ইস (করিস) | -উক (করুক) | -উন (করুন) | |
| সাধারণ অতীত | -লাম (করলাম) | -লে (করলে) | -লি (করলি) | -ল (করল) | -লেন (করলেন) |
| ঘটমান অতীত | -ছিলাম (করছিলাম) | -ছিলে (করছিলে) | -ছিলি (করছিলি) | -ছিল (করছিল) | -ছিলেন (করছিলেন) |
| পুরাঘটিত অতীত | -এছিলাম (করেছিলাম) | -এছিলে (করেছিলে) | -এছিলি (করেছিলি) | -এছিল (করেছিল) | -এছিলেন (করেছিলেন) |
| নিত্য অতীত | -তাম (করতাম) | -তে (করতে) | -তি (করতি) | -ত (করত) | -তেন (করতেন) |
Printed page 77
| সাধারণ ভবিষ্যৎ | -ব (করব) | -বে (করবে) | -বি (করবি) | -বে (করবে) | -বেন (করবেন) |
| অনুজ্ঞা ভবিষ্যৎ | -ও (কোরো) | -বি (করবি) | -বে (করবে) | -বেন (করবেন) | |
| অসমাপিকা | ভূত অসমাপিকা: -এ (করে); ভাবী অসমাপিকা: -তে (করতে); শর্ত অসমাপিকা: -লে (করলে) | ||||
প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়াবিভক্তি
| কাল ↓ পক্ষ → | আমি | তুমি | তুই | সে | আপনি/তিনি |
|---|---|---|---|---|---|
| সাধারণ বর্তমান | -আই (করাই) | -আও (করাও) | -আস (করাস) | -আয় (করায়) | -আন (করান) |
| ঘটমান বর্তমান | -আচ্ছি (করাচ্ছি) | -আচ্ছ (করাচ্ছ) | -আচ্ছিস (করাচ্ছিস) | -আচ্ছে (করাচ্ছে) | -আচ্ছেন (করাচ্ছেন) |
| পুরাঘটিত বর্তমান | -ইয়েছি (করিয়েছি) | -ইয়েছ (করিয়েছ) | -ইয়েছিস (করিয়েছিস) | -ইয়েছে (করিয়েছে) | -ইয়েছেন (কবিয়েছেন) |
| অনুজ্ঞা বর্তমান | -আও (করাও) | -আস (করাস) | -আক (করাক) | -আন (করান) | |
| সাধারণ অতীত | -আলাম (করালাম) | -আলে (করালে) | -আলি (করালি) | -আল (করাল) | -আলেন (করালেন) |
| ঘটমান অতীত | -আচ্ছিলাম (করাচ্ছিলাম) | -আচ্ছিলে (করাচ্ছিলে) | -আচ্ছিলি (করাচ্ছিলি) | -আচ্ছিল (করাচ্ছিল) | -আচ্ছিলেন (করাচ্ছিলেন) |
| পুরাঘটিত অতীত | -ইয়েছিলাম (করিয়েছিলাম) | -ইয়েছিলে (করিয়েছিলে) | -ইয়েছিলি (করিয়েছিলি) | -ইয়েছিল (করিয়েছিল) | -ইয়েছিলেন (করিয়েছিলেন) |
| নিত্য অতীত | -আতাম (করাতাম) | -আতে (করাতে) | -আতি (করাতি) | -আত (করাত) | -আতেন (করাতেন) |
| সাধারণ ভবিষ্যৎ | -আব (করাব) | -আবে (করাবে) | -আবি (করাবি) | -আবে (করাবে) | -আবেন (করাবেন) |
| অনুজ্ঞা ভবিষ্যৎ | -ইয়ো (করিয়ো) | -আবি (করাবি) | -আবে (করাবে) | -আবেন (করাবেন) | |
| অসমাপিকা | ভূত অসমাপিকা: -ইয়ে (করিয়ে); ভাবী অসমাপিকা: -আতে (করাতে); শর্ত অসমাপিকা: -আলে (করালে) | ||||
Printed page 78
অনুশীলনী
সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।
১. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
ক. শব্দ
খ. শব্দমূল
গ. ধাতু
ঘ. ক্রিয়াবিভক্তি
২. ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?
ক. ধ্বনি
খ. বর্ণ
গ. ধাতু
ঘ. ক্রিয়াবিভক্তি
৩. সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -ই (করি)
খ. -আই (করাই)
গ. -লে (করলে)
ঘ. -এন (করেন)
৪. প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীত কালে শ্রোতা পক্ষের মানী ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -তি (করাতি)
খ. -আলাম (করালাম)
গ. -ইয়েছি (করিয়েছি)
ঘ. -আলেন (করালেন)
৫. সাধারণ ক্রিয়ার নিত্য অতীত কালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -ব (করব)
খ. -তি (করতি)
গ. -বে (করবে)
ঘ. -এন (করেন)
৬. প্রযোজক ক্রিয়ার সাধারণত বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -আও (করাও)
খ. -আস (করাস)
গ. -আয় (করায়)
ঘ. -আই (করাই)
৭. নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তি?
ক. -আনো (করানো)
খ. -ইয়ে (করিয়ে)
গ. -আতে (করাতে)
ঘ. -আলে (করালে)
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.