Skip to content

Bangla Sahapath chapter 3: 1971 Word Meanings and Notes

১৯৭১

  • Bangla Sahapath
  • Textbook pages 57-58
  • 1 source
  • 4,758 characters of context

Textbook (verbatim transcription): 1971 Word Meanings and Notes

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 57

মেজর সাহেব চুপ করে রইলেন। রফিক তীক্ষ্ণস্বরে বলল, ‘মেজর সাহেব, আমার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন এ দেশ থেকে।’

মেজর এজাজ আহমেদ সিগারেট ধরালেন, কৈবর্তপাড়ার আগুনের দিকে তাকালেন। পশতু ভাষায় সঙ্গের জোয়ান দুটিকে কী যেন বললেন। গুলির নির্দেশ হয়তো। রফিক বুঝতে পারল না। সে পশতু জানে না।

হ্যাঁ, গুলির নির্দেশই হবে। সৈন্য দুটি বন্দুক তুলছে। রফিক অপেক্ষা করতে লাগল।
বুক পর্যন্ত পানিতে গা ডুবিয়ে লালচে আগুনের আঁচে যে-রফিক দাঁড়িয়ে আছে মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না। এ অন্য রফিক। মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল।

  • ০ -

শব্দার্থ ও টীকা

মনিহারী – কাগজ-কলম, খেলনা, কাচের চুড়ি, প্রসাধন সামগ্রী, শৌখিন জিনিস প্রভৃতি খুচরা দ্রব্য বিক্রি হয় এমন।

‘বাইরে যাওন দরকার’ – (এখানে) মূত্র-ত্যাগের জন্য ঘরের বাইরে যাওয়া।

ফসর-ফসর – ‘ফসর’ ‘পসরা’ শব্দের আঞ্চলিক রূপভেদ। আলো; কিরণ; প্রভা।

ওয়াক্ত – সময়কাল।

প্রহর – তিন ঘণ্টা ব্যাপী সময়। দিনের ২৪ ঘণ্টায় মোট আট প্রহর। ‘রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে’ – রাত রারোটা পার হয়েছে।

‘দুপুর-রাইতে’ – মধ্য রাতে।

‘মার্চটার্চ না’ – সৈন্য সাধারণত যেভাবে কুচকাওয়াচ করে চলে, সেভাবে না।

মার্চ – সৈন্যদের কুচকাওয়াচ।

মার্চটার্চ – দ্বিরুক্ত রূপবিশেষ।

তারস্বরে – অতি উচ্চ আওয়াজে।

আছুইন – ‘আছেন’ শব্দের আঞ্চলিক রূপভেদ।

পুইয়ে যায় – শেষ হয়।

উজান দেশ – বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর, বিল ও নদীবেষ্টিত বিস্তীর্ণ এলাকা ভাটি অঞ্চল নামে পরিচিত। এখানে ‘উজান দেশ’ বলতে ভাটি অঞ্চলের বাইরের এলাকা বোঝানো হয়েছে।

নায়েব – জমিদারের স্থানীয় অফিসের প্রধান।

‘যখ করে গেছেন’ – ‘যখ’ ‘যক্ষ’ শব্দের বিবর্তিত রূপ। প্রচলিত কাহিনি মোতাবেক, ধনী কৃপণ ব্যক্তিরা তাদের ধন-সম্পদ পিতলের কলসিতে ভরে মাটির নিচের কুঠুরিতে রাখত, আর সম্পদ পাহারার জন্য একটি কম-বয়সী বালককে কুঠুরিতে আটকে রাখত। বালক মরে যখ হয়ে কুঠুরির ধন-সম্পদ পাহারা দেবে বলে তারা বিশ্বাস করত। এখানে লোকপ্রচলিত সে কাহিনিরই ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিদেশি লোক – এখানে বাংলাদেশের অন্য অঞ্চলের লোক বোঝাছে। দেশের লোককে বিদেশি ভাবার মধ্য দিয়ে নীলগঞ্জ অঞ্চলের মানুষদের বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির আভাস পাওয়া যায়।

কৈবর্ত – জেলে সম্প্রদায় বিশেষ।

জলমহাল – হাওর, বিল-ঝিল, নদী-নালা, খালসহ যেকোনো জলাভূমির মাছ আহরণের এলাকাকে জলমহাল বলা হয়।

Printed page 58

দহ – জলাশয়ের গভীর অংশ।

‘জোড়া পাঠা দিমু’ – দেবীর উদ্দেশে এক জোড়া পাঠা বলি দেবে।

গণ্ডগ্রাম – ক্ষুদ্র গ্রাম।

চউক্ষের ধান্দা – চোখের ধাঁধা। দেখার ভুল।

আয়াতুল কুর্সি – কোরআনের সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। ইসলামি বিশ্বাস মোতাবেক, এ আয়াত পড়ার বিশেষ ফজিলত আছে।

দোয়া ইউনুস – কোরআনের সুরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াত। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ আয়াত পড়ার ফলে নবি ইউনুস মহাবিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। এ কারণেই আয়াতটির এরকম নামকরণ হয়েছে।

ইয়া মুকাদ্দেমু – আল্লাহর গুণবাচক নিরানব্বই নামের একটি।

রজ্জুতে সর্পভ্রম – দড়িকে সাপ ভেবে ভুল করা।

নগদ বিদায় – নগদ টাকা দিয়ে বিদায়। এখানে ‘উপরি আয়’ বোঝানো হয়েছে।

হ্যাভারস্যাক – সৈন্যদের খাদ্য বহনের জন্য ব্যবহৃত ঝোলাবিশেষ। [ইংরেজি haver sack]।

সন্ন্যাসী – গৃহত্যাগী নিরাসক্ত মানুষ।

উত্তরবন্দে – গ্রামের উত্তরপার্শ্বস্থ ফসলের মাঠে।

সুন্নত – মুসলমান পুরুষের লিঙ্গত্বক ছেদ করার রীতি। জনভাষায় ‘মুসলমানি’ নামেও পরিচিত।

শরিফ আদমি – ভদ্রলোক।

ট্রানজিস্টার – একসময় রেডিওকে এ নামে ডাকা হতো।

খেলাপ – নড়চড়; ব্যতিক্রম; ব্যত্যয়; অন্যথা।

ইস্ট-বেঙ্গল রেজিমেন্ট – পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি সৈনিক নিয়ে গঠিত রেজিমেন্ট।

কম্পানি – দেড়-দুশ সৈন্যের একটি দল।

রাজাকার – আক্ষরিক অর্থ স্বেচ্ছাসেবক। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে সহায়তার জন্য স্থানীয়দের নিয়ে এ বাহিনী গঠন করে।

গিরগিটি – টিকটিকি জাতীয় একপ্রকার সরীসৃপ।

মরতবা – গুণ; সম্মান; মর্যাদা।

নন কমিশন্ড অফিসার – পদোন্নতি পেয়ে অফিসার হয়েছে এমন।

ইনস্টিংক্ট – সহজাত প্রবৃত্তি।

রুদ্রমূর্তি – ভয়ঙ্কর মূর্তি।

‘পাসকোর্সে বিএ পাশ করেছি’ – কোনো বিশেষ বিষয়ে অনার্সসহ বিএ পাশ করেনি এমন। ইন্টারমিডিয়েট পাশের পরে দুই বছরে এ ডিগ্রি করা যেত। এখন বাংলাদেশে এটা তিন বছরের ডিগ্রি। এ ডিগ্রিধারীদের সাধারণভাবে ‘ডিগ্রিপাশ’ও বলা হয়।

কিংস্টোন ট্রয়ো – উনিশশো ষাটের দশকে জনপ্রিয় হয়ে ওঠা আমেরিকার ফোক ও পপ সঙ্গীতের দল। The Kingston Trio.

চিলেকোঠা – ছাদের ছোট ঘরবিশেষ।

প্রিভিলেজ – বিশেষ সুবিধা। privilege.

পশতু ভাষা – পাকিস্তান ও আফগানিস্তানে প্রচলিত ভাষাবিশেষ। পাঠানদের ভাষা।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.