Skip to content

Bangla Sahapath chapter 4: 1971 Multiple Choice and Creative Questions

১৯৭১

  • Bangla Sahapath
  • Textbook pages 59-61
  • 1 source
  • 6,629 characters of context

Textbook (verbatim transcription): 1971 Multiple Choice and Creative Questions

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 59

অনুশীলনী

বহুনির্বাচনি প্রশ্ন

১। 'নান্দাইল রোড' নামটি '১৯৭১' উপন্যাসে কোন ধরনের যোগাযোগের সঙ্গে সম্পর্কিত?
ক. আকাশপথ
খ. নৌ-পথ
গ. রেলপথ
ঘ. সড়কপথ

২। '১৯৭১' উপন্যাসের পুরো ঘটনা সংঘটনে কত সময় লেগেছে?
ক. একদিন ও একরাত
খ. দুইরাত ও একদিন
গ. দুইরাত ও দুইদিন
ঘ. একরাত ও দুইদিন

৩। '১৯৭১' উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে–
ক. নীলগঞ্জ গ্রামকে কেন্দ্র করে
খ. মধুবন বাজারকে ঘিরে
গ. রুয়াইল বাজারকে ঘিরে
ঘ. নীলগঞ্জ গ্রাম ও জঙ্গলা মাঠকে কেন্দ্র করে

৪। মতি মিয়ার শালার নাম কী?
ক. বিরু
খ. নিজাম
গ. বলাই
ঘ. বদিউজ্জামান

৫। নীলগঞ্জে ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের কথিত অবস্থান জানার জন্য মেজর এজাজ স্কুলের আজিজ মাস্টারকে কী প্রস্তাব দিয়েছিল?
ক. চাকুরি স্থায়ী করে দেওয়ার
খ. নীলু সেনের বাড়ি দখল করে দেওয়ার
গ. জয়নাল মিয়ার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার
ঘ. জয়নাল মিয়ার বিষয় সম্পত্তি দখল করে দেওয়ার

৬। ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা কোথায় আশ্রয় নিয়েছিল বলে পাকিস্তানি বাহিনীর ধারণা?
ক. মধুবন বাজারে
খ. কৈবর্ত পাড়ায়
গ. নীলগঞ্জের স্কুলঘরে
ঘ. জঙ্গলা মাঠে

৭। বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে জঙ্গলা মাঠের দিকে ছুটেছিলো কেন?
ক. দ্বিতীয় মিলিটারি দলটিকে দেখে ভয় পেয়ে।
খ. ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের খবর দেওয়ার জন্য।
গ. ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের খাবার দেওয়ার জন্য।
ঘ. উপন্যাসের কাহিনি থেকে ব্যাপারটা নিশ্চিত হওয়া যায় না।

৮। পাকিস্তানি মিলিটারিরা নীলগঞ্জ মসজিদের ইমাম ও স্কুলের আজিজ মাস্টারকে ধরে নিয়ে নির্যাতন করেছিল কেন?
i. জয়নাল মিয়ার মেয়েকে তুলে আনার জন্য।
ii. এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য।
iii. এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য।

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

Printed page 60

৯। হতদরিদ্র নীলগঞ্জের প্রথম ভিক্ষুক কে?
ক. চিত্রাবুড়ি
খ. নিজাম
গ. বলাই
ঘ. মনা কৈবর্ত

নিচের উদ্দীপকটি পড়ে ১০-১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

হরিমতি ও তার যুবতি মেয়ে সুমতি খান সেনাদের দেখে কাঁখ থেকে কলসি ফেলে দৌড় দেয়। আত্মরক্ষার জন্য তারা রাস্তার পাশের একটা স্কুল ঘরে আশ্রয় নেয়। ঘরে ঢুকে দম নেওয়ার আগেই তারা খান সেনাদের বুটের শব্দ শুনতে পায়। খানিকক্ষণ পর মা-মেয়ের আর্তনাদ ওঠে। পরে সব শান্ত হয়ে যায়। খান সেনারা মা-মেয়েকে হত্যা না করে রক্তাক্ত অবস্থায় ফেলে স্কুলঘর ছেড়ে চলে যায়।

১০। উদ্দীপকের হরিমতি ও সুমতি চরিত্রের সঙ্গে '১৯৭১' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো–
ক. চিত্রাবুড়ি
খ. মালা
গ. অনুফা ও পরীবানু
ঘ. সফদরউল্লাহর স্ত্রী ও মেয়ে

১১। হরিমতি ও সুমতি চরিত্রের সঙ্গে এরূপ সাদৃশ্যের কারণ–
i. তারা উভয়েই স্বাধীনতা যুদ্ধের সমসাময়িক।
ii. তারা উভয়েই পাকিস্তানি সেনাবাহিনীর পৈশাচিক নির্যাতনের শিকার।
iii. তারা উভয়েই কৃষিজীবী পরিবারের সদস্য।

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১২। অনুচ্ছেদের হরিমতি ও সুমতির সম্ভ্রমহানি '১৯৭১' উপন্যাসে উল্লেখিত ঘটনার কোন বাস্তবতাকে তুলে আনে?
ক. যুদ্ধের কৌশল
খ. যুদ্ধের ক্ষয়ক্ষতি
গ. যুদ্ধের ভয়াবহতা
ঘ. যুদ্ধের মানবিক বিপর্যয়

সৃজনশীল প্রশ্ন

১। এলাকায় ঢোকার পর খান সেনারা কলিমদ্দি দফাদারকে তাদের অভিযানের সঙ্গী করে নেয়। রোজ তিন টাকা বকশিশ এবং ইউনিয়ন বোর্ডের চাকুরি নিরাপদ করার উদ্দেশ্যে সে নিখুঁত অভিনেতার মতো খান সেনাদের প্রতিটি অভিযানে আগে আগে পথ দেখিয়ে নিয়ে যায়। এটা কলিমদ্দির বাইরের রূপ হলেও ভিতরে ভিতরে তিনি একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। গোপনে তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে সর্বদা যোগাযোগ রক্ষা করতেন। খান সেনারা নতুন কোনো জায়গায় অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিলে তিনি আগেই তা মুক্তিযোদ্ধাদের জানিয়ে দিতেন। তার এরূপ ভূমিকার কারণে মুক্তিবাহিনী খান সেনাদের একটি দলকে অতর্কিতে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দেয়। শুরুতে মানুষ ভুল বুঝলেও এ ঘটনার পর এলাকায় কলিমদ্দি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়।

ক. নীলগঞ্জ গ্রামের অবস্থান কোথায়?
খ. মেজর এজাজ আজিজ মাস্টারকে প্রথম দিকে বিশেষ খাতির করে কেন?
গ. উদ্দীপকের কলিমদ্দি দফাদার '১৯৭১' উপন্যাসে কোন চরিত্রের সঙ্গে এবং কেন সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. "প্রকৃত দেশপ্রেমিকেরা লোকচক্ষুর অন্তরালে দেশের জন্য তাদের সবটুকু উৎসর্গ করেন।"–উদ্দীপক ও '১৯৭১' উপন্যাসের প্রাসঙ্গিক ঘটনা অবলম্বনে মন্তব্যটি মূল্যায়ন করো।

Printed page 61

২। মিথ্যা চুরির অপরাধে কেরামত আলিকে ধরে নিয়ে যায় পঞ্চায়েতের লোকজন। তারা গঞ্জের হাটে প্রতিরাতের চুরির তথ্য জানতে চায় কেরামত আলির কাছ থেকে। নিরপরাধ কেরামত আলি এর কিছুই জানে না বলে কোনো তথ্যও দিতে পারে না। ফলে তাকে বেধড়ক মারধরের শিকার হতে হয়। এরূপ পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান কেরামত আলিকে চুরির দায় স্বীকার করে এলাকা ছেড়ে চলে যেতে বলে। অন্যথায় তাকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়। জীবন বিপন্ন জেনেও কেবল মান-সম্মানের কথা বিবেচনা করে কেরামত আলি মিথ্যা চুরির দায় স্বীকার করে না। ফলে তাকে করুণভাবে মৃত্যুবরণ করতে হয়।

ক. নীলগঞ্জের কার বাড়িতে ট্রানজিস্টার আছে?
খ. মেজর এজাজ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের কথিত দলটির প্রতি এতটা ক্ষুব্ধ হয়েছিলো কেন?
গ. উদ্দীপকের কেরামত আলির সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে '১৯৭১' উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? বর্ণনা করো।
ঘ. "মহৎ মানুষেরা জীবনের চেয়েও সম্মান ও ব্যক্তিত্বকে অধিক মূল্যবান মনে করে।"– উদ্দীপক ও '১৯৭১' উপন্যাস অবলম্বনে এই মন্তব্যের প্রাসঙ্গিকতা নিরূপণ করো।

বর্ণনামূলক প্রশ্ন:

১। ক) সফরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো।
খ) '১৯৭১' উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও।

২। ক) 'মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে।'– এ উক্তিটি কার? উক্তিটি করার কারণ বুঝিয়ে লেখো।
খ) রফিক ও মেজরের সম্পর্কের টানাপড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

৩। ক) আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।
খ) রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয়? তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও।

৪। ক) মীর আলিকে মেজর এজাজ কেন সালাম দিলেন? ব্যাখ্যা করো।
খ) নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ করো।

৫। ক) খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?
খ) 'নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি।' – ব্যাখ্যা করো।

৬। ক) বদিউজ্জামান কাদের ভয়ে কোথায় লুকিয়ে ছিল? তার অবস্থা সংক্ষেপে বর্ণনা করো।
খ) 'অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে।' – আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই করো।

৭। ক) অনুফা কে? সে কেন মীর আলির ওপর বিরক্ত হয়?
খ) 'অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল।' – '১৯৭১' উপন্যাস থেকে অন্তত তিনটি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.